ডিজেলের দাম বাড়তে পারত ৫০ টাকা! ভর্তুকি ও লোকসানের বোঝা নিজের কাঁধে নিয়েছে সরকার, দাবি মোদীর
আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ৭০ থেকে ১২২ ডলারে উঠলেও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতি লিটারে ৪৩ টাকার বোঝা সরকার বহন করেছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের কাঁধে অতিরিক্ত বোঝাপড়া চাপায়নি কেন্দ্র। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্ক কষে এই হিসেব স্পষ্ট করে দেন। আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে তিনি জানান, পরিস্থিতির চাপে চাইলে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া যেত। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সরকার সেই পথে হাঁটেননি।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বা ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলার থেকে লাফিয়ে ১২২ ডলারে গিয়ে পৌঁছেছিল। এর জেরে প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলেও ভারতে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, সরকার ডিজেলের দাম লিটারপ্রতি মাত্র সাত টাকা বাড়িয়েছে এবং বাকি প্রায় ৪৩ টাকার বোঝা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এর জেরে কেন্দ্রীয় সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এদিনের সম্মেলনে ডিজেলের পাশাপাশি সারের জোগান এবং দেশের কৃষিক্ষেত্রে অগ্রগতির প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের মাঝেও বিশ্ববাজারে যে ৫০ কেজি ডিএপি (DAP) সারের দাম প্রায় ৫,০০০ টাকা, ভারতীয় কৃষকদের সেটাই মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে। গত ১২ বছরে কৃষকদের সুলভ মূল্যে সার সরবরাহ করতে সরকারের মোট ১৬ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে।
পাশাপাশি দেশের অর্থনৈতিক ও কৃষি খাতের সাফল্যের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর এই প্রথম গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0