‘ইন্ডিয়া’র সভার পরই রামলীলা ময়দান নিয়ে নয়া নিয়ম! সময় বেঁধে দিল দিল্লি পুলিশ, লাগাম জমায়েতেও

রামলীলা ময়দানে সভা-সমাবেশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল দিল্লি পুলিশ। নতুন নিয়মে বেঁধে দেওয়া হয়েছে কর্মসূচির সময়সীমা এবং জমায়েতের সর্বোচ্চ সংখ্যা।

Nov 14, 2026 - 17:14
‘ইন্ডিয়া’র সভার পরই রামলীলা ময়দান নিয়ে নয়া নিয়ম! সময় বেঁধে দিল দিল্লি পুলিশ, লাগাম জমায়েতেও

যন্তর মন্তরে (Jantar Mantar) একাটানা প্রতিবাদ, এরপর দিল্লির সেই জায়গা বাতিল করে নতুন ধর্নাস্থলের তালিকায় রামলীলা ময়দানকে (Ramlila Maidan) এনেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। গত ১ নভেম্বর সেখানেই এসআইআর এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মেগা কর্মসূচি করেছিল বিরোধী জোট 'ইন্ডিয়া'। তার ঠিক দু'সপ্তাহের মাসের মাথায় রামলীলা নিয়ে গুচ্ছ নিয়ম আনল পুলিশ (Ramlila Maidan new rules)। সর্বোচ্চ ৫০ হাজার মানুষের জমায়েত থেকে শুরু করে  নির্দিষ্ট সময়সীমা- রামলীলা ময়দানে সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করতে গেলেই এবার মানতে হবে একাধিক নিয়ম।

সূত্রে খবর, রামলীলা ময়দানে সভা, সমাবেশ ও বিক্ষোভের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) বা নির্দেশিকা তৈরি করেছে দিল্লি পুলিশ (Delhi Police crowd control)।  তবে এই নির্দেশিকা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে থাকা খসড়াটি অনুমোদনের জন্য দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

দিল্লি পুলিশের প্রস্তাব,  রামলীলা ময়দানে কোনও কর্মসূচি করতে চাইলে প্রথমেই দিল্লি পুরনিগমের (এমসিডি) কাছ থেকে অনুমতি নিতে হবে। ওই দিন ময়দানটি ফাঁকা রয়েছে কি না, তা নিশ্চিত করে ছাড়পত্র দেবে পুরনিগম। এরপর দিল্লি পুলিশের কাছে জমা দিতে হবে অনুমতির আবেদন। সাধারণত কর্মসূচির অন্তত ১০ দিন আগে আবেদন করতে হবে আয়োজকদের।

শুধু অনুমতি নিলেই দায়িত্ব শেষ হবে না। জমায়েতে কত মানুষ আসছেন, কী ভাবে তাঁদের সামলানো হবে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, কোথা থেকে অংশগ্রহণকারীরা নামবেন- সব কিছুর পরিকল্পনা আগেভাগে করতে হবে আয়োজকদের। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের সঙ্গেও সমন্বয় রাখতে হবে। রাস্তা এবং জরুরি পরিষেবার জন্য নির্দিষ্ট পথ যাতে কোনও ভাবেই আটকে না যায়, তা নিশ্চিত করার দায়িত্বও থাকবে তাঁদের উপর।

নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে প্রস্তাবিত নির্দেশিকায়। রামলীলা ময়দানে আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, ধারাল অস্ত্র বা নিষিদ্ধ কোনও জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। ময়দানের আশপাশে ড্রোন ওড়াতে গেলেও আগাম অনুমতি নিতে হবে।

এছাড়া, কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের জন্য পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা এবং শৌচাগারের বন্দোবস্ত করতে হবে আয়োজকদের। অনুষ্ঠান শেষ হওয়ার পর ময়দানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে যথাযথ ভাবে বর্জ্য সরানোর দায়িত্বও তাঁদেরই নিতে হবে।

উল্লেখ্য, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ জমায়েতস্থল রামলীলা ময়দানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিয়মিত সভা, বিক্ষোভ এবং জনসমাবেশ করে। নতুন এসওপি কার্যকর হলে সেখানে বড় কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের নিয়ম আরও কড়া হতে পারে। তবে দিল্লি পুলিশের সদর দফতরের অনুমোদন না মেলা পর্যন্ত এই নিয়মগুলি প্রস্তাব হিসেবেই থাকছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0