রাজস্থানের শহরে পদ্ম ফুটেছিল, গ্রামে ঢুকতেই কংগ্রেসের জয়জয়কার, মরুরাজ্যে শক্ত হল ‘হাত’

পুরসভা নির্বাচনের দু’মাসের মধ্যেই রাজস্থানের গ্রামাঞ্চলে বড় জয় পেল কংগ্রেস; পঞ্চায়েত সমিতিতে ২ হাজার ৯৯০ ও জেলা পরিষদে ১৪৩টি আসন দখল হাত শিবিরের। ধাক্কা খেল শাসকদল বিজেপি; নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খারার স্ত্রী ও দুই ছেলে পরাজিত, রাজ্যবর্ধন সিং রাঠোরের কেন্দ্রেও ভরাডুবি গেরুয়া শিবিরের। বিজেপির প্রাক্তন শরিক হনুমান বেনিওয়ালের দল আরএলপি ৪৩৮টি এবং নির্দল প্রার্থীরা ৫১৬টি পঞ্চায়েত সমিতি আসনে জিতে নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে।

Nov 21, 2026 - 10:59
রাজস্থানের শহরে পদ্ম ফুটেছিল, গ্রামে ঢুকতেই কংগ্রেসের জয়জয়কার, মরুরাজ্যে শক্ত হল ‘হাত’

শহরে গেরুয়া ঝড়ের ঠিক দু’মাসের মাথায় রাজস্থানের গ্রামাঞ্চলে পাশা উল্টে দিল কংগ্রেস। রাজ্যের ৩০১টি পুরসভার মধ্যে ১৯৭টিতে বোর্ড গড়ে বিজেপি যেখানে জয়জয়কার ঘটিয়েছিল, সেখানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটে বড় ধাক্কা খেল শাসকদল। শুক্রবার রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ৬ হাজার ৫০টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ঘষিত আসনগুলির ক্ষেত্রে কংগ্রেস জিতেছে ২ হাজার ৯৯০টিতে এবং বিজেপি পেয়েছে ১ হাজার ৭৯৫টি আসন। অর্থাৎ, পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস এগিয়ে রয়েছে ১ হাজার ১৯৫টি আসনে। অন্যদিকে, জেলা পরিষদের মোট ২৩৯টি আসনের মধ্যে যেকয়টি আসনের গণনা শেষ হয়েছে, তার মধ্যে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৪৩টি এবং বিজেপি পেয়েছে ৮৩টি আসন।

প্রশাসনিক পুনর্বিন্যাসের পর রাজস্থানে জেলা পরিষদের সংখ্যা ৩৩ থেকে বেড়ে ৪১ এবং পঞ্চায়েত সমিতির সংখ্যা ৩৫২ থেকে বেড়ে ৪৫৭ হয়েছে। এই নতুন মানচিত্রে চার দফায় হওয়া গ্রামীণ ভোটে আঞ্চলিক দল ও নির্দলরাও বড় ছাপ ফেলেছে। বিজেপির প্রাক্তন শরিক হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৪৩৮টি পঞ্চায়েত সমিতি আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৫১৬টি আসনে।

২০২০-২১ সালের ফলের উলটপুরাণ

২০২০-২১ সালের গ্রামীণ স্থানীয় নির্বাচনে রাজস্থানে দাপট ছিল বিজেপির। ২০২০ সালের ডিসেম্বরে ২১টি জেলার মূল পর্বে ৬৩৬টি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি ৩৫৩টি এবং কংগ্রেস ২৫২টি আসন জিতেছিল। সে বার ১৪-১৫টি জেলা বোর্ড দখল করেছিল বিজেপি, আর কংগ্রেস পেয়েছিল পাঁচটি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও বিজেপি ১ হাজার ৯৮৯টি আসন জিতে এগিয়ে ছিল। কংগ্রেস পেয়েছিল ১ হাজার ৮৫২টি। ২০২১ সালের পরবর্তী ধাপগুলিতে জয়পুর-সহ কিছু এলাকায় কংগ্রেস ঘুরে দাঁড়ালেও, এ বারের ফলাফল গ্রামাঞ্চলে হাত শিবিরের আরও শক্তিশালী উত্থানের ইঙ্গিত দিচ্ছে।

যদিও জেলার সীমানা ৩৩ থেকে বেড়ে ৪১ হওয়ায় আগের নির্বাচনের সঙ্গে সরাসরি আসনভিত্তিক তুলনা করা কঠিন। তবুও এই ফল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকারের গ্রামীণ জনসংযোগের ক্ষেত্রে বড় পরীক্ষা এবং কংগ্রেসের জন্য তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সাফল্য বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের লোকসভা সাংসদ কেসি বেণুগোপাল এই জয়ের পর দাবি করেছেন, রাজস্থানে এখন কংগ্রেসের ঢেউ বইছে। তাঁর বক্তব্য, রাজ্যে যে দল ক্ষমতায় থাকে স্থানীয় নির্বাচনে সাধারণত তাদেরই সমর্থন করার প্রবণতা দেখা যায়, কিন্তু রাজস্থানের মানুষ সেই ধারা ভেঙে রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে কড়া রায় দিয়েছেন। বেণুগোপাল আরও বলেন, গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ সামনে আসছে। প্রথমে জুলাইয়ে তা দেখা গিয়েছিল, তারপর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং এখন গোটা রাজস্থান জুড়ে বিজেপিকে প্রত্যাখ্যান করা হল।

