১২ দলের আইপিএল এখনই নয়, জানুয়ারিতে টুর্নামেন্ট শুরুর জল্পনাতেও জল ঢালল বিসিসিআই
আইপিএল এখনই ১২ দলের হচ্ছে না। জল্পনায় জল ঢেলে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। খারিজ জুহি চাওলার প্রস্তাবিত জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের জল্পনাও।
বিশ্ব ক্রিকেট বাজারে আইপিএলের (Indian Premier League) বিপুল চাহিদা। তা সত্ত্বেও এখনই ১০ দলের টুর্নামেন্ট বাড়িয়ে ১২ দলের করার কোনও পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)।
শুধু তাই নয়, কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলার প্রস্তাবিত জানুয়ারির উইন্ডো নিয়ে মুখ খুলতেও নারাজ বোর্ড কর্তারা। তাঁদের চোখে আপাতত একমাত্র লক্ষ্য ২০২৭ সালের মার্চে আইপিএলের ২০তম সংস্করণের সফল আয়োজন।
১২ দলের জল্পনা স্রেফ রটনা
বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ১২ দলের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, '২০২৮ সালে আইপিএল ১২ দলের হবে কি না, তা নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক—কোনও স্তরেই আলোচনা হয়নি। আপাতত এই বিষয়টি আমাদের আওতার বাইরে।' বাজারে ছড়ানো খবরকে 'উর্বর মস্তিষ্কের জল্পনা' বলে তীব্র কটাক্ষ করেন তিনি। জানান, সংবাদমাধ্যমে ছড়ানো এই ধরনের খবরের কোনও ভিত্তি বা পবিত্রতা নেই।
পার্স বাড়ানোর সিদ্ধান্তও স্থগিত
আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের (IPL 2027) মিনি নিলাম। মেগা নিলামের আগে দলের পার্স ১২৫ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা নিয়ে জল্পনা চলছিল। তাতেও জল ঢেলেছেন দেবজিৎ। তিনি বলেন, 'বেতন বা পার্স বাড়ানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছর মেগা নিলাম হবে। ডিসেম্বরের নিলামটি চলতি সাইকেলের শেষ বছরের। এরপর আমরা আগামী দিনের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'
জানুয়ারির উইন্ডো প্রস্তাবেও সায় নেই
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অন্যতম কর্ণধার তথা বলিউড তারকা জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় অভিনব প্রস্তাব দেন। তাঁর বক্তব্য, এপ্রিল-মে মাসের কাঠফাটা গরমের বদলে টুর্নামেন্ট জানুয়ারিতে আয়োজিত হওয়া উচিত।
যদিও এই প্রস্তাব নিয়েও কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন বোর্ড সচিব। তাঁর সাফ জবাব, 'আমরা শুধু ২০২৭ সালের আইপিএল নিয়ে ভাবছি। মার্চ মাসে ওই টুর্নামেন্ট শুরু হবে। এর বাইরে আপাতত আর কিছুই ভাবার নেই।' অর্থাৎ, খোলনলচে বদলের প্রস্তাব আপাতত বিশ বাঁও জলে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0