‘গম্ভীর কানে তুলো দিয়ে বসে!’ বৈভবকে নিয়ে তোপ শ্রীকান্তের, সিরাজ-বিতর্কে সুর চড়ালেন আজহার
বৈভব সূর্যবংশীকে নিয়মিত সুযোগ না দেওয়ায় গৌতম গম্ভীরকে তীব্র আক্রমণ কৃষ্ণমাচারি শ্রীকান্তের। অন্যদিকে ওয়েলিংটন টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মাঝে পেসারের পাশে দাঁড়ালেন মহম্মদ আজহারউদ্দিন।
একদিকে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে বসিয়ে রাখা—দল নির্বাচন নিয়ে জোড়া ইস্যুতে প্রাক্তনদের নিশানায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian Cricket)। এশিয়া কাপ রাইজিং স্টারসে বৈভবের ৫৩ বলে ২০৪ রানের তাণ্ডবের পর কোচ গৌতম গম্ভীরকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
অন্যদিকে, ওয়েলিংটন টেস্টে সিরাজকে বাদ দেওয়া নিয়ে ধর্মীয় বৈষম্যের রাজনৈতিক অভিযোগের আবহে হায়দরাবাদি পেসারের পাশেই দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
গম্ভীরকে কড়া বার্তা শ্রীকান্তের
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০টি টি-২০ খেললেও প্রথম একাদশে আসা-যাওয়ার মধ্যেই রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পূর্ণশক্তির দলে ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকেই অগ্রাধিকার দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিষয়টি মোটেই ভালভাবে নিচ্ছেন না তিরাশির বিশ্বকাপজয়ী ওপেনার শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে তাঁর কড়া বার্তা, ‘আমাদের কিছু কঠোর পদক্ষেপ করতে হবে। বৈভবকে সরাসরি বিহারের অধিনায়ক করা হয়েছে। দলীপ ট্রফিতে ও সহ-অধিনায়ক ছিল; ঈশান কিষানের সঙ্গে মিলে খেতাব জিতেছে। ওকে ওই স্তরে উন্নীত করা হয়েছে। অথচ গৌতম কানে তুলো দিয়ে বসে!’
ভারতীয় হেডকোচের (Gautam Gambhir) ‘গ্রুমিং’ তত্ত্ব উড়িয়ে শ্রীকান্তের ক্ষোভ, ‘টিম ম্যানেজমেন্ট একরকম খেলা খেলছে—বলছে ওকে তৈরি করতে হবে, আর সুযোগ দিচ্ছে না। উল্টোদিকে ছেলেটা নিজের খেলা খেলে যাচ্ছে। আপনারা বলছেন আপনাদের হাতে কিছু নেই। গৌতম গম্ভীর, শুধু দেখুন ও কীভাবে মারছে। এভাবে কেউ মারতে পারে না।’
বৈভবের শটের বৈচিত্র্যে বিস্মিত শ্রীকান্তের সংযোজন, ‘এটা কী হচ্ছে? এভাবে কাউকে বল মারতে দেখেছেন? সব জায়গায়, সব রেঞ্জে ওর শট রয়েছে। এটা অন্য পর্যায়ের ব্যাটিং। বুক ক্রিকেটেও এমন হয় না। ও কোন প্রজন্মের ক্রিকেটার? এত শক্তি আর টাইমিংয়ের জ্ঞান কোথা থেকে পায়? দলে কাউকে এভাবে খেলতে দেখিনি। এমনকি এবি ডিভিলিয়ার্স বা ক্রিস গেইলও এভাবে খেলেনি।’
‘সিরাজের খেলা উচিত ছিল’, ওয়েলিংটন ড্রয়ের পর ক্ষুব্ধ আজহার
অন্যদিকে, ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৭২০/৯ ডিক্লেয়ার করেও নিউজিল্যান্ডকে (প্রথম ইনিংসে ৭০/৫ থেকে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ২১৬ রানের জুটিতে ৩৬৮; দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেলের ১৮৬ বলে ৪৯* ও ফিলিপসের ১২৬ বলে ২৬* রানের সৌজন্যে ১২০ ওভারে ২৩৯/৫) হারাতে পারেনি ভারত (India vs New Zealand)। বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ ও অংশুল কম্বোজ—চার পেসার খেলালেও বাদ পড়েন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এর জেরে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ অভিযোগ তোলেন, ‘সিরাজ’ নামের কারণেই ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন তিনি; শনিবার মহম্মদ শামি ও সরফরাজ খানের নাম টেনেও মেধার ভিত্তিতে নির্বাচনের দাবি জানান মাসুদ।
যদিও বিতর্ক এড়িয়ে এবার সিরাজের পাশে দাঁড়িয়েছেন আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। সিরাজকে বলব নিজের কাজে মন দিতে। ওর পারফরম্যান্স দারুণ, গোটা দেশ ওর পাশে আছে। আমিও সমর্থন করছি। ওর খেলা উচিত ছিল, কেন নেওয়া হল না, জানি না। বিতর্ক নিয়ে কথা বলব না, তবে ও অসাধারণ প্রতিভাবান বোলার। এমন পরিস্থিতিতে ওর মতো বোলারকে দলে রাখা উচিত। দলে একজন ভাল, অভিজ্ঞ বোলার থাকলে ভারত হয়তো ম্যাচটা জিততে পারত।’ উল্লেখ্য, ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0