একটি বাংলা ছবি বাধ্যতামূলক, দ্বিতীয়টির ভাগ্যে কী? ‘কিং’-এর সঙ্গে জোর টক্কর দেব-শিবপ্রসাদের

বাংলা ছবির জন্য প্রাইম টাইমের শো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।

Nov 26, 2026 - 15:04
একটি বাংলা ছবি বাধ্যতামূলক, দ্বিতীয়টির ভাগ্যে কী? ‘কিং’-এর সঙ্গে জোর টক্কর দেব-শিবপ্রসাদের

বাংলা ছবির জন্য প্রাইম টাইমের শো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট হলের লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। সরকারের এই সিদ্ধান্তে বাংলা ছবির প্রদর্শনের ক্ষেত্রে কিছুটা নিশ্চয়তা তৈরি হলেও বাস্তবে ছবির শো বণ্টন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে একই দিনে বাংলা ও বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলে হল মালিকদের অগ্রাধিকার কী হবে? আগামী ২৪ ডিসেম্বর সেই প্রশ্নের মুখোমুখি হতে চলেছে বাংলা চলচ্চিত্র শিল্প।

ওই দিন মুক্তি রয়েছে দুটি বাংলা ছবি, ‘ফ্যামিলিওয়ালা’ (Familywala) এবং ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada)। একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের ছবি ‘কিং’ (King)। বড়দিনের ছুটির মরসুমে শাহরুখের ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ এবং বাণিজ্যিক প্রত্যাশা যথেষ্ট। ফলে একই সপ্তাহে তিনটি ছবির প্রদর্শন কীভাবে সাজাবেন হল মালিকরা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এই বিষয়ে নবীনা সিনেমা হলের মালিকের সঙ্গে কথা বলে জানা গেল, এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাঁর বক্তব্যের সারমর্ম, সরকারি নির্দেশ মেনে অন্তত একটি বাংলা ছবি চালাতেই হবে। কিন্তু সেই বাধ্যতামূলক শোয়ের বাইরে কোন ছবি চলবে, কতগুলি শো পাবে, তা সম্পূর্ণ সংশ্লিষ্ট হল মালিকের নিজস্ব সিদ্ধান্ত। সব প্রেক্ষাগৃহের ক্ষেত্রে একই নিয়মে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একেকটি হলের পরিস্থিতি, দর্শক এবং ব্যবসার হিসাব আলাদা। তাই ‘কিং’-এর পরিবর্তে অন্য বাংলা ছবিকে বেছে নেওয়া হবে কি না, তা এখনই সাধারণভাবে বলা সম্ভব নয়। আইন মেনে চলার প্রশ্নে কোনও দ্বিমত নেই, কিন্তু তার বাইরে ছবির নির্বাচন ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

অর্থাৎ, সরকারের নির্দেশে একটি বাংলা ছবির শো নিশ্চিত হলেও দ্বিতীয় বাংলা ছবির জন্য আলাদা করে কোনও নিশ্চয়তা তৈরি হয়নি। ৩টে থেকে ৯টার মধ্যে একটি বাংলা ছবি দেখানোর পর বাকি সময়ের শো কীভাবে সাজানো হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট হলের সিদ্ধান্তের উপর। এমনকি একই সপ্তাহে কোন ছবি কতগুলি শো পাবে, তারও আগাম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, বিনোদিনী থিয়েটারের মালিকের বক্তব্যেও উঠে এসেছে হলের ব্যবসায়িক বাস্তবতার কথা। এখনও পর্যন্ত পরিবেশকদের সঙ্গে এই মুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। প্রযোজকরা সাধারণত ছবি নিয়ে এসে মুক্তির তারিখ জানিয়ে দেন। কিন্তু শোয়ের সংখ্যা এবং সময় নির্ধারণের ক্ষেত্রে হল মালিকদের সঙ্গে আগাম আলোচনা বা মতামত বিনিময়ের সুযোগ কতটা থাকে, তা নিয়েও অসন্তোষ রয়েছে। মুখ্যমন্ত্রী যখন বাংলা ছবির জন্য প্রাইম টাইমের শো বাধ্যতামূলক করেছেন, তখন সেই নির্দেশ মেনেই ছবি চালানো হবে। বাংলা ছবিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা থাকবে। এমনকী, ২৪ ডিসেম্বর দুটি বাংলা ছবিকেই জায়গা দেওয়ার চেষ্টা করার কথাও ভাবছেন সংশ্লিষ্ট হল মালিক, জয়দীপ মুখোপাধ্যায়।

তিনি আরও বলেন, ‘তবে তার সঙ্গে একটি বাস্তব সমস্যার কথাও উঠে এসেছে। সিনেমা হল চালাতে প্রতিদিন বিপুল খরচ হয়। কর্মীদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য পরিচালন খরচ রয়েছে। ফলে ছবি চালিয়ে হলের খরচটুকুও যদি না ওঠে, তা হলে দীর্ঘমেয়াদে প্রেক্ষাগৃহের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। একই সঙ্গে প্রযোজকরাও যাতে লোকসানের মুখে না পড়েন, সেটাও বিবেচনায় রাখা প্রয়োজন। বাংলা ছবিকে বেশি শো দেওয়ার চেষ্টা থাকবে, কিন্তু সেই সিদ্ধান্তের ফলে হল বা প্রযোজক, কারও আর্থিক ক্ষতি হোক, সেটাও কাম্য নয়।’

