চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় সায় দেয়নি হাইকোর্ট, এবার শীর্ষ আদালতে আর্জি অভিষেকের

অভিষেকের চোখের পুরনো চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে প্রায়শই তাঁকে বিদেশে গিয়ে নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা করাতে হয়। তবে হাইকোর্টের প্রশ্ন ছিল, কলকাতাতেই চোখের উন্নত চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার প্রয়োজন কেন, তা নিয়ে আদালত জানতে চায়।

Jul 29, 2026 - 13:11
0 0
চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় সায় দেয়নি হাইকোর্ট, এবার শীর্ষ আদালতে আর্জি অভিষেকের

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের (Supreme Court) দরজায় কড়া নাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছেন তিনি। আগামী ৩ আগস্ট শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, চোখের জরুরি চিকিৎসার কথা জানিয়ে বেশ কিছুদিন ধরেই বিদেশে যাওয়ার অনুমতি চাইছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এর আগে কলকাতা হাইকোর্টে চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন অভিষেক। সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে, অবিলম্বে এসএসকেএম (SSKM) হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। ওই বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ড অভিষেকের চোখের শারীরিক পরীক্ষা করবে এবং সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর তাঁর বিদেশযাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই সিদ্ধান্তেই আপত্তি জানিয়ে আদালতের সেই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন অভিষেক।

শীর্ষ আদালতে আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, ইডি (ED) বা কেন্দ্রীয় সংস্থার তদন্তে তিনি সব সময়েই পুরোপুরি সহযোগিতা করেছেন। আদালতের নির্দেশ মেনে ডিজে মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) পর্যন্ত দিয়েছেন তিনি। তা সত্ত্বেও তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এবং হাইকোর্টেও আবেদন ঝুলে রয়েছে। সেই কারণেই তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রসঙ্গত, অভিষেকের চোখের পুরনো চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে প্রায়শই তাঁকে বিদেশে গিয়ে নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা করাতে হয়। তবে হাইকোর্টের প্রশ্ন ছিল, কলকাতাতেই চোখের উন্নত চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার প্রয়োজন কেন, তা নিয়ে আদালত জানতে চায়। তবে একই সঙ্গে আদালত এ-ও স্পষ্ট করে দেয় যে, আবেদনকারীর চিকিৎসা নিয়ে কোনও ধরনের জটিলতা বা সমস্যা তৈরি হোক, তা আদালত কোনও ভাবেই চায় না। তাই চিকিৎসার প্রয়োজনীয়তা এবং আইনগত বিষয় - দুই দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানায়।

এখন দেখার, আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্ট এই আবেদনে তাঁকে স্বস্তি দিয়ে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেয় নাকি কলকাতা হাইকোর্টের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তকেই বহাল রাখে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User