‘জিহাদি’ বলেছিলেন ট্রাম্প! মিশিগানে ইতিহাস গড়ে আমেরিকার প্রথম মুসলিম সেনেটর সেই আবদুল
জীবনযাত্রার খরচ বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের নীতি এবং যুদ্ধের আবহের কারণে রিপাবলিকান প্রচারকে ছাপিয়ে ডেমোক্র্যাটদের জয় সুনিশ্চিত হয়। মিশিগানের পাশাপাশি কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনার মতো ঐতিহ্যবাহী লাল রাজ্যগুলিতেও ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধিতে মার্কিন সেনেট ও প্রতিনিধি সভায় নিজেদের অবস্থান আরও মজবুত করল নীল শিবির।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Elections) রিপাবলিকান পার্টি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বড়সড় ধাক্কা দিয়ে ইতিহাস গড়ে মার্কিন সেনেটের প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশিগান আসনে ট্রাম্প সমর্থিত কট্টর প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন এফবিআই (FBI) এজেন্ট মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী এই প্রগতিশীল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
মিশিগানে ট্রাম্পের বিতর্কিত অনুপ্রবেশবিরোধী অভিযানের (ICE Crackdown) কড়া প্রভাব পড়েছিল ভোটারদের ওপর। সেই ক্ষোভের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অনটনের বিষয়গুলিকে প্রচারের মূল হাতিয়ার করেছিলেন মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান আব্দুল এল-সায়েদ।
নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরেই সামাজিক মাধ্যম এক্স (X)-এ রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে এল-সায়েদ লেখেন, "মিশিগান, যা অসম্ভব বলা হচ্ছিল আমরা সেটাই করে দেখিয়েছি। আমরা একসঙ্গে জয়ী হয়েছি, এবার আসল কাজ শুরু।"
অন্যদিকে, প্রচার চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ও মাইক রজার্স যৌথভাবে এল-সায়েদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় আক্রমণ শানিয়েছিলেন। তাঁকে চরমপন্থী হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি ইজরায়েল-গাজা ইস্যুতে তাঁর অবস্থানের বিরোধিতা করে ইহুদি ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছিলেন রজার্স।
কিন্তু জীবনযাত্রার খরচ বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের নীতি এবং যুদ্ধের আবহের কারণে রিপাবলিকান প্রচারকে ছাপিয়ে ডেমোক্র্যাটদের জয় সুনিশ্চিত হয়। মিশিগানের পাশাপাশি কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনার মতো ঐতিহ্যবাহী লাল রাজ্যগুলিতেও ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধিতে মার্কিন সেনেট ও প্রতিনিধি সভায় নিজেদের অবস্থান আরও মজবুত করল নীল শিবির।
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন সেনেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বড় জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা (Democrats)। রক্ষণশীলদের একাধিক দুর্গ ভেঙে অন্তত ছ'টি রিপাবলিকান (Republican) রাজ্য নিজেদের দখলে নিয়েছে তারা।
নির্বাচনী এই ফলাফলের পর উচ্ছ্বাস প্রকাশ করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আজ রাতে মার্কিন জনতা এক স্পষ্ট বার্তা দিয়েছে। তাঁরা এমন এক রাজনীতি চান যা বিভাজনের বদলে মানুষকে একত্রিত করে এবং বাস্তবসম্মত সমাধান দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা যেভাবে সামনে এগিয়ে এসেছেন, তাতেই এই সাফল্য সম্ভব হয়েছে।’’
এই ‘ব্লু ওয়েভ’ নিঃসন্দেহে ট্রাম্প প্রশাসন ও তাঁর নীতিগুলির প্রতি মানুষের অসন্তোষেরই স্পষ্ট বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0