বারুইপুরকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত, ধৃতদের জেরা করে স্থানীয় যুবককে ধরল সিট

বারুইপুরকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবারই এই ঘটনার তদন্তে ৬ সদস্যের সিট গঠন করা হয়েছিল, এরপরই তদন্তে গতি বাড়ানো হয়। আর সোমবার দুপুরে বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে।

Jul 06, 2026 - 17:20
0 0
বারুইপুরকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত, ধৃতদের জেরা করে স্থানীয় যুবককে ধরল সিট

বারুইপুরকাণ্ডে (Baruipur Rape Murder Case) ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Baruipur Main Accused Arrested)। রবিবারই এই ঘটনার তদন্তে ৬ সদস্যের সিট গঠন করা হয়েছিল, এরপরই তদন্তে গতি বাড়ানো হয়। আর সোমবার দুপুরে বারুইপুর থেকেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে। ধৃতদের জেরা করেই তাঁর খোঁজ শুরু করেছিল তদন্তকারীরা।

রবিবার (৫ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি এলাকা। শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ১১ বছরের নাবালিকা (Baruipur Minor Girl Death Case)। গতকাল সকালে স্থানীয় পুকুর থেকে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর এলাকা। দোষীদের শনাক্ত করে শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।

ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কড়া নির্দেশে ওই দিন বিকেলের মধ্যেই ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত এসপি পিনাকী দত্ত।

তদন্তে নেমে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে পুলিশ। দু'জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদ করলে ধৃতরা মূল অভিযুক্ত হিসেবে আনন্দ সর্দারের নাম পুলিশকে জানায়। এরপরই তাঁর খোঁজ শুরু হয়। সোমবার দুপুরে বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দকে পাকড়াও করা হয়।

ধৃতকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিট। আনন্দকে জিজ্ঞাসাবাদ করে এই নৃশংস ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত রহস্যের কিনারা করতে মরিয়া পুলিশ প্রশাসন।

সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) জন্মজয়ন্তী অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঘটনার পরই তিনি নির্যাতিতা কিশোরীর বাবার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং শোকগ্রস্ত পরিবারটি প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রেখেছে। শুভেন্দু বলেন, “আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। ওর বাবা এই জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। আমি তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে এটুকু নিশ্চিত করছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছে এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছে, তার প্রত্যেকটি তাঁরা পাবেন। ওঁরা আমার ওপর আস্থা রেখেছেন।”

তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, মূল অপরাধীদের যেমন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তেমনই পরিস্থিতি উত্তপ্তকারী ‘ভোটহারা অতৃপ্ত আত্মাদের’ এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভাবতেও পারছে না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User