তদন্ত এড়াইনি, ২০ তারিখ যাব গিরিশ পার্ক থানার তলবে, ভবানীপুর থানা থেকে বেরিয়ে জানালেন অভিষেক
তদন্তের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কখনও বুলডোজার, কখনও পুলিশ কেস এবং মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব হোক বা থানা-পুলিশের নোটিশ, তিনি যে একচুলও পিছু হঠছেন না, তা আরও একবার পরিষ্কার করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভবানীপুর থানা থেকে বেরিয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও তদন্ত এড়াননি। আগামী ২০ তারিখ গিরিশ পার্ক থানার তলবেও তিনি হাজিরা দেবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, নারদা কাণ্ডে কোটি কোটি টাকা নিয়েও যেখানে শুভেন্দু কখনও থানায় হাজিরা দেননি, সেখানে রাজনৈতিকভাবে পেরে না উঠে তাঁকে বারবার হেনস্তা করা হচ্ছে।
‘তদন্ত এড়াইনি, ২০ তারিখ গিরিশ পার্ক থানায় যাব’
ভবানীপুর থানা থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দ্ব্যর্থহীন ভাষায় জানান, আইন ও তদন্তের প্রতি তাঁর সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। পুলিশ বা তদন্তকারী সংস্থা যখনই তাঁকে ডেকেছে, তিনি সবসময় সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাঁর সাফ কথা, রাজনৈতিকভাবে লড়তে না পেরে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও চাপ সৃষ্টি করা হচ্ছে। আগামী ২০ তারিখ গিরিশ পার্ক থানার তলবেও যে তিনি যথারীতি হাজিরা দেবেন, তা এদিন স্পষ্ট করে দেন অভিষেক।
শুভেন্দুকে কড়া আক্রমণ: “নারদায় টাকা নিয়েও হাজিরা দেয়নি”
তদন্তের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কখনও বুলডোজার, কখনও পুলিশ কেস এবং মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে। শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, “গত ৫ বছরে কেউ শুভেন্দু অধিকারীকে নাক-কান কাটা নির্লজ্জের মতো নারদায় টাকা নেওয়ার পরও একবার থানায় হাজিরা দিতে বা সিবিআইয়ের কাছে হাজিরা দিতে দেখেনি। কিন্তু আমাকে গত ৬ মাসে, রাজ্য সরকার বদলের পর ইডি, সিবিআইয়ের কাছে একাধিকবার যেতে দেখেছে।” নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমি কোনও তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে ভবিষ্যতেও যদি ডাকে, আমি যাব। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি সহযোগিতা করব।”
বুলডোজার নীতি ও গরিবের রুজিরোজগার রক্ষায় আর্জি
অভিষেকের বাড়ির সামনে বুলডোজার চালানো প্রসঙ্গে অভিষেক জানান, সরকারি সম্পত্তি বা পুলিশ ক্যাম্প ভাঙা নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু এই অভিযানের জেরে যেন সাধারণ মানুষের পেটের ভাত না মারা যায়। ফুটপাথে যারা ঠাকুর বানান বা শিল্পের কাজের সঙ্গে যুক্ত, তাঁদের রক্ষা করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
প্রশাসনের প্রতি তাঁর কড়া বার্তা, “গরিব মানুষের পেটে যেন আঘাত না পড়ে। যারা এখানে ফুটপাথ জুড়ে কাজ করছে, তাদেরকে দয়া করে তুলবেন না। আপনার বুলডোজার চালাতে হলে আমার বাড়ির উপর চালান। আপনাকে প্রতিশোধ নিতে হবে আমার উপর, কারণ আপনি রাজনৈতিকভাবে লড়তে পারছেন না।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0