'অর্ণব'-এর রেশ কাটার আগেই ফের বঙ্গোপসাগরে জমাট বাঁধছে নিম্নচাপ, ধরা পড়ল ইসরোর স্যাটেলাইটে
আবহাওয়াবিদদের মতে, বর্ষার আগে এপ্রিল-মে এবং বর্ষার পরে অক্টোবর-নভেম্বর- এই দুই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি দেখা যায়। এই সময় নিম্নচাপ বা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর (Cyclone Arnab) তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি নিম্নচাপ। শনিবার সকালে ভারতের আবহাওয়া স্যাটেলাইট 'INSAT-3DS'-এর তোলা কৃত্রিম উপগ্রহের চিত্রে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে সুসংগঠিত মেঘপুঞ্জ ও প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড়ের উপস্থিতি দেখা গিয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকা থেকে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। সময়ের সঙ্গে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে আরও ঘনীভূত হয়েছে। আগামী ২ দিনের মধ্যে এটি আরও শক্তিসঞ্চয় করে নিম্নচাপে (Depression) পরিণত হয়ে সরাসরি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও সর্বশেষ কৃত্রিম উপগ্রহের ছবিতে মেঘের ঘূর্ণি (Vortex) দেখা গেলেও এটি এখনও পূর্ণাঙ্গ নিম্নচাপে রূপান্তরিত হয়েছে বলে নিশ্চিত করেনি আইএমডি।
এই নতুন নিম্নচাপের প্রভাবে আগামী কিছুদিন আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ও উত্তর আন্দামান সাগরে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে আগামী দিনে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত জলোচ্ছ্বাসের সতর্কবার্তা জারি করা হয়নি। 'অর্ণব'-এর বিধ্বংসী প্রভাব কাটতে না কাটতেই এই নতুন আবহাওয়া পরিবর্তন উপকূলীয় অঞ্চলগুলিতে আবার কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষার আগে এপ্রিল-মে এবং বর্ষার পরে অক্টোবর-নভেম্বর- এই দুই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি দেখা যায়। এই সময় নিম্নচাপ বা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
ফলে অর্ণব দুর্বল হয়ে পড়লেও বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের দিকে নজর থাকছে। আগামী কয়েকদিনে নিম্নচাপটির গতিপথ ও শক্তির পরিবর্তনই ঠিক করে দেবে, পরিস্থিতি কোন দিকে এগোবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0