কালীপুজোর আগেই বঙ্গে নামল তাপমাত্রার পারদ! শীতের আমেজ আরও বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা কবে?
কালীপুজোর আগেই ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বঙ্গে রাতের তাপমাত্রা। ভোর ও রাতে বাড়বে শীতের আমেজ। ১০ নভেম্বর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
কালীপুজোর দোরগোড়ায় এসে অবশেষে বঙ্গে মিলল আবহাওয়া বদলের ইঙ্গিত। ফুরফুরে হাওয়া আর ভোরে গায়ে চাদর জড়ানোর আমেজে জাঁকিয়ে শীতের অপেক্ষা শুরু হয়ে গেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও জোরালো হবে।
শহর কলকাতার ক্ষেত্রে আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে রাতের দিকে তাপমাত্রার পারদ আকস্মিকভাবে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের সমস্ত জেলাই শুষ্ক আবহাওয়ার সাক্ষী থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। তবে পরবর্তী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, তার পরের দু’দিনে রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরের পাহাড়ি ও সমতল অঞ্চলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ নভেম্বর থেকে আবহাওয়ায় নতুন করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওই দিন মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0