মিঠুনের 'দেশি জেমস বন্ড' ভাবমূর্তি অনুপ্রেরণা, নতুন 'গানমাস্টার জি৯' ইমরান হাশমি
সত্তরের দশকে মিঠুন চক্রবর্তীর অভিনয় করা জেমস বন্ড ধাঁচের 'গানমাস্টার জি৯' কীভাবে আধুনিক যুগের ইমরান হাশমির নতুন অ্যাকশন থ্রিলারকে অনুপ্রাণিত করল, জেনে নিন বিস্তারিত।
নামটা শুনলেই হয়তো নতুন প্রজন্মের দর্শকের মনে পড়বে ইমরান হাশমির আসন্ন ছবি। কিন্তু ‘Gunmaaster G9’ আসলে একেবারে নতুন কোনও নাম নয়। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মিঠুন চক্রবর্তীর পুরনো দিনের স্পাই-অবতার। কয়েক দশক পর সেই চরিত্রই নতুন আঙ্গিকে ফিরতে চলেছে বড় পর্দায়।
ইমরানকে মুখ্য চরিত্রে রেখে তৈরি ‘Gunmaaster G9’-এর মুক্তির দিন ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে। আদিত্য দত্ত পরিচালিত এই ছবিকে বলা হচ্ছে নতুন প্রজন্মের অ্যাকশন ড্রামা। ছবিতে ইমরানের সঙ্গে রয়েছেন জেনেলিয়া দেশমুখ এবং অপারশক্তি খুরানা।
আদিত্য দত্তের পরিচালনায় পথচলা শুরু হয়েছিল ‘আশিক বানায়া আপনে’ দিয়ে। সেই ছবির জনপ্রিয় গান ‘আশিক বানায়া আপনে’র সুরকার-গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গেও নতুন ছবিতে তাঁর ফের জুটি হয়েছে।
তবে ‘Gunmaaster G9’ নামটির আসল গল্প বহু পুরনো। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘সুরক্ষা’ ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিলেন সিবিআই অফিসার গোপি ওরফে (কোড নেম) Gunmaster G9-এর ভূমিকায়। রঞ্জীতা, জীবন, জগদীপ, ইফতেখার এবং অরুণা ইরানি ছিলেন সেই ছবিতে। পরিচালক রবিকান্ত নাগাইচ।
ছবির গল্পে G9-এর লড়াই ছিল শিবশক্তি অর্গানাইজেশনের বিরুদ্ধে। আন্তর্জাতিক গুপ্তচর ছবির ছাঁচে তৈরি এই সিনেমায় ছিল বন্ড-সুলভ সাজসজ্জা, বিচিত্র খলনায়ক এবং রোমাঞ্চে ভরা অভিযান। এমনকি অর্ধেক মানুষ, অর্ধেক রোবট জাঙ্গো-র মতো চরিত্রও ছিল। স্পেশাল এফেক্ট সেই যুগে এখনকার মতো উন্নত না হওয়ায় বিমানের বিস্ফোরণ দেখাতেও ব্যবহার করা হয়েছিল খেলনা বিমান।
‘সুরক্ষা’র সাফল্যের পর ১৯৮২ সালে আসে ‘ওয়ারদাত’। সেখানেও মিঠুনের G9 ফিরে আসে। এবার গল্পের কেন্দ্রে ছিল কৃষিজমিতে হামলা চালানো বিশাল আকারের পঙ্গপাল। তদন্ত করতে গিয়ে G9 পৌঁছে যায় এমন একদল বিজ্ঞানীর কাছে, যারা প্রকৃতিকে ব্যবহার করে ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ছবিতে খলনায়কের সহযোগীর ভূমিকায় ছিলেন শক্তি কাপু।
তবে ‘ওয়ারদাত’ বক্স অফিসে প্রথম ছবির মতো সাফল্য পায়নি। একন নতুন ‘Gunmaaster G9’ কতটা পুরনো সেই স্পাই-জগতকে ধরে রাখতে পারে, তার উত্তর মিলবে নভেম্বরে। বিশেষ করে মিঠুনের আইকনিক G9-কে ইমরান কীভাবে নতুন প্রজন্মের জন্য পর্দায় হাজির করেন, সেটা দেখার।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)