চ্যাট না খুলেই পড়া যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ, অ্যান্ড্রয়েডে আসছে নতুন সুবিধা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট প্রিভিউ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। চ্যাট না খুলেই এবং ব্লু টিক এড়িয়ে পড়া যাবে মেসেজ।
হোয়াটসঅ্যাপে কারও পাঠানো মেসেজ পড়তে চান, অথচ চান না যিনি পাঠিয়েছেন তিনি সেটা বুঝতে পারুন। এমন করা যায় আইফোনে। এবার এই সেটিংস আসতে চলেছে অ্যান্ড্রয়েডে। চ্যাট না খুলেই মেসেজের ঝলক দেখে নেওয়ার নতুন সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে কথোপকথনে ঢোকা ছাড়াই সাম্প্রতিক বার্তাগুলি পড়ে নেওয়া যাবে। সবচেয়ে বড় কথা, নীল টিক না করেই জানা যাবে কে কী লিখেছেন।
চ্যাট না খুলেই পড়া যাবে মেসেজ
নতুন সুবিধাটি চালু হলে চ্যাটের তালিকায় থাকা যে কোনও কথোপকথনের উপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই খুলে যাবে একটি ছোট পর্দা। সেখানে দেখা যাবে ওই চ্যাটের সাম্প্রতিক মেসেজগুলি। শুধু এক ঝলক দেখেই থেমে থাকতে হবে না, ওই ছোট পর্দার মধ্যেই বার্তাগুলি উপর-নীচে সরিয়ে পড়ে নেওয়ার সুযোগ থাকবে।
অর্থাৎ, কাউকে উত্তর দেওয়ার তাড়া না থাকলেও তাঁর পাঠানো কথা জেনে নেওয়া যাবে। আবার চ্যাটে ঢুকে পড়ার কারণে অপঠিত মেসেজের চিহ্নও হারাবে না। যাঁরা ব্যস্ততার মধ্যে দ্রুত বার্তা দেখে নিতে চান, তাঁদের কাছে এই ব্যবস্থা বেশ কাজের হতে পারে।
এক জায়গা থেকেই মিলবে একাধিক নিয়ন্ত্রণ
শুধু মেসেজ পড়াই নয়, নতুন এই পর্দা থেকেই কথোপকথন পরিচালনার একাধিক বিকল্প পাওয়া যাবে। কোনও চ্যাটকে অপঠিত হিসেবে চিহ্নিত করা, উপরে আটকে রাখা, আর্কাইভে পাঠানো, নির্বাচন করা কিংবা মুছে ফেলার সুযোগ থাকতে পারে।
এ ছাড়াও ‘মোর অপশনস’ নামে একটি আলাদা তালিকা থাকার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে চ্যাট লক করা, নির্দিষ্ট তালিকায় যোগ করা, কথোপকথনের তথ্য দেখা কিংবা ফোনের মূল পর্দায় সরাসরি চ্যাট খোলার শর্টকাট তৈরি করার মতো সুবিধাও মিলতে পারে। ফলে ছোটখাটো কাজের জন্য বারবার চ্যাটের ভিতরে ঢুকতে হবে না।
নীল টিক ছাড়াই জানা যাবে বার্তা
এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গোপনীয়তা। চ্যাটের ভিতরে না ঢুকে প্রিভিউ থেকেই মেসেজ পড়লে প্রেরকের কাছে নীল টিক পৌঁছবে না। অর্থাৎ, ব্যবহারকারী বার্তা সম্পর্কে জেনেও নিজের অপঠিত থাকার অবস্থা বজায় রাখতে পারবেন।
তবে কবে এই সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। ফিচারটি আপাতত তৈরির পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক সংস্করণে কবে আসবে, সে সম্পর্কেও সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি পেশাগত কাজেও হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের সময় বাঁচানো এবং বার্তা পরিচালনা আরও সহজ করতে একের পর এক নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0