'খারাপ সময় ত্রাণ ও প্রযুক্তিগত সাহায্য', ভারতকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ-র
ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালে হাজার ছাড়াল মৃতের সংখ্যা। সময়মতো উদ্ধারকাজ ও প্রযুক্তিগত সহায়তার জন্য ভারত ও চিনকে বিশেষ ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ।
ভয়াবহ বন্যা ও ধসের ধাক্কায় বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণকাজে সময়মতো সহযোগিতার জন্য ভারত ও চিনকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে দেন, এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের সময় আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখ্যান করার প্রশ্নই ওঠে না।
বালেন জানান, বিপর্যয়ের শুরু থেকেই দুই প্রতিবেশী দেশ পরিস্থিতি খতিয়ে দেখতে টেকনিক্যাল সাপোর্ট পাঠিয়েছিল। ক্ষয়ক্ষতির মাত্রা বোঝার জন্য মাটির পাশাপাশি আকাশপথেও নজরদারি চালানো হয়। দুর্গম এলাকায় পৌঁছনোর সুযোগ রয়েছে কি না, উদ্ধারকাজ কী ভাবে চালানো সম্ভব, সেই বিষয়গুলিও পর্যালোচনা করা হয়।
ভারতীয় প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই দুর্গম এলাকাগুলিতে পৌঁছতে সক্ষম হন। বিপর্যয়ের ভয়াবহতা বোঝাতে গিয়ে বালেন জানান, বহু জায়গায় এত বেশি কাদা ও পলি জমেছিল যে উদ্ধারকারী যন্ত্র নামানোই কঠিন হয়ে পড়ে। এমনকি নেপালের সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। সেখানে যান্ত্রিক ক্ষেত্রে সাহায্য ছাড়া কিছু করাই যেত না।
বালেনের কথায়, এটি ছিল একেবারেই অনভিপ্রেত একটা পরিস্থিতি। ফলে উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নেপালের কাছে। এই পরিস্থিতিতে বিদেশি সহায়তা নেওয়া নিয়ে কোনও দ্বিধা ছিল না বলেই সংসদে জানান তিনি।
নেপালের বিপর্যয়ের পর ভারত দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার প্রস্তুতি নেয়। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি বিপর্যস্ত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। চিনও প্রযুক্তিগত ও উদ্ধার সংক্রান্ত সহায়তায় এগিয়ে আসে।
এদিকে ভয়াবহ বন্যা, আকস্মিক জলস্রোত এবং ধসে নেপালের একাধিক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। ফলে উদ্ধারকাজের পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ।
সংসদে বালেনের বক্তব্যে স্পষ্ট, এই বিপর্যয়ের পর প্রতিবেশী দেশগুলির সহযোগিতাকে নেপাল গুরুত্ব দিয়েই দেখছে। বিশেষ করে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাঁর বক্তব্যে সেই বিষয়টিই উঠে এসেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)