মাঠে তুমুল মারপিট, ৫১ জনকে লাল কার্ড দেখালেন রেফারি! আর্জেন্তিনাকে টপকে নয়া নজির ব্রাজিলের
ফুটবলের দেশ ব্রাজিলে এবার লাল কার্ডের বিশ্বরেকর্ড! এক ম্যাচেই রেফারি দেখালেন ৫১টি লাল কার্ড। উবেরলান্ডিয়া ও মামোরের যুব লিগের ম্যাচে তুলকালাম।
ফুটবল ম্যাচ নাকি লাল কার্ডের পাইকারি বাজার! রেফারি পকেটে করে ঠিক কতগুলো কার্ড নিয়ে মাঠে নেমেছিলেন, কে জানে। ঘটনা ব্রাজিলের। যুব লিগের একটি ম্যাচে রেফারি এতবার বুক পকেটে হাত ঢোকালেন, যে তা সরাসরি গড়ে ফেলল বিশ্বরেকর্ড। এক-আধটি নয়, এক ম্যাচেই ৫১টি লাল কার্ড!
ম্যাচ না রণক্ষেত্র?
মিনাস গেরাইস অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগ। মুখোমুখি উবেরলান্ডিয়া এবং মামোরে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্কোরলাইন তখন মামোরের পক্ষে ৩-১। গোল করেই বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে তুমুল ব্যঙ্গ মামোরের ফুটবলার দাভির।
ব্যস, তাতেই বারুদে অগ্নিসংযোগ! উবেরলান্ডিয়ার গোলকিপিং কোচ পাওলো সের্জিও দিয়াস দস সান্তোস সোজা মাঠে ছুটে গিয়ে ধরলেন দাভির কলার। তারপর যা হল, তা ফুটবল মাঠ না পাড়ার কুরুক্ষেত্র, বোঝা দায়! দু'পক্ষের দেদার লাথি-ঘুষির মধ্যে পড়ে রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তো তখন যেন লাল কার্ড বিলোনোর মেশিনে বদলে গেলেন। সব মিলিয়ে ৪৩ জন ফুটবলার এবং ৮ জন সাপোর্ট স্টাফকে লাল কার্ড (Red Card Record) দেখালেন তিনি। এর আগে ম্যাচে আরও তিনজন হাঁটা লাগান মাঠের বাইরে।
আর্জেন্তিনাকে টপকে নয়া নজির
ফুটবলের পাশাপাশি লাল কার্ডেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনাকে টেক্কা দিল ব্রাজিল। ২০১১ সালে আর্জেন্তিনার পঞ্চম ডিভিশনের এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে চুরমার।
তবে মারামারি শুধু ময়দানেই থেমে থাকেনি। গ্যালারি, বাথরুম, ড্রেসিংরুম—সর্বত্র ব্যাপক ভাঙচুর চলে। পরিস্থিতি সামলাতে ডাকতে হয় মিলিটারি পুলিশ। পুলিশের রিপোর্ট বলছে, ১৪টি দরজা, শাওয়ার, জানলার কাচ এবং অসংখ্য চেয়ার-টেবিল আক্ষরিক অর্থে ধুলিসাৎ। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা পুরোপুরি বাতিল (Brazil Football) করতে বাধ্য হন রেফারি।
'ফেয়ার প্লে'-র হাস্যকর নমুনা
তবে সবচেয়ে মজার বিষয় ম্যাচের পরের ঘটনা। ৫১ জন লাল কার্ড দেখায় মামোরের কাছে দ্বিতীয় লেগে নামার মতো মাত্র ৭ জন ফুটবলার অবশিষ্ট। এই অবস্থায় উবেরলান্ডিয়া এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। জানায়, 'ফেয়ার প্লে'-র নিদর্শন হিসেবে তারা দ্বিতীয় লেগ থেকে সরে দাঁড়াচ্ছে! ফলে ফাইনালে উঠল সেই মামোরে! আর উবেরলান্ডিয়া খেলবে তৃতীয় স্থানাধিকারের ম্যাচ। এমন চোখ কপালে তোলা মারামারির পর উবেরলান্ডিয়ার 'ফেয়ার প্লে'-র এই অসামান্য নমুনা দেখে ফুটবল দুনিয়া আপাতত হাসিতে লুটোপুটি খাচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0