অভিষেকের দফতর থেকে সাইনবোর্ড খুলে নিল পুরসভা, পুলিশ-আধিকারিকদের সঙ্গে বচসা সাংসদের

অভিষেকের অভিযোগ, কোনও নোটিশ ছাড়াই পুলিশ জোর করে খুলছে এই বোর্ড। চাইলেও অর্ডার কপি দেখাচ্ছে না বলে অভিযোগ।

Aug 28, 2026 - 10:30
0 0
অভিষেকের দফতর থেকে সাইনবোর্ড খুলে নিল পুরসভা, পুলিশ-আধিকারিকদের সঙ্গে বচসা সাংসদের

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খুলে নিতে গেলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। কোনওরকম নোটিশ বা সঠিক অর্ডার কপি না দেখিয়েই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের সাইনবোর্ড খুলতে আসার অভিযোগ উঠল কলকাতা পুরসভা (KMC) ও পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পুরসভার এই পদক্ষেপকে ‘দাদাগিরি’ ও ‘গুন্ডাগিরি’ বলে তোপ দেগে গোটা ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফেই পুরসভায় অভিযোগ জানানো হয়। এর ভিত্তিতেই পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে যান। বৃহস্পতিবার হঠাৎই কেএমসি-র আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে আসেন। অভিযোগ, কোনও নোটিশ বা বৈধ অর্ডার কপি না দেখিয়েই অফিসের বাইরে থাকা সাইনবোর্ড এবং হোর্ডিং সরাতে উদ্যত হন তাঁরা। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পুর আধিকারিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, কোনও বেআইনি কাজ তাঁরা বরদাস্ত করবেন না।

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

গণমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আধিকারিকরা অর্ডার কপি দেখাক, তার পর সেই বিষয় নিয়ে দরকার পড়লে কোর্টে যাওয়া হবে। ব্যক্তিগত কারওর পার্টি অফিসে সাইনবোর্ড কোথায় লাগাবে, তা কি বিজেপি ঠিক করবে?"

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "কেএমসি-র যা তাগিদ, তার থেকে পুলিশের তাগিদ বেশি। গ্যাস কাটার নিয়ে ইনস্পেকশন করতে এসেছে। অর্ডারে লেখা রয়েছে ছবি অ্যাটাচড, অথচ ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেইলস নেই। এটা প্রাইভেট প্রপার্টি, আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছে তাই করবেন?" সাধারণ মানুষের করের টাকায় পুলিশ ও প্রশাসনের বেতন হয় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি নেতাদের ইশারায় এই ধরনের একনায়কতন্ত্র চলছে এবং সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়।

বিজেপি ও বিরোধী শিবিরকে আক্রমণ

তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে অভিযোগ করে অভিষেক বলেন, "এত ভয় কেন? মানুষের ভোটে যদি নির্বাচিত হন, তবে সভা-মিছিলের পারমিশন দেবেন না কেন? তৃণমূল ঘাসফুলের দল, ঘাস যত কাটবেন তত বাড়বে।" এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জানান, পুলিশের এই বেআইনি আচরণের বিরুদ্ধে নির্দিষ্ট অফিসারদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন তিনি।

পাশাপাশি, গোটা ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান অভিষেক। পুলিশ বা কেএমসি আধিকারিকরা ফের আসুক, তাঁরা আইনি পথেই এর মোকাবিলা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User