নিজেদের গড়েই ধাক্কা খেলেন বিজেপি নেতারা

বিজেপির শীর্ষ নেতাদের খাসতালুকেই দলের পরাজয় সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সিকরে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ঝাবর সিং খারার স্ত্রী শান্তি দেবী এবং ছেলে অজয় সিং পঞ্চায়েত সমিতির ভোটে হেরে গিয়েছেন। মন্ত্রীর আর এক ছেলে দুর্গা সিং নির্দল প্রার্থী হিসেবে লড়েও পরাজিত হয়েছেন। মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের কেন্দ্র ঝোটওয়াড়ায় ১৫টি আসনের মধ্যে বিজেপি মাত্র ১টি আসনে জিততে পেরেছে বলে খবর।

অন্যদিকে, কংগ্রেস শিবিরে ছবিটা বেশ উজ্জ্বল। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা নিজের গড় সিকরে দুরন্ত ফল করেছেন। পাশাপাশি শচীন পাইলটের প্রভাব থাকা টঙ্ক অঞ্চলও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে উঠে এসেছে।

প্রাক্তন শরিক আরএলপি-র বড় উত্থান

গ্রামীণ ভোটে বড় শক্তি হিসেবে উঠে এসেছে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। তারা ৪৩৮টি পঞ্চায়েত সমিতি এবং ৪টি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে। ২০২০ সালের গ্রামীণ নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে মূল পর্বে আরএলপি ৬০টি পঞ্চায়েত সমিতি এবং ১০টি জেলা পরিষদ আসন পেয়েছিল। সেই তুলনায় এ বার তাদের ফল অনেকটাই ভাল হয়েছে।

হনুমান বেনিওয়াল দাবি করেছেন, নাগৌরে বিজেপির তুলনায় বেশি ভোট পেয়েছে আরএলপি এবং সেখানে জেলা প্রমুখ পদটি তারাই দখল করতে চলেছে। দিড়ওয়ানা-কুচামন নিয়েও আশাবাদী তিনি। এ ছাড়া বাড়মের, বালোতরা, বিকানের, চুরু এবং জয়পুরের কিছু অংশে দলের ফল উৎসাহব্যঞ্জক বলে জানিয়েছেন বেনিওয়াল। তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতেও সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে আরএলপি। যুব সমাজ ও কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে বেনিওয়ালের দক্ষতাই রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে আরএলপি-র প্রভাব বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

জয়পুর দখল কংগ্রেসের, মিশ্র ফল রাজনৈতিক পরিবারগুলিতে

জয়পুর জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতেই জয়ী হয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে কংগ্রেস। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে চমু এবং সাম্ভারে। সাঙ্গানের জিতেছে আরএলপি। বাকি পাঁচটি পঞ্চায়েত সমিতিতে ত্রিশঙ্কু ফল হয়েছে।

এই নির্বাচনে রাজনৈতিক পরিবারগুলির ভাগ্যে মিশ্র ফল দেখা গিয়েছে। একদিকে সিকরে মন্ত্রী ঝাবর সিং খারার পরিবারের সদস্যরা হারলেও, চুরুতে প্রবীণ বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোরের পরিবার জয় পেয়েছে। রাজেন্দ্র রাঠোরের ছেলে পরাক্রম সিং জেলা পরিষদের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে ১৭ হাজার ৮৬১ ভোটে এবং পুত্রবধূ কণিকা সিং ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২ হাজার ৩৮৪ ভোটে জয়ী হয়েছেন। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে গ্রামীণ রাজস্থানে রাজনৈতিক নেটওয়ার্ক এখনও গুরুত্বপূর্ণ হলেও, কেবল বড় নাম থাকলেই জয়ের গ্যারান্টি মেলে না।

ক্ষমতার চাবিকাঠি নির্দল ও ছোট দলগুলির হাতে

পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থীরা জিতেছেন ৫১৬টি আসনে। এ ছাড়া আরএলপি ৪৩৮টি, ভারত আদিবাসী পার্টি (বিএপি) ২১৫টি, সিপিআই(এম) ৫০টি, বিএসপি ৪৪টি এবং আম আদমি পার্টি (আপ) ২টি আসনে জয়ী হয়েছে। জেলা পরিষদে নির্দলরা পাঁচটি, আরএলপি চারটি, সিপিআই(এম) ৩টি এবং বিএসপি ১টি আসন পেয়েছে।

যে সমস্ত জেলা ও পঞ্চায়েত সমিতিতে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে এই নির্দল ও ছোট দলগুলিই নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। ওয়ার্ড সদস্যদের পরোক্ষ ভোটে নির্বাচিত হওয়া প্রধান এবং জেলা প্রমুখ পদের দখল নিতেই এ বার আসল লড়াই শুরু হবে, যার ফলে রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্দলদের দরকষাকষির সম্ভাবনা প্রবল। আগামী ২৫ নভেম্বর জেলা প্রমুখ এবং ২৭ নভেম্বর পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বাকি চারটি জেলা অর্থাৎ কোটা, বারান, করৌলি এবং শ্রীগঙ্গানগরে ভোটগণনা পিছিয়ে ১৭ ডিসেম্বর করা হয়েছে।

২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফল কংগ্রেসকে গ্রামীণ এলাকায় বড় অক্সিজেন জোগাল। অন্যদিকে বিজেপিকে তাদের তৃণমূল স্তরের রণকৌশল পুনর্বিবেচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই ফল। অন্যদিকে, আঞ্চলিক দলগুলির ক্রমবর্ধমান গুরুত্বকেও সামনে এনেছে এই নির্বাচন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনীর ফল মূলত প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, জাতপাতের সমীকরণ এবং স্থানীয় ইস্যুর ওপর নির্ভর করে। তাই একে সরাসরি বিধানসভা ভোটের পূর্বাভাস হিসেবে দেখা উচিত নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0