প্রতিমা দিলেন ইমতিয়াজ, শাড়ির খরচ শাহবাজের, সাজসজ্জায় অভীক, চন্দননগরের এই পুজোয় ভাঙে সব বেড়া

ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু-মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছেন পুজোর আয়োজনে। কেউ দিয়েছেন প্রতিমা, কেউ শাড়ি, কেউ নিয়েছেন সাজসজ্জার দায়িত্ব, আবার কেউ বিসর্জনের দায়িত্ব। দীর্ঘ ৪৩ বছর ধরে পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী শহরের সংস্কৃতির মূল ধারাটিকে বহন করে চলেছে এভাবেই।

Nov 18, 2026 - 15:00
প্রতিমা দিলেন ইমতিয়াজ, শাড়ির খরচ শাহবাজের, সাজসজ্জায় অভীক, চন্দননগরের এই পুজোয় ভাঙে সব বেড়া

প্রতিমার বিশালতা-আলোর বিচ্ছুরণে বরাবরই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অনন্য। বুধবার সাড়ম্বরে চলছে নবমীর পুজো। অন্যদিকে, পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী পুজোয় (Chandannagar Jagadhatri Puja 2026) বরাবরের মতোই নজর কাড়ছে অন্য এক ছবি। ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু-মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছেন পুজোর আয়োজনে। কেউ দিয়েছেন প্রতিমা, কেউ শাড়ি, কেউ নিয়েছেন সাজসজ্জার দায়িত্ব, আবার কেউ বিসর্জনের দায়িত্ব (Chandannagar News)। দীর্ঘ ৪৩ বছর ধরে পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী শহরের সংস্কৃতির মূল ধারাটিকে বহন করে চলেছে এভাবেই।

এবার পাদ্রীপাড়ায় জগদ্ধাত্রী পুজোর প্রতিমা তৈরি করিয়েছেন ইমতিয়াজ হুসেন। প্রায় ৫২ হাজার টাকা খরচ করেছেন প্রতিমা নির্মাণের জন্য। তাঁর ভাই শাহাবাজ হুসেন প্রায় ২০ হাজার টাকা খরচ করে দেবীর পরনের চারটি বেনারসি শাড়ি কিনেছেন। প্রতিমার সাজসজ্জা ও চালচিত্রের দায়িত্ব নিয়েছেন এ পাড়ারই বাসিন্দা অভিক দাশগুপ্ত। আর প্রতিমা নিরঞ্জনের দায়িত্ব নিয়েছেন পূর্ণেন্দু চ্যাটার্জী।

পুজো উদ্যোক্তাদের দাবি, প্রায় ১৫ ফুট উচ্চতার দেবী প্রতিমা, চালচিত্র-সহ যার উচ্চতা প্রায় ২৫ ফুট। হাওড়ার একটি গ্রামের শিল্পীরা দেবীর হাতে থাকা বিভিন্ন অস্ত্র তৈরি করেন। এবারের পুজোর মণ্ডপে সেই অস্ত্র তৈরির গ্রামকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আকাশি রঙের বেনারসি এবং সোলার সাজে সেজেছেন দেবী হৈমন্তিকা।

এই পুজোর বিশেষত্ব শুধু আয়োজনেই নয়, পুজোর স্থান ঘিরেও। পুজোমণ্ডপের পাশেই রয়েছে একটি মসজিদ। কখনও শোনা যায় আজানের সুর, আবার কখনও ভেসে আসে পুরোহিতের মন্ত্রোচ্চারণ। কিন্তু দুই ধর্মের এই দুই শব্দ কখনও বিভেদের কারণ হয়ে দাঁড়ায়নি। বরং পুজোর চারদিন সকলেই মিলেমিশে উৎসবে সামিল হন। পুজো উদ্যোক্তারা জানান, যে জমিতে প্রতিমা বসানো হয়েছে সেটি মসজিদ কমিটির জমি। তার কিছুটা সামনেই রয়েছে পুজো কমিটির নিজস্ব জায়গা। প্রয়োজন অনুযায়ী দুই পক্ষই একে অপরের জায়গা ব্যবহার করেন। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ ও বড়দিনের অনুষ্ঠানেও একে অপরের পাশে থাকেন এলাকার বাসিন্দারা।

শাহাবাজ হুসেন বলেন, "আমরা ছোট থেকেই সবাই একসঙ্গে বড় হয়েছি। এর আগে পুজোর বিভিন্ন দায়িত্ব নিয়েছি। এবার প্রতিমার শাড়ির দায়িত্ব নিয়েছি। আমার দাদা প্রতিমার দায়িত্ব নিয়েছে। আমরা সবাই এক, তাই একসঙ্গেই চলতে হবে। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ, ক্রিসমাস সব একসঙ্গে করি। আগামী দিনেও এভাবেই চলব।"

পুজো কমিটির সদস্য রাজেন বৈরাগী বলেন, "আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনও ভেদাভেদ নেই। আমাদের সমস্ত অনুষ্ঠানে যেমন ওঁরা থাকেন, তেমনই ওঁদের অনুষ্ঠানেও আমরা সামিল হই। যেখানে পুজো হয়, সেই জমিতে ঈদের অনুষ্ঠানও হয়। নবমীর ভোগ খাওয়ানোর সময় গোটা পাড়ার মানুষ এক হয়ে যায়। আমরা গর্বিত যে সবাই একসঙ্গে চলি। মুসলিমরাও মাকে শাড়ি, প্রতিমা দিয়েছেন। হিন্দুরাও যে যার দায়িত্ব পালন করছেন।"

পুজো দেখতে আসা লেলিসা বলেন, এখানে ধর্ম নিয়ে কোনও বাছবিচার হয় না। কেউ শাড়ি দিয়েছেন, কেউ ফুল দিয়েছেন, কেউ আবার প্রতিমা দিয়েছেন। সবাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করছেন এটাই ভালো লাগে।"

পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক স্বপন সাহা জানান, ৪৩ বছর আগে পথচলা শুরু হয় পাদ্রীপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির। তখন গ্রামে সেভাবে জগদ্ধাত্রী পুজোর চল ছিল না। গ্রামের ছোট ছেলেরা পুজো করার আবদার করেছিল। সেই থেকেই শুরু। আজও ঈদ, বড়দিন-সহ সব উৎসব একসঙ্গে পালন করা হয়। এখানে ধর্ম প্রাধান্য পায় না, এখানে যারা বসবাস করেন তাঁরা সবাই মানুষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0