'চারটে কাপড়, তিনটে থালা, সংসারও নয়, সরঞ্জাম', দুধের দাম মেটাবে কে? প্রশ্ন তুললেন শ্রীজাত
পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক প্রৌঢ়ার স্টোভে বাচ্চার দুধ গরম করার দৃশ্য দেখে ক্ষিপ্ত হন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যার ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। এরপরেই 'দুধের দাম' নামে একটি নতুন কবিতা পোস্ট করেছেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযানে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মেজাজ হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সমাজমাধ্যমের পাতায় কলম ধরলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। পার্ক স্ট্রিটে ফুটপাতবাসীর প্রৌঢ়ার স্টোভে দুধ গরম করার দৃশ্য এবং মন্ত্রীর পদক্ষেপ ঘিরে যখন রাজ্য রাজনীতি ও সংস্কৃতি মহলে বিতর্ক দানা বেঁধেছে, ঠিক সেই আবহেই 'দুধের দাম' শিরোনামে একটি নতুন কবিতা পোস্ট করলেন কবি।
শ্রীজাতর কবিতা
শ্রীজাতর নতুন কবিতায় উঠে এসেছে দুধের দাম মেটানোর প্রশ্ন। ফেসবুকের দেওয়ালে পোস্ট করা সেই কবিতায় কবি লিখেছেন, "চারটে কাপড়, তিনটে থালা। সংসারও নয়। সরঞ্জাম। দোষের মধ্যে পেটের জ্বালা। রোজ জোটে না দুধের দাম..." কবিতার শেষাংশে সমাজের বঞ্চনা ও প্রশ্নচিহ্ন তুলে কবি লিখেছেন, "ফুটপাথে মানচিত্র আঁকি ভারত আমার মায়ের নাম। এখন অনেক হিসেব বাকি... কে মেটাবে দুধের দাম?"
শনিবার ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে দৃশ্যত মেজাজ হারাতে দেখা যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। পার্ক স্ট্রিটে সদলবলে পরিদর্শনে গিয়ে এক প্রৌঢ়াকে স্টোভে দুধ গরম করতে দেখেন তিনি। পাশেই একটি শিশু হামাগুড়ি দিচ্ছিল। মন্ত্রী প্রৌঢ়াকে প্রশ্ন করেন, এখানে কী চলছে? উত্তরে প্রৌঢ়া জানান, বাচ্চার জন্য দুধ গরম করছেন তিনি।
এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী। প্রৌঢ়ার সঙ্গে থাকা দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্র ফেলে দিতেও দেখা যায় তাঁকে। মন্ত্রী প্রশ্ন তোলেন, ফুটপাতে সংসার পাতার অধিকার কে দিয়েছে? পুরো ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয় নানা মহলে বিতর্ক। মন্ত্রীর বক্তব্য ছিল, সাধারণ মানুষের নিরাপদে হাঁটাচলার জন্য ফুটপাত তৈরি। এইভাবে জবরদখল চলতে থাকলে কলকাতার ফুটপাতগুলো দখল হয়ে যাবে।
উল্লেখ্য, বিগত দিনে আইনি জটিলতা এবং পুরনো একটি কবিতাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছিলেন কবি শ্রীজাত। কৃষ্ণনগর আদালতে হাজিরা দেওয়ার মতো ঘটনাও অতীতে খবরের শিরোনামে উঠে এসেছিল। তবে বর্তমান পার্ক স্ট্রিটের এই ঘটনাকে কেন্দ্র করে কবির এই নতুন সৃষ্টি ফের একবার বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের নজর কেড়েছে এবং সমাজমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে জোরালো চর্চা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)