'বেইমান আর চোরটা...,' পোস্টারে ছয়লাপ মধ্য কলকাতা, সুদীপের বিরুদ্ধে একযোগে প্রচার তাপস-কুণালের?
মধ্য কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার! পেছনে কি তাপস রায় ও কুণাল ঘোষের যৌথ ভূমিকা? তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে জোর তোলপাড়।
তৃণমূল 'বিদ্রোহী' তথা এনসিপিআইয়ের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল মধ্য কলকাতাজুড়ে। সেখানে লেখা,'বেইমান আর চোরটা, নয়না দিদির বরটা,' তবে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তা হল, পোস্টারের নীচে স্পষ্ট করে লেখা, 'প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ'। বাংলার রাজনীতিতে এই দুটি নামই অত্যন্ত পরিচিত। একজন (তাপস রায়) বিজেপির বিধায়ক এবং বর্তমানে মন্ত্রী, অন্যজন তৃণমূলের (কালীঘাটপন্থী) বিধায়ক। দুই বিরোধী নেতা একযোগে সাংসদের বিরুদ্ধে প্রচারে নেমেছেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন? তবে সত্যিটা কী? দ্য ওয়ালকে কী জানালেন তাপস রায় এবং কুণাল ঘোষ?
রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানান, 'পোস্টারে যে তাপস রায়ের নাম উল্লেখ রয়েছে, ওই ব্যক্তি আমি নই। আমি এই বিষয়ে কিছু জানি না। পোস্টারে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাতে আমার সহমতে কিছু যায় আসে না, তবে আমার ধারণা এই কাজটি এলাকার সাধারণ মানুষ কিংবা তৃণমূল থাকতে পারে। আমার নাম হয়তো ব্যবহার করেছে। তাপস রায় তো আরও অনেকে আছে, ওখানে তো লেখা নেই মন্ত্রী তাপস রায়।' একইসঙ্গে তিনি এও দাবি করেন, 'উত্তর কলকাতার সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল কর্মীদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ অনেক দিনের। ওঁকে রীতিমতো ঘৃণা করে।'
উল্লেখ্য, তাপস রায় একসময়ে তৃণমূলে ছিলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। লোকসভায় তাঁকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তিনি পরাজিত হন। বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন, বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্যও তিনি।
অন্যদিকে, কুণাল ঘোষ এই পোস্টার প্রসঙ্গে প্রথমেই স্পষ্ট করে দেন, তিনি এই বিষয়ে শুনেছেন তবে এমন কোনও পোস্টার তাঁর করা নয়। বেলেঘাটার বিধায়ক বলেন, "আমি খোঁজ নিচ্ছি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমানি বা যে অভিযোগ উঠেছে, তা নিয়ে দ্বিমত নই। এটা গোটা কলকাতা জানে এবং আমিও অতীতে বারবার বলেছি।"
তাপস রায়ের সঙ্গে মিলে এই পোস্টার দিয়েছেন কুণাল ঘোষ? প্রশ্নের উত্তরে কালীঘাট তৃণমূল শিবিরের বিধায়ক বলেন, "কোন তাপস রায়ের কথা বলা হচ্ছে আমি জানি না। যদি মন্ত্রী তাপস রায় হয়ে থাকেন, তাহলে তিনি অন্য দলের, আমরা কেন একসঙ্গে পোস্টার করতে যাব। তবে আগেও দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমাদের দুজনের বক্তব্য এক, কিন্তু তাই বলে আমরা একসঙ্গে পোস্টার করতে যাব কেন? পোস্টারের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।'
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)