‘তোমার সঙ্গে অ্যাডজাস্ট করা অসম্ভব’, আলো নিভতেই সৃজলার ‘বন্ধু’ শনকে নিয়ে বিস্ফোরক জীতু!
জীতুর কথায়, সৃজলাকে সামলানোর জন্য একজন পরিণত মনের মানুষের প্রয়োজন। কারণ, দু'জনের মধ্যে প্রতিদিনই মতের অমিল হতে পারে। সৃজলা চাইলে দু'বছর এই সম্পর্ককে আরও একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা একদিন সামনে আসবেই।
বিগ বস বাংলার ঘরে শেষ মনোনয়ন পর্ব ঘিরে মঙ্গলবার ছিল টানটান উত্তেজনা। তবে মনোনয়নের অঙ্ক ছাপিয়ে এখন চর্চায় অন্য একটি ঘটনা। রাতের অন্ধকারে আলো নিভতেই সৃজলা গুহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেল জীতু কমলকে। কথার ছলে বারবার উঠে এলেন সৃজলার জীবনের আর এক পুরুষ। তিনি শন বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় সৃজলা ও শনের সম্পর্কের কথা অনেকেরই জানা। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী। কিন্তু বিগ বসের ঘরে জীতুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং দু’জনের কথোপকথন নতুন করে কৌতূহল তৈরি করেছে।
সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা আগেই স্পষ্ট করেছেন জীতু। অভিনেত্রীর কাছ থেকে তেমন সাড়া না পেলেও তাঁদের ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি দর্শকদের। কখনও সৃজলার হাত ধরে থাকা, কখনও তাঁর মাথায় হাত বুলিয়ে দেওয়া, আবার কখনও জীতুর চশমা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দেওয়া—গত কয়েক দিনে তাঁদের এমন নানা মুহূর্ত নজর কেড়েছে। ফলে দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে জল্পনাও বেড়েছে।
মঙ্গলবার রাতে সেই সমীকরণ নিয়েই সৃজলার সঙ্গে কথা বলতে শোনা যায় জীতুকে। কথোপকথনের শুরুতেই জীতুর প্রশ্ন, সৃজলা কি শেষ পর্যন্ত তাঁর জীবনে থাকা সেই মানুষটির সঙ্গেই থাকবেন? উত্তরে সৃজলা জানান, সেটাই হয়তো বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে। এরপরই জীতুর দাবি, সৃজলা স্বাধীনচেতা মানুষ। তাই অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে বেশিদিন সংসার করা তাঁর পক্ষে কঠিন হতে পারে। দু-তিনশো শতাংশ নিশ্চিত হয়েই নাকি এমন কথা বলছেন তিনি।
এখানেই থামেননি জীতু। সৃজলাকে জীবনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়ে তাঁর বক্তব্য, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সৃজলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এমনকী সৃজলার সঙ্গে তাঁর নিজের আবেগের তুলনা টেনেও কথা বলেন অভিনেতা। জানান, সৃজলার প্রতি তাঁর টান অনেক বেশি। অন্যদিকে, সৃজলার জীবনে থাকা মানুষটির আচরণ বা প্রতিক্রিয়া দেখে তিনি তেমন আবেগের প্রকাশ বুঝতে পারেননি। যদিও কারও নামে খারাপ কথা বলতে চান না বলেও স্পষ্ট করেন জীতু।
জীতুর কথায়, সৃজলাকে সামলানোর জন্য একজন পরিণত মনের মানুষের প্রয়োজন। কারণ, দু'জনের মধ্যে প্রতিদিনই মতের অমিল হতে পারে। সৃজলা চাইলে দু'বছর এই সম্পর্ককে আরও একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা একদিন সামনে আসবেই। এমনই ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে, বেশিরভাগ সময়ই চুপ থেকে ছোট ছোট কথায় জবাব দিতে দেখা যায় সৃজলাকে। জীতুর বক্তব্যের মাঝেই তাঁর প্রশ্ন, “চান্স নেওয়াটা কি ভুল?” আবার জীতুর কিছু মন্তব্যের উত্তরে বলেন, এমনটা হবে না।
কথোপকথনের শেষদিকে জীতু কিছুটা অভিমানের সুরেই জানান, সৃজলা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন। তিনি নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন। তবে বিগ বসের ঘরে আর মাত্র বারো দিন বাকি বলেই হয়তো এত তাড়াহুড়ো করছেন বলেও স্বীকার করেন অভিনেতা।
সব মিলিয়ে, শেষ মনোনয়ন পর্বের রাতেও বিগ বসের ঘরে আলোচনার কেন্দ্রে সৃজলা-জীতুর সম্পর্ক। শনের প্রসঙ্গ তুলে জীতুর এই মন্তব্য কি নিছক অভিমান, নাকি সৃজলার প্রতি তাঁর অনুভূতিরই বহিঃপ্রকাশ? উত্তর আপাতত অজানা। তবে এই কথোপকথন যে দর্শকদের মধ্যে নতুন করে চর্চা শুরু করে দিয়েছে, তা বলাই যায়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0