গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত পোস্ট! বিজেপির সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর শিমলায়

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ও প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে বিজেপির সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শিমলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শিমলার এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় এই মামলা রুজু করেছে হিমাচল প্রদেশ পুলিশ।

Nov 14, 2026 - 16:51
গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত পোস্ট! বিজেপির সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর শিমলায়

গান্ধী পরিবারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জেরে বড় আইনি বিপাকে পড়লেন বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর বিরুদ্ধে হিমাচল প্রদেশের শিমলা থানায় (Shimla PS) এফআইআর (FIR) দায়ের করেছে রাজ্য পুলিশ। প্ররোচনামূলক মন্তব্য এবং জনগনের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে।

শিমলার বাসিন্দা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার (Atul Sharma) অভিযোগের ভিত্তিতে গত ১৩ নভেম্বর এই মামলা দায়ের করা হয়। শিমলার পুলিশ সুপার গৌরব সিং এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কী রয়েছে কঙ্গনার সেই পোস্টে?

অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা রানাউত তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেই পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র, সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত আপত্তিকর ও প্ররোচনামূলক ইঙ্গিত দেওয়া হয়েছিল।

পাশাপাশি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে ওই পোস্টে এক “রহস্যময় বিদেশি নাগরিক” হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, পোস্টে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, গান্ধী পরিবারের সদস্যদের একে একে মৃত্যু হওয়ার আগে সনিয়া গান্ধী বিদেশের একটি ক্যাফেতে উপস্থিত ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সরকারের শীর্ষ পদে আসেন। এই পুরো বিষয়টির পরেই পোস্টে কটাক্ষ করে লেখা হয়েছিল, “কী সুবিধাজনক!” এছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মেনকা গান্ধীর পারিবারিক বাসভবন ছাড়ার প্রসঙ্গটিও সেখানে টানা হয়েছিল।

কোন কোন ধারায় মামলা?

অভিযোগকারীর মতে, কঙ্গনার এই পোস্টটি সাধারণ রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। এর মাধ্যমে সমাজে শত্রুতা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং শান্তি বিঘ্নিত করার অপচেষ্টা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মনে ভয় বা আতঙ্ক তৈরি করার অভিযোগও আনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেলের মাধ্যমে পুলিশের ডিজিপির কাছে এই অভিযোগ জানান অতুল শর্মা। সেখানে অবিলম্বে এফআইআর নথিভুক্ত করে কঙ্গনার পোস্টটির ওপর একটি সময়ভিত্তিক সাইবার-ফরেন্সিক তদন্তের দাবি জানানো হয়।

কোন প্রেক্ষাপটে এই পোস্ট?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৯৮১ সালের একটি পুরনো পারিবারিক ভিডিও ভাইরাল হয়। ওই ফুটেজে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মেনকা গান্ধী এবং ছোট রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। আর ঠিক যে দিন সনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশিত হয়, কাকতালীয়ভাবে সেই দিনই কঙ্গনার এই বিতর্কিত পোস্টটি সামনে আসে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ করা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0