‘আমি মেয়ে নই’! লিঙ্গ ধারণার বেড়া ভেঙে ‘নন-বাইনারি’ নেহা, এর অর্থ কী? খুঁজল দ্য ওয়াল
সাম্প্রতিক সময়ে ভারতীয় রাজনীতি এবং ছাত্র আন্দোলনের আঙিনায় এক অন্যতম আলোচিত নাম নেহা। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতায় প্রতিবাদের অন্যতম প্রধান মুখ হিসেবে যখন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সর্বভারতীয় সভানেত্রী সর্বসমক্ষে উঠে আসছেন, ঠিক সেই সময়ই তাঁর লিঙ্গপরিচয় নিয়ে আলোচনা।
একজন নারীর নিজেকে 'নন-বাইনারি’ হিসেবে দেখার একটি দৃষ্টান্ত খুব সাম্প্রতিক অতীতে দেখা গেছে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এ। কেন্দ্রীয় চরিত্র ধৃতি তিওয়ারি নিজেকে একজন ‘নন-বাইনারি’ হিসেবে দর্শকের সামনে তুলে ধরেছিলেন। দর্শকদের একাংশ এই বিশেষ শব্দবন্ধটির প্রকৃত অর্থ বা গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও নিঃসন্দেহে এটি আকৃষ্ট করেছে অনেককে। ভারতীয় রাজনীতির পাকেচক্রে সেই শব্দবন্ধ নতুন করে সাড়া ফেলল সামাজিক পরিসরে। নেহা বোরার (Neha Bora) একটি মন্তব্যের পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট বুদ্ধিজীবী, সব স্তরেই এই শব্দ নিয়ে চর্চা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় রাজনীতি এবং ছাত্র আন্দোলনের আঙিনায় এক অন্যতম আলোচিত নাম নেহা। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতায় প্রতিবাদের অন্যতম প্রধান মুখ হিসেবে যখন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সর্বভারতীয় সভানেত্রী সর্বসমক্ষে উঠে আসছেন, ঠিক সেই সময়ই তাঁর লিঙ্গপরিচয় (Gender Identity) নিয়ে আলোচনা।
এক সাক্ষাৎকারে নিজের লিঙ্গ পরিচয় সম্পর্কে নেহা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে, প্রচলিত অর্থে নারী কিংবা পুরুষ - এই দুই বৃত্তের কোনওটির মধ্যেই নিজেকে দেখতে নারাজ তিনি। বরং তিনি একজন স্পষ্টবাদী ‘নন-বাইনারি’ ব্যক্তি। নেহা জানান, বিভিন্ন ক্ষেত্রে তাঁকে সম্বোধন করার সময় প্রায়শই ছাত্রনেত্রী অথবা সভানেত্রীর মতো শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। তাঁর মতে, এই ধরনের লিঙ্গনির্দিষ্ট শব্দচয়ন আসলে বৃহত্তর সমাজে লিঙ্গপরিচয় সম্পর্কে গভীর ধারণার অভাব বা অজ্ঞতারই বহিঃপ্রকাশ।
কী এই নন-বাইনারি
‘নন-বাইনারি’ বলতে এমন একটি লিঙ্গপরিচয়কে বোঝায়, যেখানে কোনও ব্যক্তি নিজেকে নারী বা পুরুষ - এই দুটি প্রথাগত পরিচয়ের কোনওটির মধ্যেই সীমাবদ্ধ রাখেন না। প্রচলিত সমাজব্যবস্থায় লিঙ্গপরিচয় মূলত দুটি সর্বনামের মধ্যে আবদ্ধ থাকলেও, যাঁরা নিজেদের নারী বা পুরুষ কোনওটিই মনে করেন না, তাঁরা এই দুই পরিচয়ের বাইরে নিজেদের স্বতন্ত্র সত্তায় পরিচিত হতে চান।
বিষয়টি নিয়ে জানতে দ্য ওয়াল (The Wall News) যোগাযোগ করেছিল মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে। তিনি বলেন, “বাইনারি মানে আদতে হ্যাঁ অথবা না, সাদা বা কালো। আর নন-বাইনারি শব্দটি বিভিন্ন ক্ষেত্র যেমন লিঙ্গ বা রাজনৈতিক ক্ষেত্রেও প্রযোজ্য। নেহার কথা শুনে মনে হয়েছে তিনি নিজের লিঙ্গ সম্পর্কেই বলেছেন।”
