পুজোর আগে বেতন বাড়ল প্যারা টিচারদের, হাসি ফুটল বনকর্মীদের মুখেও! কার কত হল?
দুর্গাপূজার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্যারা টিচার, শিক্ষাবন্ধু ও বনকর্মীদের বেতন ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির অনুমোদন। একই সঙ্গে সায় মিলল বিশ্ববিদ্যালয় কর্মীদের পারস্পরিক বদলি বিলেও।
প্যারা টিচার থেকে শুরু করে শিক্ষাবন্ধু, এসএসকে-এমএসকে কর্মী, বনকর্মী—বিভিন্ন স্তরে পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে বৈঠকের পর একাধিক ক্ষেত্রে বাড়তি অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির (Inter-University Transfer) জন্য নতুন আইনি কাঠামো তৈরির বিলেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
শিক্ষাক্ষেত্রে একাধিক স্তরে বাড়ল টাকা
প্যারা টিচারদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে কর্মরত ২০ হাজার ৩৪৩ জনের মাসিক পারিশ্রমিক ১১ হাজার ৯৪১ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হচ্ছে। উচ্চ প্রাথমিকের ২১ হাজার ৮৪৯ জনের ক্ষেত্রেও ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। তাঁদের পারিশ্রমিক ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫২৩ টাকা হবে। দু’ক্ষেত্রেই নতুন হার কার্যকর হবে ১ নভেম্বর থেকে।
শিক্ষাবন্ধুদের মাসিক পারিশ্রমিকও ৫ হাজার টাকা বাড়ছে। ২ হাজার ২৮০ জনের ক্ষেত্রে তা ৯ হাজার ৯৫৪ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হবে। ২১ জন বিশেষ শিক্ষকের ভাতাতেও ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এ ছাড়া ব্যবস্থাপনা কর্মী, এসএসকের সহায়ক, এমএসকের সম্প্রসারিকা, এমএসকের মুখ্য সম্প্রশাসক এবং শিক্ষাক্ষেত্রের শিক্ষাবিষয়ক তত্ত্বাবধায়কদেরও বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে শিক্ষা দফতরের প্রায় ১৩টি গোষ্ঠী এই সিদ্ধান্তের আওতায় আসছে। এর জন্য বছরে অতিরিক্ত প্রায় ৩৯০ কোটি টাকা খরচ হবে।
বনকর্মী, প্রাক্তন বিধায়ক এবং বিশ্ববিদ্যালয়
বন দফতরেও বাড়ছে পারিশ্রমিক। ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড ও ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। বন সহায়কদের পারিশ্রমিকও ২ হাজার টাকা করে বাড়ানো হল। এর ফলে প্রায় ১,৫০০ জন উপকৃত হবেন।
প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতাও ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ আগস্ট থেকে। বিধায়কদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চালু করা সেবা কেন্দ্র পরিচালনার জন্যও ১ জুন থেকে মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির জন্য পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল, ২০২৬-এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১০ সেপ্টেম্বরের এক দিনের বিশেষ অধিবেশনে বিলটি বিধানসভায় পেশ করার প্রস্তাব রয়েছে। রাজ্যপালের অনুমোদনের প্রক্রিয়াও নিয়ম মেনে সম্পন্ন করা হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)