‘ওবিসি কোটা কমিয়ে মুসলিম সংরক্ষণ! বিরোধীরা এখন অবরোধ পক্ষ’, সংবিধান দিবসে কংগ্রেসকে নিশানা মোদীর
সংবিধান দিবসে প্রকাশিত নিজের নিবন্ধে নাম না করে কংগ্রেস ও বিরোধী শিবিরকে কড়া আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিম সংরক্ষণ আনার চেষ্টা চলছে, যা সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের আদর্শের পরিপন্থী। সংসদ অচল করা নিয়ে বিরোধীদের ‘অবরোধ পক্ষ’ বলে কটাক্ষ করার পাশাপাশি চলতি বছরের এপ্রিলে মহিলা সংরক্ষণ বিল আটকে যাওয়ার জন্যও বিরোধী শিবিরকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
সংবিধান দিবসে (Constitution Day) নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বিরোধী শিবির, বিশেষত নাম না করে কংগ্রেসকে (Congress) তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওবিসি (OBC) সংরক্ষণ কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কটাক্ষ, সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর যে নীতির ঘোর বিরোধী ছিলেন, দেশের বৃহত্তম বিরোধী দল সেই অ্যাজেন্ডাই বাস্তবায়িত করতে চাইছে। পাশাপাশি, সংসদের কাজকর্ম ভণ্ডুল করা নিয়ে বিরোধীদের ‘বিরোধ পক্ষ’-এর বদলে ‘অবরোধ পক্ষ’ বলেও তোপ দেগেছেন তিনি।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে বৃহস্পতিবার এই নিবন্ধটি লেখেন প্রধানমন্ত্রী। সরাসরি কোনও দলের নাম না নিলেও তাঁর আক্রমণের নিশানা যে কংগ্রেসের দিকেই, তা স্পষ্ট। মোদী লিখেছেন, “এটা অত্যন্ত নিন্দনীয় যে প্রধান বিরোধী দল ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিম সংরক্ষণ আনতে চাইছে। আমাদের সংবিধানের রূপকাররা, বিশেষ করে ডঃ বাবাসাহেব আম্বেদকর এর সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন।”
সংসদ অচল করা নিয়েও বিরোধী শিবিরের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিরোধীরা এখন ‘বিরোধ পক্ষ’-এর চেয়ে ‘অবরোধ পক্ষ’ হয়ে উঠেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কখনওই সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
চলতি বছরের এপ্রিল মাসে লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল (মহিলা সংরক্ষণ বিল) পাশ না হওয়ার প্রসঙ্গও টেনে আনেন মোদী। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ওই বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে আটকে গিয়েছিল। উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে সংরক্ষণকে জুড়ে দেওয়ার বিরোধিতা করেছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ শশী থারুর একে ‘রাজনৈতিক নোটবন্দি’ বলে কটাক্ষও করেন। এদিন সেই প্রসঙ্গ তুলে মোদী অভিযোগ করেন, ওই একই বিরোধী দল বিলটি আটকে দিয়ে সাংবিধানিক মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে। তবে দেশের ‘নারী শক্তি’কে আশ্বস্ত করে তিনি লেখেন, “কোনও শক্তিই আমাদের ন্যায়বিচার নিশ্চিত করা থেকে আটকাতে পারবে না।”
নিবন্ধে স্বাধীনতা-পরবর্তী পাঁচ দশক ধরে দেশ শাসন করা কংগ্রেস নেতৃত্বকেও বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, এ বছর ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর এবং জরুরি অবস্থার সময় হওয়া ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্ণ হচ্ছে। মোদীর অভিযোগ, প্রথম সাধারণ নির্বাচনের ঠিক আগে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সংসদে প্রথম সংশোধনী পাশ করিয়ে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল এবং জনগণের প্রতিবাদ দমন করা হয়েছিল। আর ৪২তম সংশোধনীর মাধ্যমে বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। ক্ষমতালোভী ও সংবিধান-বিরোধী নেতৃত্ব কী করতে পারে, তা জানতে তরুণ প্রজন্মকে ৩৮তম ও ৩৯তম সংবিধান সংশোধনী পড়ে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।
এছাড়া রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে দিতে ৩৫৬ ধারার অপব্যবহারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর কটাক্ষ, একটি দল প্রায় একশো বার এই ধারা প্রয়োগ করেছে এবং এক প্রাক্তন প্রধানমন্ত্রী তো এই ক্ষেত্রে ‘হাফ-সেঞ্চুরি’ করে ফেলেছিলেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫এ ধারার কারণে সাত দশকের বেশি সময় ধরে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি ও মহিলারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
চলতি বছরে মাওবাদীদের অবসানকে অত্যন্ত ‘হৃদয়গ্রাহী’ বলে উল্লেখ করে মোদী জানান, এর ফলে আদিবাসী নাগরিকরা এখন নির্ভয়ে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছেন। তবে একইসঙ্গে ‘দিমাগি নকশাল’ বা শহুরে নকশালদের নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি লিখেছেন, এরা সময়ের বাস্তবতা থেকে বহু দূরে থেকেও দেশের উন্নয়নের গতিপথ রুদ্ধ করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিজের সাধারণ পরিবারে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী লেখেন, সংবিধান আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এবং জন্মের পরিস্থিতি আর কারও ভবিষ্যতের সীমানা নির্ধারণ করে দেয় না। রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকর ও গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, এক দশক আগে তাঁর সরকারই ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সূচনা করেছিল। সবশেষে বিশ্বব্যাংকের রিপোর্টের উল্লেখ করে প্রায় ৫০ কোটি মানুষের দারিদ্র্যসীমার ওপরে উঠে আসার কথা উল্লেখ করেন মোদী এবং এর নেপথ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারতের মতো এনডিএ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0