‘মাথাটা নিচু কর, ক্যাচ ধরছি!’ চলন্ত বাইকে বসেই একহাতে ছক্কা লুফলেন পাক যুবক, জুটল নগদ পুরস্কার
এআই-এর কারসাজি নয়, ঘোর বাস্তব! চলন্ত বাইকের পিছনে বসেই মাঠের বাইরের ছক্কা একহাতে লুফে নিলেন পাকিস্তানের মেহরান খান। অবিশ্বাস্য ক্যাচে জুটল পুরস্কারও।
প্রথম দেখায় যে কারও মনে হতে পারে, নির্ঘাত এআই-এর কারসাজি! কিন্তু না, এ একেবারে ঘোর বাস্তব। চলন্ত বাইকের পিছনে বসে একহাতে লুফে নিলেন মাঠের বাইরে উড়ে আসা ক্রিকেট বল! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই ভিডিওর (Viral Video) নায়ক পাকিস্তানের মেহরান খান। বাইকে চেপে বাড়ি ফিরতে ফিরতেই যে রাতারাতি তারকা বনে যাবেন, ঘুণাক্ষরেও ভাবেননি তিনি।
উত্তর পাকিস্তানের সোয়াট অঞ্চলের মারঘাজারের বাসিন্দা মেহরান জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী। অফিস থেকে বন্ধুর বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন। মিঙ্গোরায় তখন চলছে সোয়াট প্রিমিয়ার লিগের (Swat Premier League) ম্যাচ—সোয়াট স্ট্রাইকার্স বনাম জিকেআর দির। রাস্তা দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি, নাকি সুবর্ণ সুযোগ! ব্যাটার আবরার লালার হাঁকানো বিশাল ছক্কা মাঠ পেরিয়ে উড়ে এল সোজা রাস্তায়। পেশাদার ফিল্ডারদের লজ্জা দিয়ে চলন্ত বাইক থেকেই একহাতে বল তালুবন্দি করলেন মেহরান।
‘আগেই বলেছিলাম, মাথা নিচু কর!’
বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে অবিশ্বাস্য ক্যাচের নেপথ্য গল্প শুনিয়েছেন 'ভাইরাল যুবক' (Pakistan Cricket)। জানালেন, বলের গতিপথ দেখেই বন্ধুকে সতর্ক করেছিলেন। তাঁর কথায়, ‘আমি ক্রিকেটভক্ত, নিজে খেলি এবং দেখিও। দেখলাম ক্রিজে আবরার লালা, ও ছক্কা মারল। বাইক চালানো বন্ধুকে বললাম, মাথাটা নিচু কর, আমি ক্যাচ ধরছি! তারপর ধরে ফেললাম।’
অবশ্য নিজেই ভাবেননি বল হাতে জমে যাবে। অকপট স্বীকারোক্তি, ‘ধরতে পারব ভাবিনি। চেষ্টা করেছিলাম মাত্র। ভেবেছিলাম আশেপাশে কোথাও পড়বে, কিন্তু ঈশ্বরের কৃপায় ধরে ফেললাম।’
নগদ পুরস্কার আর বল ‘চুরি’র গুজব
মেহরানের কথায়, ‘ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেল, আমি তো জানতামই না।’
তবে তাঁর ক্ষিপ্রতার দাম দিতে দেরি করেননি আয়োজকরা। পাকিস্তান সেনাবাহিনীর অর্থসাহায্যে তৎক্ষণাৎ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে সোয়াট প্রিমিয়ার লিগ। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহরান কৃতজ্ঞতা জানিয়েছেন ঈশ্বরকে।
যদিও নেটদুনিয়ায় গুজব রটে, ক্যাচ ধরেই নাকি বল নিয়ে চম্পট দিয়েছেন তিনি! সেই জল্পনা উড়িয়ে মেহরানের সাফাই, ‘লোকে বলছে আমি নাকি বলটা নিয়ে চলে যাচ্ছিলাম, তা মোটেই সত্যি নয়। আমি ফেরত দিয়ে দিয়েছি।’ ম্যাচে ৩৪ রানে জেতে সোয়াট স্ট্রাইকার্স; প্রতি বছর এই ‘চমৎকার প্রতিযোগিতা’ আয়োজনের অনুরোধও জানান তিনি।
মাঠের বাইরের অদ্ভুত ক্যাচের তালিকায় মেহরান
ক্রিকেট ইতিহাসে দর্শকদের এমন চমকপ্রদ ক্যাচ অবশ্য নতুন নয় (Cricket News)। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় মুখে সিগারেট নিয়েই প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার ইয়ান বোথামের ছক্কা হেলায় লুফে নিয়েছিলেন এক ক্যামেরাম্যান। ২০১৪-য় নিউজিল্যান্ডের ঘরোয়া ম্যাচে ঢাল বেয়ে গড়িয়ে নেমে একহাতে ক্যাচ ধরেন আনকোরা দর্শক। আর গত বছর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে একহাতে দু’টি পানীয়ের ক্যান ধরে রেখেই অন্য হাতে ক্যাচ নেন এক সমর্থক। সেই বিরল তালিকায় এবার সগৌরবে জুড়ে গেল চলন্ত বাইকে মেহরান খানের কীর্তিও!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0