'বেআইনি কাজ, বিজেপির প্ল্যান করা', ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ফের লাগিয়ে দেওয়া হল হোর্ডিং

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাইনবোর্ড ও হোর্ডিং সরানো নিয়ে রাজনৈতিক উত্তেজনা। KMC ও পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ অভিষেকের।

Aug 28, 2026 - 10:34
0 0
'বেআইনি কাজ, বিজেপির প্ল্যান করা', ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ফের লাগিয়ে দেওয়া হল হোর্ডিং

বৃহস্পতিবার হঠাৎই কেএমসি-র আধিকারিকরা (Camac Street Hoarding) পুলিশকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের (Abhishek Banerjee Office) সামনে আসেন। অভিযোগ, কোনও নোটিশ বা বৈধ অর্ডার কপি না দেখিয়েই অফিসের বাইরে থাকা সাইনবোর্ড এবং হোর্ডিং সরাতে উদ্যত হন তাঁরা। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পুর আধিকারিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, কোনও বেআইনি কাজ তাঁরা বরদাস্ত করবেন না। তারপরেই রাতে ফের অফিসের উপর সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতেই, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে সব কেএমসি-র আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটে এসেছিলেন, তাদের কোনও ব্যাচ ছিল না। আইডি ছিল না। আমি মেনে নিতে পারছি না, তারা আসলেই কেএমসি-র আধিকারিক ছিলেন। আধিকারিকরা অর্ডার কপি দেখাক, তার পর সেই বিষয় নিয়ে দরকার পড়লে কোর্টে যাওয়া হবে। ব্যক্তিগত কারওর পার্টি অফিসে সাইনবোর্ড কোথায় লাগাবে, তা কি বিজেপি ঠিক করবে? আগে থেকে কেন কোনও নোটিশ দেওয়া হয়নি? ভিতরে যে ওরা কী তছনছ করেছে, আপনারা ধারণাও করতে পারবেন না। তালা ভেঙে ঢুপকে পড়েছে সবাই। এসব কিছুই বিজেপির প্ল্যান করা।'

এদিন, কোনওরকম নোটিশ বা সঠিক অর্ডার কপি না দেখিয়েই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের সাইনবোর্ড খুলতে আসার অভিযোগ উঠল কলকাতা পুরসভা (KMC) ও পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পুরসভার এই পদক্ষেপকে ‘দাদাগিরি’ ও ‘গুন্ডাগিরি’ বলে তোপ দেগে গোটা ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।

এই ঘটনার পরে, তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে অভিযোগ করে অভিষেক বলেন, "এত ভয় কেন? মানুষের ভোটে যদি নির্বাচিত হন, তবে সভা-মিছিলের পারমিশন দেবেন না কেন? তৃণমূল ঘাসফুলের দল, ঘাস যত কাটবেন তত বাড়বে।" এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জানান, পুলিশের এই বেআইনি আচরণের বিরুদ্ধে নির্দিষ্ট অফিসারদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন তিনি।

পাশাপাশি, গোটা ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান অভিষেক। পুলিশ বা কেএমসি আধিকারিকরা ফের আসুক, তাঁরা আইনি পথেই এর মোকাবিলা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User