'মমতাদির বলার পর ঘুম ভাঙল কেন?' পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের
পার্ক স্ট্রিটের একটি গরিব পরিবারকে পুলিশ দিয়ে তুলে আনাসহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ দেখানোর পরই সরকারের ঘুম ভেঙেছে। পাশাপাশি, বর্তমান মুখ্যমন্ত্রীর মন্তব্যকে 'নারীবিদ্বেষী' ও 'গুণ্ডাদের ভাষা' বলে কটাক্ষ করে তিনি বয়স নিয়ে কটূক্তির প্রতিবাদ জানান।
পার্ক স্ট্রিটের একটি গরিব পরিবারকে পুলিশ দিয়ে তুলে আনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের তীব্র সমালোচনা করে আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন।
পার্ক স্ট্রিটের ঘটনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ
পার্ক স্ট্রিটের সেই বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পুলিশ দিয়ে দিয়ে যাওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের ওই পরিবারকে। শনিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন, যেভাবে ধমক দিয়ে হুমকি দেওয়া হয়েছিল! গরিব কেউ শখ করে হয় না। ভোটের আগে গরিব বাচ্চাদের জড়িয়ে ধরে ছবি তুলতে ভালো লাগে, আর ভোটের পর সেই দাপটেই সরিয়ে দেওয়া।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল (রবিবার) বলার পর সময় হল মাননীয় মুখ্যমন্ত্রীর? শনিবারের পর রবিবার ছিল, সোমবার ছিল, কী করলেন? যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দায়িত্ব নেবেন, তারপরেই পুলিশকে দিয়ে তুলে আনা হল কেন? কেন সেদিন বলেননি মুখ্যমন্ত্রী যে তাঁরা দায়িত্ব নিচ্ছেন? মমতাদির বলার পর ঘুম ভাঙল? আপনারা একটা অমানবিক কাজ করছেন।"
তিনি আরও যোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ দেখিয়েছেন। ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, না থাকলেও দেখিয়েছেন।" অগ্নিমিত্রা পালের সমালোচনা করে কুণালবাবুর দাবি, "এর মানে একটা জিনিস প্রমাণিত হল, অগ্নিমিত্রা পাল ভুল করেছিলেন।"
বর্তমান মুখ্যমন্ত্রীকে আক্রমণ ও হাঁটার প্রতিযোগিতার চ্যালেঞ্জ
অন্য একটি ইস্যুতে বর্তমান মুখ্যমন্ত্রীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার পিছনে নিয়ে গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে, 'আপনি যাতে রাস্তায় বের হতে না পারেন সেটা আমি দেখব'। এটা চূড়ান্ত নারী বিদ্বেষ। এমন এর আগে কখনও হয়নি যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাষ্ট্রপতি কোথায়? এটা তো গুণ্ডাদের ভাষা।"
বয়স সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "আসলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তুলে কথা বলছেন কেন? এটা কোনও কথা, 'বয়স হচ্ছে বিশ্রাম নিন'। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা হাঁটার কম্পিটিশন হোক, সারা পৃথিবী দেখুক। এক্সারসাইজ আর হাঁটার প্রতিযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে-কলমে যা বয়স, বাস্তবে তার থেকে বয়স অনেকটাই কম।"
এপ্রসঙ্গে কেন্দ্রীয় রাজনীতি টেনে তিনি আরও বলেন, "মমতাদির থেকে তো কয়েক বছরের বড় নরেন্দ্র মোদী, আর শুভেন্দু অধিকারী ক্যাম্প করেন অমিত শাহের। এটা নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহের ক্যাম্প থেকে করানো হচ্ছে না তো? শুভেন্দু অধিকারী হয়তো চাইছেন অমিত শাহকে প্রোজেক্ট করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো অনেকটাই বড় নরেন্দ্র মোদী, তাই কি নরেন্দ্র মোদীকে সরাতে চাইছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এমন কথা বললেন?"
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)