পহেলগামের ধাঁচেই কুলগামে জঙ্গি হামলা! নিহত পরিযায়ী শ্রমিকের ভাইয়ের দাবি, ‘ধর্ম জেনে গুলি করে’

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় প্রাণ হারালেন ছত্তীসগড়ের দুই পরিযায়ী শ্রমিক। "ধর্ম জিজ্ঞেস করেই গুলি চালানো হয়েছে", নিহতের পরিবারের এমন বিস্ফোরক দাবিতে তোলপাড় উপত্যকা।

Aug 02, 2026 - 15:52
0 0
পহেলগামের ধাঁচেই কুলগামে জঙ্গি হামলা! নিহত পরিযায়ী শ্রমিকের ভাইয়ের দাবি, ‘ধর্ম জেনে গুলি করে’

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় (Kulgam Terror Attack) প্রাণ হারিয়েছেন দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কেল্যাম এলাকার একটি ইটভাটায় আচমকাই হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ছত্তীসগড়ের বাসিন্দা ২৪ বছরের দীপক রাতরে (Chhattisgarh Labourers Killed) এবং ২৮ বছরের ভূপেন্দ্র ভৈনা। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার এক বিস্ফোরক অভিযোগ করেছেন (Jammu Kashmir Targeted Attack)। তাঁদের দাবি, গুলি চালানোর আগে দীপকের ধর্ম জানতে চেয়েছিল হামলাকারীরা।

নিহত দীপক রাতরের ভাই মনোজের দাবি, "দাদা এবং অন্যান্যদের আগে জিজ্ঞাসা করা হয় তারা কোথা থেকে এসেছে এবং তাদের ধর্ম কী? দাদা হিন্দু পরিচয় দেওয়া মাত্রই তাঁকে নিশানা করে গুলি চালিয়ে দেয় জঙ্গিরা।" যদিও পরিবারের এই চাঞ্চল্যকর দাবির সত্যতা এখনও প্রশাসনিক বা নিরাপত্তা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংসারের হাল ধরতে এবং পরিবারের কথা ভেবে মাস সাতেক আগে স্ত্রীকে নিয়ে কাশ্মীরের ইটভাটায় কাজে এসেছিলেন দীপক। ঘরে বৃদ্ধা মা, প্রতিবন্ধী ভাই এবং মাত্র এক বছরের পুত্র সন্তান রয়েছে। ছত্তীসগড়ের শক্তি জেলার এই যুবকই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। অন্যদিকে, ভূপেন্দ্র ভৈনাও মাত্র তিন মাস আগে কাজ করতে কাশ্মীরে এসেছিলেন, চার বছরের সন্তানকে দেশে রেখেই পাড়ি দিয়েছিলেন উপত্যকায়। দুই উপার্জক সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে দুই পরিবার।

এই ঘটনার খবর পেয়েই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এই ঘটনাকে 'কাপুরুষোচিত ও মানবতাবিরোধী' অ্যাখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত দুই শ্রমিকের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, কাশ্মীরে পর্যটক বা পরিযায়ী শ্রমিকদের উপর এই ধরনের হামলা নতুন নয়। এর আগেও পহেলগাম কিংবা শ্রীনগরেও সাধারণ শ্রমিক ও পর্যটকদের উপর একই কায়দায় জঙ্গি হামলা চালানো হয়েছিল। কুলগামের এই সাম্প্রতিক ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে উপত্যকায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User