বিষয়টি ব্যাখ্যা করে তাঁর বক্তব্য, পুরুষ এবং মহিলা—এই দুইয়ের মধ্যবর্তী একটা জায়গা আছে, তাঁরা হয়তো পুরুষ হতে পারেন কিন্তু নিজেদেরকে মহিলা ভাবেন, অথবা মহিলা হতে পারেন নিজেদের পুরুষ ভাবেন। তাঁরা ট্রান্সজেন্ডার হতে পারেন, তাঁদের জেন্ডার আইডেন্টিটি ডিসফোরিক ডিসঅর্ডার হতে পারে। পাশাপাশি নন-বাইনারির আরেকটা মানেও হতে পারে, ‘সেক্সুয়াল নন-বাইনারি’। অর্থাৎ, কোনও মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হন এবং উল্টোটা। কিন্তু এখানে হয়তো উনি এটাও বোঝাতে চেয়েছেন যে, পুরুষরা হয়তো পুরুষ এবং মহিলার প্রতি আকৃষ্ট হতে পারে, আবার পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে, মহিলাদের ক্ষেত্রেও একই ব্যাপার। সুতরাং, এটার নন-বাইনারি একটি ‘ফ্লুইড স্টেট’।
ডাঃ মিত্র মনে করছেন, নির্দিষ্টভাবে দু’টি ক্ষেত্রের মধ্যে না থেকে মধ্যবর্তী একটি অঞ্চল, যেটাকে ‘গ্রে এরিয়া’ বলা হয়, সেটাকেই হয়তো নেহা বোঝাতে চেয়েছেন। এর মধ্যে ব্যক্তিগত জায়গাও থাকতে পারে। কারণ উনি এটাকে তুলনা করেছেন রাজনৈতিক এজেন্ডা এবং আইডিয়ার সঙ্গে। যদি ধরে নিই, রাজনীতিতে কেউ নন-বাইনারি থাকেন, অর্থাৎ আজকে যদি কেউ বামপন্থী থাকে, কাল সে ডানপন্থীও হতে পারে—এই দরজাটা নেহা খোলা রাখতে চান।
নেহার বক্তব্য নিয়ে লিঙ্গ এবং অধিকার কর্মী বাপ্পাদিত্য মুখোপাধ্যায় দ্য ওয়ালকে জানান, ২০১৪-তে যখন যখন নালসা জাজমেন্ট বেরলো, সুপ্রিম কোর্টের ট্রান্সজেন্ডার সম্পর্কিত রায়ে বলা হয়েছিল এই লড়াই দেশে বহুদিন ধরে চলছে। দেখা গেছে যে ভারত বা পুরো দক্ষিণ এশিয়ার যে জেন্ডার আন্ডারস্ট্যান্ডিং, সেটা ইউরোপিয়ান বা আমেরিকান জেন্ডার আন্ডারস্ট্যান্ডিং মানে ছেলে এবং মেয়ে যেটা আমাদের ব্রিটিশ শিখিয়েছিল, তার থেকে সম্পূর্ণভাবেই আলাদা, অন্যরকম। এখানে শুধুমাত্র পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের কথা বলা হয় না, আরও অনেক লিঙ্গের কথাই বিভিন্ন সময়ে বলা হয়েছে।
তিনি বলছেন, ছেলে এবং মেয়ের মাঝখানে একটা প্রায় রামধনু পরিমাণ রেইনবো লাইক স্পেকট্রাম আছে—জেন্ডার স্পেকট্রাম। এর মধ্যে কিছু মানুষ আছেন যাঁরা নিজেদেরকে সম্পূর্ণ ট্রান্সজেন্ডার হিসেবে বা তৃতীয় লিঙ্গ হিসেবে দেখেন। তবে তাঁর সেক্সুয়াল চয়েস এর ওপর নির্ভর করবে না। তাঁর ব্যাখ্যা, অনেক মানুষ আছেন যারা নিজেদের কোনও খোপে ফেলেন না, তখন তাঁর যৌন চাহিদা কী হবে, সেটা ব্যক্তিগত প্রশ্ন হয়ে দাঁড়ায়। ফলে এটাকে জেন্ডার আইডেন্টিটির সঙ্গে সরাসরি গুলিয়ে ফেলা যায় না। অর্থাৎ, যে নন-বাইনারি, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনও নন-বাইনারি হবে, এমন মানে নেই।
মোদ্দা বিষয়, সে নিজেকে ছেলে বা মেয়ে হিসেবে আইডেন্টিফাই করে না মানে এই নয় যে, তাঁর একজন পুরুষের সঙ্গে যৌন সঙ্গম করার কোনও ইচ্ছা নেই। দুটো সম্পূর্ণ আলাদা।
প্রথাগতভাবে ইংরেজি মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে নেহার নামের পাশে গতানুগতিকভাবে ‘SHE’ সর্বনামটি ব্যবহার করা হলেও, তিনি ব্যক্তিগত জীবনে সম্পূর্ণভাবে ‘THEY’/‘THEM’ বা লিঙ্গনিরপেক্ষ সর্বনাম ব্যবহার করার পক্ষেই নিজের মতামত প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাচ্ছে, এই ধরনের মানুষদের নিজের নামের পাশে ইংরেজির ‘HE’/‘HIM’/‘HIS’ কিংবা ‘SHE’/‘HER’/‘HERS’-এর মতো লিঙ্গনির্দিষ্ট সর্বনাম ব্যবহারে তাঁদের আপত্তি থাকে এবং তাঁরা লিঙ্গনিরপেক্ষ সর্বনাম হিসেবে ‘THEY’/‘THEM’/‘THEIR’ ব্যবহারের পক্ষপাতী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0