গ্যাস সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, গ্রাম-শহর নির্বিশেষে ২৫ দিন অন্তর রান্নার গ্যাস নেওয়া যাবে

রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড় শিথিলতা আনল কেন্দ্র। গ্রাম ও শহর উভয় এলাকার গৃহস্থালি গ্রাহকরা এখন থেকে ২৫ দিন অন্তর নতুন এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন।

Sep 07, 2026 - 19:22
0 0
গ্যাস সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, গ্রাম-শহর নির্বিশেষে ২৫ দিন অন্তর রান্নার গ্যাস নেওয়া যাবে

রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এত দিন গ্রামীণ এলাকায় একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ৪৫ দিনের ব্যবধান রাখা হয়েছিল। সেই নিয়ম বদলে এবার শহর ও গ্রাম—দুই ক্ষেত্রেই ২৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুক করা যাবে। সোমবার এই পরিবর্তনের কথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তেল বিপণন সংস্থাগুলিকে অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরবরাহ পরিস্থিতির উন্নতি, কমল বিধিনিষেধ

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে দেশে রান্নার গ্যাসের সরবরাহে চাপ তৈরি হয়েছিল। সেই সময় সরবরাহ সামলাতে বুকিংয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। গ্রামীণ এলাকায় ৪৫ দিনের ব্যবধান নির্ধারণ করা হয়েছিল।ট

তবে বর্তমানে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। একই সঙ্গে আগের তুলনায় সিলিন্ডার পাওয়ার অপেক্ষায় থাকা গ্রাহকদের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে এখন থেকে কোনও গ্রাহক শহর বা গ্রামের বাসিন্দা কি না, তার ভিত্তিতে আলাদা নিয়ম থাকছে না। সমস্ত গৃহস্থালির গ্রাহকই ২৫ দিন অন্তর সিলিন্ডার বুক করতে পারবেন।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে এই পরিবর্তন কার্যকর করার নির্দেশ দিয়েছে।

কমছে এলপিজির বিক্রি, বাড়ছে পাইপের গ্যাসের ব্যবহার

এদিকে দেশে রান্নার গ্যাসের মোট বিক্রির পরিমাণও কিছুটা কমেছে। অগস্টে এলপিজি বিক্রি ১৬.১ শতাংশ কমে নেমেছে ২৪.২ লক্ষ টনে। জুলাইয়েও বিক্রি কমেছিল ১৭.৪ শতাংশ। শিল্পমহলের একাংশের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের পর কিছু গ্রাহক পাইপের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যাচ্ছে।

জুনে বিধিনিষেধ প্রত্যাহারের পর এলপিজি বিক্রি মাসের হিসাবে ৮.৬ শতাংশ বেড়ে ২১.৮ লক্ষ টনে পৌঁছেছিল। যদিও আগের বছরের তুলনায় তা কম ছিল। অগস্টের বিক্রি ২০২৪ সালের একই মাসের ২৭.৭ লক্ষ টনের তুলনায় ১২.৬ শতাংশ কম। ২০২৩ সালের অগস্টের ২৪.৩ লক্ষ টনের তুলনায়ও তা ০.৩ শতাংশ কম।

অন্যদিকে বাণিজ্যিক এলপিজির দামও বেড়েছে। হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ২৭৪৭ টাকা ৫০ পয়সা। আগে দাম ছিল ২৭৩৮ টাকা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User