আরডিবি সিনেমা মাল্টিপ্লেক্সের জেনারেল ম্যানেজার মঞ্জুর বেগের কথায়, “প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবির শো থাকবেই। তবে আরেকটি বিষয়ও মাথায় রাখতে হবে। একই সময়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র মতো বড় মাপের ছবি মুক্তি পাচ্ছে। এত বড় ছবি যে মাত্র এক সপ্তাহ প্রেক্ষাগৃহে চলবে, তা তো নয়। ফলে আগামী দিনগুলিতে কোন ছবির কতগুলি শো থাকবে, তা অনেকটাই নির্ভর করবে হলের শিডিউলিং এবং প্রোগ্রামিংয়ের উপর। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী দাঁড়ায়।”

প্রদর্শকদের তরফে আরও কিছু বাস্তব সমস্যার কথা উঠে এসেছে। বাংলা ছবির মুক্তি সারা বছর সমানভাবে হয় না। বছরের কয়েকটি উৎসবের সপ্তাহে একসঙ্গে একাধিক বাংলা ছবি মুক্তি পেলেও প্রায় ২০ সপ্তাহ নতুন বাংলা ছবির অভাব থাকে বলে প্রদর্শকদের একাংশের দাবি। ফলে সারা বছর প্রতিটি প্রেক্ষাগৃহে নিয়মিত বাংলা ছবির শো চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত নতুন ছবি পাওয়া যায় না। পুরনো ছবি ফিরিয়ে আনলেও দর্শক না এলে হলের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। শুধু টিকিট বিক্রি নয়, খাবার ও পানীয় বিক্রিও প্রেক্ষাগৃহের আয়ের গুরুত্বপূর্ণ অংশ। দর্শক না থাকলে সেই আয়ও কমে যায়।

কলকাতা ও জেলার হলগুলির পরিস্থিতিও এক নয়। কলকাতায় সন্ধ্যার পরের শোয়ের চাহিদা থাকলেও জেলার বহু প্রেক্ষাগৃহে যাতায়াতের সমস্যা এবং স্থানীয় দর্শকের অভ্যাসের কারণে সন্ধ্যা ৭টার পর দর্শক পাওয়া কঠিন। প্রদর্শকদের মতে, বহু জেলার হল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালানোর উপযোগী। সেখানে বিকেল ৩টে থেকে রাত ৯টার সময়সীমা সব জায়গায় একইভাবে কার্যকর করা বাস্তব সমস্যার সৃষ্টি করতে পারে। তাঁদের মতে, কলকাতা ও জেলার জন্য প্রাইম টাইমের সংজ্ঞা আলাদা করে বিবেচনা করা প্রয়োজন। 

প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়াও বাংলা ছবির প্রদর্শনের ক্ষেত্রে বড় বাধা। একসময় রাজ্যে প্রায় ৮৫০টি সিনেমা হল থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ৯০-এ এসে দাঁড়িয়েছে বলে প্রদর্শকদের দাবি। এত কম প্রেক্ষাগৃহে বাংলা ছবির নিয়মিত প্রদর্শন নিশ্চিত করার পাশাপাশি হলগুলির আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাও জরুরি।

প্রসঙ্গত, বাংলা ছবির প্রদর্শন নিয়ে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। বড় হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমে যাওয়ার আশঙ্কা থেকেই বিষয়টি নবান্ন পর্যন্ত গড়ায়। ২৪ নভেম্বরের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলা ছবির প্রাইম টাইমের শো নিশ্চিত করার কথা জানান। পাশাপাশি রাজ্যে নতুন ৫১টি সিনেমা হল তৈরির পরিকল্পনার কথাও সামনে আসে। তার পরদিন, ২৫ নভেম্বর, সরকার নতুন করে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, প্রতিটি হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে।

তবে ২৪ ডিসেম্বরের ক্ষেত্রে আসল প্রশ্নটা অন্য জায়গায়। একটি বাংলা ছবির শো বাধ্যতামূলক হওয়ায় ‘কিং’-এর মতো বড় ছবির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হলেও দ্বিতীয় বাংলা ছবির জায়গা নিশ্চিত নয়। হল মালিকদের বক্তব্য অনুযায়ী, শোয়ের চূড়ান্ত হিসাব তৈরি হয় প্রতি সপ্তাহে। কোনও ছবি কতগুলি শো পাবে, তা নির্ভর করে তার দৈর্ঘ্য, দর্শকের সাড়া এবং আগের সপ্তাহের ব্যবসার উপর। কোনও ছবি ভালো চললে তার শো বাড়ে, আবার দর্শক কমলে শো কমে যায়। তাই মুক্তির আগেই কোন ছবি কতগুলি শো পাবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। একাধিক স্ক্রিনের মাল্টিপ্লেক্সে যেমন শোয়ের সংখ্যা বাড়ানো বা কমানো যায়, তেমনই সিঙ্গল স্ক্রিনেও দর্শকের সাড়া অনুযায়ী সিদ্ধান্ত বদলায়।

সুতরাং, ২৪ ডিসেম্বর বাংলা ছবির জন্য সরকারি নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, তার পাশাপাশি আরও একটি বিষয় সামনে আসবে। বাধ্যতামূলক একটি শোয়ের বাইরে হল মালিকরা কি নিজেরা উদ্যোগী হয়ে দ্বিতীয় বাংলা ছবিকেও জায়গা দেবেন? নাকি বাকি শোগুলির ক্ষেত্রে বাণিজ্যিক সম্ভাবনাই শেষ কথা বলবে? আপাতত হল মালিকদের তরফে দুটি বাংলা ছবিকে জায়গা দেওয়ার চেষ্টা করার কথা বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে মুক্তির সপ্তাহ পর্যন্ত। সরকারি নির্দেশ বাংলা ছবির জন্য দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজা দিয়ে দর্শক এবং ব্যবসা কতটা আসবে, তার উত্তর দেবে ২৪ ডিসেম্বরের বক্স অফিস।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0