ছররা গুলিকাণ্ড: 'শক্তি প্রয়োগের নিয়ম মানা হয়েছিল কি?' দিল্লি পুলিশের গাইডলাইন চাইল সুপ্রিম কোর্ট

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পেলেট ব্যবহারে কড়া সুপ্রিম কোর্ট। পুলিশ কখন ও কীভাবে বলপ্রয়োগ করতে পারে, তার নির্দিষ্ট নিয়মবিধি (SOP) পেশের নির্দেশ দিল শীর্ষ আদালত।

Jul 30, 2026 - 18:16
0 0
ছররা গুলিকাণ্ড: 'শক্তি প্রয়োগের নিয়ম মানা হয়েছিল কি?' দিল্লি পুলিশের গাইডলাইন চাইল সুপ্রিম কোর্ট

দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) প্রতিবাদী ছাত্রদের উপর ছররা গুলি ব্যবহারের অভিযোগ ওঠার পর এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি পুলিশ কীভাবে এবং কখন শক্তি প্রয়োগ করতে পারে, তার নির্দিষ্ট নিয়মবিধি বা 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (SOP) পেশ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়। 'ককরোচ জনতা পার্টি'-র (CJP) ব্যানারে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত 'চলো সংসদ' অভিযানে পুলিশের ভূমিকা নিয়েই এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল। শুনানিতে আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার দাবি করেন, আন্দোলনকারীরা কোনও সহিংস ভিড় ছিলেন না। অথচ তাদের সরাতে সাধারণ রবার বা প্লাস্টিকের বদলে মারাত্মক ধাতব পেলেট ব্যবহার করা হয়েছে, যা অনেকের শরীর থেকে উদ্ধারও হয়েছে।

তবে শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, পুলিশি নিয়মে খুব বিশেষ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের সুযোগ রয়েছে। তবে তা 'ধাপে ধাপে শক্তি প্রয়োগের' (Graded use of force) একদম শেষ ধাপগুলোর একটি। শীর্ষ আদালত জানায়, কোনও বিক্ষোভ বা প্রতিবাদ দমন করার ক্ষেত্রে অহিংস নীতিই কাম্য। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা আত্মরক্ষায় পুলিশকে সীমিত ও ধাপে ধাপে বলপ্রয়োগের অধিকার দিতে হয়, কারণ পুলিশ কর্মীরাও রক্তমাংসের মানুষ। আদালত জানায়, পুলিশ এই নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে কি না, আবেদনকারীদের তা আগে প্রমাণ করতে হবে।

অন্যদিকে প্রধান বিচারপতি পরামর্শ দেন, পেলেট ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাওয়ার বদলে আন্দোলনকারীদের উচিত আদালত কর্তৃক একটি সুনির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করার আবেদন জানানো, যাতে ভবিষ্যতে এর অপব্যবহার না হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে।

উল্লেখ্য, ২০ জুলাই নিটকাণ্ডে সিজেপি-র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল যন্তর মন্তর। ধস্তাধস্তিতে বহু ছাত্র ও পুলিশ কর্মী আহত হন। পুলিশের পেশ করা সরকারি তথ্য অনুযায়ী, ভিড় সামলাতে র্যা পিড অ্যাকশন ফোর্স (RAF) টিয়ার গ্যাসের সেল, অ্যান্টি-রাইট গান এবং দু'রাউন্ড প্লাস্টিক পেলেট ব্যবহার করেছিল। যদিও ছাত্রদের দাবি, তা অত্যন্ত মারাত্মক ধাতব পেলেট ছিল। এই আইনি লড়াইয়ের মাঝেই অবশ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি কেন্দ্র মেনে নেওয়ায় দীর্ঘ ৩৬ দিন পর শনিবার তাদের যন্তর মন্তরের ধরনা প্রত্যাহার করে নিয়েছে সিজেপি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User