সোশ্যাল মিডিয়ায় অনীহা? নেটপাড়া থেকে দূরে থাকার কারণ জানালেন জিৎ

বর্তমানে একশ্রেণি যখন নিত্যদিন অভিযোগ তুলছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাই কাজ পেতে সাহায্য করছে, দেখা হচ্ছে ফলোয়ার সংখ্যা, নিত্য রিল-ভিডিও আপলোডই তাই লক্ষ্য হয়ে উঠছে, সেক্ষেত্রে জিৎ উল্টো পথের পথিক।

Aug 19, 2026 - 15:07
0 0
সোশ্যাল মিডিয়ায় অনীহা? নেটপাড়া থেকে দূরে থাকার কারণ জানালেন জিৎ

সোশ্যাল মিডিয়া এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ব্যক্তিজীবনও অনেকাংশে ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। ব্যক্তিগত মুহূর্ত থেকে পেশাগত আপডেট—অনুরাগীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক মাধ্যম। তবে এই জায়গায় খানিকটা ব্যতিক্রমী টলিউড অভিনেতা জিৎ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনার ক্ষেত্রে বরাবরই বেশ সংযত তিনি। বর্তমানে একশ্রেণি যখন নিত্যদিন অভিযোগ তুলছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাই কাজ পেতে সাহায্য করছে, দেখা হচ্ছে ফলোয়ার সংখ্যা, নিত্য রিল-ভিডিও আপলোডই তাই লক্ষ্য হয়ে উঠছে, সেক্ষেত্রে জিৎ উল্টো পথের পথিক। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জিৎ, দ্য ওয়ালকে জিৎ জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে তিনি আগ্রহী নন। তাঁর মতে, একজন অভিনেতার সোশ্যাল মিডিয়া ফিড অনেকটাই নির্ভর করে তাঁর নিজস্ব অ্যালগরিদমের উপর। ফলে সোশ্যাল মিডিয়ায় কী দেখা যাচ্ছে বা কীভাবে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, সেটিও ব্যক্তিভেদে অনেকটাই বদলে যায়।

তবে আনন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে তাঁর আপত্তি নেই। নিজের প্রসঙ্গে জিৎ জানান, তিনি নিজে খুব বেশি ছবি বা ভিডিও পোস্ট না করলেও তাঁর স্ত্রী প্রায়শই তাঁদের জীবনের বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অর্থাৎ ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আড়ালে না রেখে, নিজের পছন্দমতো সীমারেখা বজায় রেখেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে চান অভিনেতা।

এদিকে কাজের দিক থেকেও বর্তমানে জিৎকে ঘিরে যথেষ্ট চর্চা। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির হাত ধরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন অবতারে। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও জিতের অনুরাগীদের উচ্ছ্বাসে কোনও খামতি নেই।

একদিকে পর্দায় নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত নজরদারি থেকে দূরে রাখছেন—এই দুইয়ের সমন্বয়েই যেন নিজের জন্য আলাদা একটি সীমারেখা তৈরি করেছেন জিৎ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User