‘আমার চোখে তুমিই বিগ বস বিজয়ী’, ভরত কল বাদ পড়তেই পোস্ট স্ত্রী জয়শ্রীর

ভরতের বিগ বস সফর শেষ হওয়ার পর জয়শ্রী লেখেন, “আমার যুদ্ধটা শেষ হল। যদিও মানতে পারছি না যে, তুমি বিগ বসের ঘরে নেই। এখনও মনে হচ্ছে, বিগ বস অন করে, তুমি কী কী করছো সেটা দেখতে হবে। এই ২ মাস তুমি বিগ বসের ঘরে যুদ্ধ করেছো, আর আমি বাইরে। খুব কষ্ট হচ্ছে, মনখারাপ করছে।”

Oct 26, 2026 - 19:21
‘আমার চোখে তুমিই বিগ বস বিজয়ী’, ভরত কল বাদ পড়তেই পোস্ট স্ত্রী জয়শ্রীর

বিগ বস বাংলার মঞ্চে ভরত কলের যাত্রা শেষ। দীর্ঘ দু’মাসের অপেক্ষা, উৎকণ্ঠা আর প্রিয় মানুষকে পর্দায় দেখার অভ্যাসে আপাতত ছেদ পড়ল তাঁর পরিবারের। পুজোর মরসুমে বাড়ির মানুষদের ছেড়ে রিয়্যালিটি শোয়ের ঘরে থাকতে হয়েছিল অভিনেতাকে। একাধিকবার নমিনেশনের মুখে পড়লেও দর্শকদের সমর্থনে বারবার রক্ষা পেয়েছেন তিনি। তবে শেষরক্ষা হল না। লক্ষ্মীপুজোর আবহেই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হল ভরতকে। তাঁর বেরিয়ে আসার পরেই সমাজমাধ্যমে মনের কথা উজাড় করে দিলেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। জানালেন, স্বামীর এই সফরে লড়াইটা শুধু ভরতের একার ছিল না, সমান ভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনিও।

স্বামীর লড়াইয়ের পাশে ছিলেন জয়শ্রী

ভরত কল বিগ বসের ঘরে থাকাকালীন মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন জয়শ্রী। পর্দায় স্বামীর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখার পাশাপাশি, তাঁর খেলা এবং ঘরের নানা ঘটনা নিয়ে নিজের মতামতও প্রকাশ করেছেন তিনি। অন্য দিকে, বিগ বসের বাড়িতে শারীরিক অসুস্থতা থেকে শুরু করে খাওয়াদাওয়া নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে। শো থেকে বেরিয়ে ভরত নিজেই জানিয়েছিলেন, দু’মাসে তাঁর ওজন সাত কেজি কমেছে। এই গোটা সময়টা বাইরে থেকে স্বামীর লড়াই দেখেছেন জয়শ্রী। তাই ভরতের বিদায়ের পর তাঁর আবেগঘন বার্তায় উঠে এসেছে স্বস্তি, মনখারাপ এবং দীর্ঘদিনের জমে থাকা অনুভূতি।

‘আমার যুদ্ধটা শেষ হল...’

ভরতের বিগ বস সফর শেষ হওয়ার পর জয়শ্রী লেখেন, “আমার যুদ্ধটা শেষ হল। যদিও মানতে পারছি না যে, তুমি বিগ বসের ঘরে নেই। এখনও মনে হচ্ছে, বিগ বস অন করে, তুমি কী কী করছো সেটা দেখতে হবে। এই ২ মাস তুমি বিগ বসের ঘরে যুদ্ধ করেছো, আর আমি বাইরে। খুব কষ্ট হচ্ছে, মনখারাপ করছে।”

স্বামীকে নিয়ে নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন জয়শ্রী। তাঁর ইচ্ছা ছিল, ভরত এই রিয়্যালিটি শোয়ের অংশ হবেন। সেই স্বপ্ন পূরণ হলেও সফরের শেষটা যে প্রত্যাশামতো হল না, তা স্পষ্ট তাঁর কথায়। জয়শ্রীর লেখায়, “আমার স্বপ্ন ছিল, তুমি ওই ঘরে থাকবে। ভগবানের হয়তো এইটুকুই ইচ্ছা ছিল।”

সমালোচনার মধ্যেও স্বামীর পাশেই স্ত্রী

বিগ বসের ঘরে ভরতের আচরণ নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। তবে জয়শ্রীর কাছে স্বামীর পরিচয় কোনও প্রতিযোগিতার ফলাফলে সীমাবদ্ধ নয়। ভরতকে কাছ থেকে চেনার অভিজ্ঞতা থেকেই তাঁর বিশ্বাস, মানুষ হিসেবে অভিনেতার মূল্যায়ন হওয়া উচিত তাঁর আচরণ ও মানসিকতা দিয়ে। সেই প্রসঙ্গে জয়শ্রী লিখেছেন, “ভরত কল কেমন মানুষ, আমি জানি। যাঁরা বিগ বসের গতকালের এপিসোডটা দেখেছেন, তাঁরাও হয়তো বুঝবেন, মানুষ হিসেবে ভরত কল কেমন।”

পাশাপাশি, এই সফরে যাঁরা ভরতকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জয়শ্রীর কথায়, “অনেকেই তোমায় ভোট করেছেন, অনেকে আমার কথাতেও তোমায় ভোট করেছেন। তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

তবে এই অভিজ্ঞতা জয়শ্রীকে মানুষ চিনতেও সাহায্য করেছে। ভরতের বিগ বসে অংশগ্রহণের পর কে তাঁর পাশে থেকেছেন, আর কে দূরে সরে গিয়েছেন, সেই উপলব্ধির কথাও জানিয়েছেন তিনি। সমালোচনা ও খারাপ কথার প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, “তুমি বিগ বসের ঘরে যাওয়ার পরে বুঝতে পেরেছি, কারা আমার কাছের আর কারা আমার কাছের নন।”

বিগ বসের ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা থাকতেই পারে। কিন্তু জয়শ্রীর কাছে ফলাফলটা যেন আগেই স্থির। স্বামীর প্রতি ভালবাসা ও বিশ্বাসের কথা জানিয়ে তাঁর স্পষ্ট ঘোষণা, “সবার ভাল হোক, আমার চোখে তুমিই বিগ বস বিজয়ী।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0