'নির্ভয়ে দায়িত্ব পালন করুন, জবাবদিহির দায়িত্ব আমার', পেলেট গান বিতর্কের মাঝে বড় বার্তা CRPF প্রধানের

নিট আন্দোলন সামলাতে আরএএফ (RAF)-এর পেলেট গান ব্যবহার ঘিরে দেশজুড়ে বিতর্ক! এবার জওয়ানদের পাশে দাঁড়িয়ে সমস্ত আইনি ও প্রশাসনিক জবাবদিহির দায় নিজের কাঁধে নিলেন সিআরপিএফ ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং।

Jul 30, 2026 - 16:56
0 0
'নির্ভয়ে দায়িত্ব পালন করুন, জবাবদিহির দায়িত্ব আমার', পেলেট গান বিতর্কের মাঝে বড় বার্তা CRPF প্রধানের

নিট প্রশ্নফাঁস আন্দোলন ঘিরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর পদক্ষেপ নিয়ে বিতর্কের আবহেই বাহিনীর সদস্যদের পাশে দাঁড়ালেন সিআরপিএফ (CRPF)-এর ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং (Gyanendra Pratap Singh)। দায়িত্ব পালনের সময় জওয়ানরা যে সিদ্ধান্তই নিন না কেন, তার দায় এবং জবাবদিহির দায়িত্ব তিনি নিজে কাঁধে নেবেন বলে স্পষ্ট বার্তা দিলেন।

সিআরপিএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেন, 'অপারেশনাল ব্যাটেলিয়ন হোক বা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ইউনিট, কর্তব্য পালনের সময় নেওয়া প্রতিটি সদুদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের দায়ভার গ্রহণ করব।' তাই কোনও রকম দ্বিধা বা ভয় না রেখে জওয়ানদের দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। জবাবদিহির প্রয়োজন হলে সেই দায়িত্ব ডিরেক্টর জেনারেল হিসেবেই নেবেন বলে জানিয়ে দেন।

কয়েক দিন আগেই রাজধানীতে নিটের প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্র আন্দোল হয়। 'সংসদ চলো অভিযানে' তাঁদের বাধা দিলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একাংশ। আরএএফের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেলেট গান ব্যবহারের অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও সামনে আসে। এনিয়ে মাঠে নামেন বিরোধীরা। রাহুল গান্ধী-প্রিয়ঙ্কা গান্ধীরা একে বর্বরোচিত আচরণ বলে সংসদেও প্রশ্ন তোলেন। 

এরপর এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সিআরপিএফ প্রধান জানিয়েছিলেন, ওই ঘটনার পর বাহিনীর নিয়মিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) অনুযায়ী একটি পেশাদার মূল্যায়ন বা 'পোস্ট-ইভেন্ট অ্যাসেসমেন্ট' করা হবে। বড় ধরনের প্রতিটি অভিযানের পরই এই ধরনের মূল্যায়ন বাহিনীর নিয়মিত প্রক্রিয়ার অংশ।

আরএএফ সিআরপিএফের বিশেষ ইউনিট, যাদের মূল দায়িত্ব দাঙ্গা নিয়ন্ত্রণ, উত্তেজিত জনতা সামলানো এবং অশান্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা। দেশের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এই বাহিনী কাজ করে থাকে।

সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে উত্তর-পূর্বে জঙ্গি মোকাবিলা এবং মধ্য ভারতের মাওবাদী অধ্যুষিত এলাকায় অভিযানে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিআরপিএফ। বাহিনীর কোবরা (CoBRA) কমান্ডোরাও জঙ্গল ও গেরিলা অভিযানে বিশেষ দক্ষ। ২০২৪ সালের নভেম্বরে মণিপুরের জিরিবামে কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করেছিল দেশের সিআরপিএফরা।

বাহিনীর দাবি, বহু ক্ষেত্রেই অত্যন্ত জটিল ও স্পর্শকাতর পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় জওয়ানদের। সেই বাস্তবতার কথা মাথায় রেখেই পেলেট গান বিতর্কের মাঝেও বাহিনীর সদস্যদের প্রতি আস্থা এবং দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন সিআরপিএফের সর্বোচ্চ কর্তা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User