তাপসীর মন্তব্যে চটলেন কঙ্গনা, বাবা-মাকে টেনে আনার অভিযোগ; মুছে দিলেন পোস্ট
তাপসীর দাবি, তাঁদের দু’জনের কথাবার্তা এবং বিষয়গুলিকে দেখার ধরন তাঁদের পারিবারিক শিক্ষা ও ব্যক্তিত্বের প্রতিফলন। কে কোথা থেকে এসেছেন, তা তাঁদের বক্তব্য শুনলেই মানুষ বিচার করতে পারবেন বলেও ইঙ্গিত দেন তিনি।
বলিউডের দুই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাপসী পান্নুর পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। তাপসীর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা। যদিও পরে সেই পোস্ট মুছে দেন তিনি। এর পরেই নাম না করে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় বার্তা দেন তাপসী। ফলে দুই অভিনেত্রীর বহু পুরনো বিবাদ ফের চর্চার কেন্দ্রে।
সম্প্রতি তাপসীকে তাঁর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনও ব্যক্তিগতভাবে দেখা হয়নি। এমনকি যে সময় তাঁদের নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, তখনও তাঁদের সাক্ষাৎ হয়নি। তাপসীর দাবি, তাঁদের দু’জনের কথাবার্তা এবং বিষয়গুলিকে দেখার ধরন তাঁদের পারিবারিক শিক্ষা ও ব্যক্তিত্বের প্রতিফলন। কে কোথা থেকে এসেছেন, তা তাঁদের বক্তব্য শুনলেই মানুষ বিচার করতে পারবেন বলেও ইঙ্গিত দেন তিনি।
এই মন্তব্যই সম্ভবত কঙ্গনার ক্ষোভের কারণ। শনিবার সোশ্যাল মিডিয়ায় তাপসীর নাম না করে কঙ্গনা তাঁকে ‘সস্তি কপি’ বলে আক্রমণ করেন। পাশাপাশি অভিনেত্রীর আসন্ন ছবিকে কটাক্ষ করে নিজের জনপ্রিয়তাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে শিরোনাম পাওয়ার অভিযোগও তোলেন। কঙ্গনার দাবি, তাপসী তাঁর পরিবার ও বাবা-মায়ের প্রতিও অসম্মানজনক মন্তব্য করেছেন। তিনি লেখেন, বাবা-মাকে কোনও বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয় এবং প্রত্যেক অভিভাবকই তাঁদের সন্তানদের জন্য যথাসাধ্য চেষ্টা করেন।
এরপর নিজের পরিবার ও পারিবারিক পরিচয় নিয়েও দীর্ঘ বক্তব্য রাখেন কঙ্গনা। তাঁর অভিযোগ, তাঁর ব্যক্তিগত পছন্দ এবং নিজের জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন তাঁর বাবা-মাকে আক্রমণ করা হবে, সেটাই তাঁর প্রশ্ন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ইনস্টাগ্রাম স্টোরিগুলি মুছে দেন অভিনেত্রী।
কঙ্গনার পোস্ট মুছে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্ট করেন তাপসী। কাউকে সরাসরি উল্লেখ না করে তিনি লেখেন, ‘Hence proved’। এই সংক্ষিপ্ত বার্তাকেই কঙ্গনার মন্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছেন অনেকে। যদিও তাপসী তাঁর পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি।
কঙ্গনা ও তাপসীর এই বিবাদের সূত্রপাত অবশ্য বেশ কয়েক বছর আগে। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সোশ্যাল মিডিয়ায় তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বলে কটাক্ষ করেছিলেন। পরবর্তী সময়ে বিতর্ক আরও তীব্র হয়। ২০২০ সালে বলিউডে স্বজনপোষণ ও ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে বিতর্কের মধ্যেও তাপসী-সহ কয়েক জন অভিনেত্রীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী এবং ‘নিডি আউটসাইডার’ বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তারপর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।
এদিকে কাজের দিক থেকে তাপসীর হাতে রয়েছে নতুন ছবি ‘গান্ধারী’। দেবাশিস মাখিজা পরিচালিত এবং কণিকা ধিলোঁর লেখা এই ছবির গল্প এক মাকে কেন্দ্র করে। দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর পর সন্তানকে ফিরে পাওয়ার জন্য কঠিন লড়াইয়ে নামেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ফলে নতুন ছবি মুক্তির আগে কঙ্গনা-তাপসীর পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই বাড়ছে চর্চা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)