পোশাক নিয়ে বিতর্কের মুখে পিছু হটল জিভা! সরানো হল কৃতির রাখির বিজ্ঞাপন, ব্যাখ্যা দিল সংস্থা

কৃতি শ্যাননের পোশাক এবং পোষ্যকে রাখি পরানো নিয়ে তীব্র বিতর্কের জেরে শেষ পর্যন্ত রাখির বিজ্ঞাপন তুলে নিল গয়নার সংস্থা 'জিভা'। বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ও রাহুল গান্ধীও।

Aug 26, 2026 - 16:00
0 0
পোশাক নিয়ে বিতর্কের মুখে পিছু হটল জিভা! সরানো হল কৃতির রাখির বিজ্ঞাপন, ব্যাখ্যা দিল সংস্থা

রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক। অভিনেত্রী কৃতি শ্যাননের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছিলেন একাধিক তারকা ও রাজনীতিক। কিন্তু বিতর্ক থামেনি। সমাজমাধ্যমে লাগাতার সমালোচনার মধ্যে শেষমেশ বিজ্ঞাপনটি সরিয়ে নিল গয়নার সংস্থা জিভা। বিজ্ঞাপনটি ঘিরে কৃতিকে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর মন্তব্যের পরেই বিতর্ক আরও তীব্র হয়।

জিভার ওই বিজ্ঞাপনে রাখিবন্ধন উদযাপনের সময় কৃতিকে দেখা গিয়েছিল ব্রালেটের আদলের ব্লাউজ, কেপ এবং স্কার্টে। একটি পোষ্য কুকুরকে রাখি পরাতে দেখা যায় তাঁকে। এই পোশাক এবং রাখিবন্ধনের মতো উৎসবের সঙ্গে এমন উপস্থাপনা নিয়ে সমাজমাধ্যমে আপত্তি ওঠে। একাংশের অভিযোগ ছিল, ঐতিহ্যবাহী উৎসবকে বিজ্ঞাপনের প্রয়োজনে অন্য ভাবে তুলে ধরা হয়েছে।

বিতর্কের মধ্যে কঙ্গনা রানাওয়াতও কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য ছিল, “বিকিনি পরে রাখি বাঁধছেন কেন?” পরে বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃত ভাবে অস্বস্তিকর’ বলেও কটাক্ষ করেন তিনি।

কঙ্গনার মন্তব্যের জবাব দিতে সমাজমাধ্যমে সরব হন কৃতি। তাঁর বক্তব্য, কোনও উৎসবের সারবত্তা মানুষের পোশাকে নয়, বরং সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ এবং ঐতিহ্যের মধ্যে। মহিলাদের পোশাক নিয়েই কেন বার বার প্রশ্ন তোলা হয়, সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী। কৃতি স্পষ্ট জানান, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। কিন্তু এখনও কোনও মহিলার পোশাক দেখেই তাঁর সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বিচার করা হয়। সংস্কৃতি পোশাকে নয়, মানুষের মনে থাকে।

পোষ্যকে রাখি পরানো নিয়েও আপত্তির জবাব দেন অভিনেত্রী। তাঁর কথায়, রাখিবন্ধন সুরক্ষা এবং ভালবাসার বন্ধন। তিনি এবং তাঁর বোন একে অপরকে রাখি পরান। তাঁদের কাছে পোষ্যেরাও পরিবারের সদস্যই। তাই তাদের সুস্থতা, দীর্ঘায়ু এবং নিরাপত্তার জন্য প্রার্থনা করাও সেই সম্পর্কেরই অংশ।

কৃতির পাশে দাঁড়ান তাঁর বোন নূপুর শ্যাননও। কৃতির বক্তব্য ভাগ করে নিয়ে তিনি লেখেন, 'এক মহিলা কী পরবেন, তা নিয়ে এতটা মাথাব্যথা কেন—এটা ভাবার সময় এসেছে। তাঁর (নূপুরের) নিজের যদি এতে আপত্তি না থাকে, তা হলে অন্যদের আপত্তির কারণ কী?'

এই বিতর্ক বিনোদন থেকে রাজনৈতিক মহলে পৌঁছয়। কৃতির পাশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, 'কোনও মহিলা কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন, তা তাঁর নিজের সিদ্ধান্ত।' মহিলাদের স্বাধীন ভাবে নিজের পছন্দ অনুযায়ী চলার জন্য কটাক্ষ করা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তারপরই আসে 'পিতৃতন্ত্র ভাঙা'র হ্যাশট্যাগ।

এর কিছু মধ্যে কোনও বিতর্কে না গিয়ে জিভা বিজ্ঞাপনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে তাদের। পরিবারকে সঙ্গে নিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি এ বার পোষ্যদেরও সেই আনন্দের অংশ করার ভাবনা থেকেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল। তবে বিজ্ঞাপনটি সমাজের কোনও অংশের মানুষের ভাবাবেগে আঘাত করে থাকলে তার জন্য তা উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছে সংস্থা। সেই কারণেই সম্মান জানিয়ে সমস্ত মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জিভার বিবৃতি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User