'মোদীর বাবাও যাবে!' খাড়্গের মন্তব্যের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু বিজেপির, চাইতে বলা হল ক্ষমা

কংগ্রেস সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "এই পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই আপত্তিকর মন্তব্য কিন্তু সাধারণ কোনও কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরনো একটি দলের জাতীয় সভাপতি করেছেন।"

Oct 27, 2026 - 11:55
'মোদীর বাবাও যাবে!' খাড়্গের মন্তব্যের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু বিজেপির, চাইতে বলা হল ক্ষমা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রয়াত বাবাকে উদ্দেশ্য করে 'অশালীন' ও 'আপত্তিকর' মন্তব্যের জেরে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি। সোমবার দেশের সমস্ত রাজ্য সদর দফতরে একযোগে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব খাড়্গের ইস্তফা এবং প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিতর্ককে ঘিরে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী পক্ষের চরম কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটেছিল রবিবার পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে। জনসভায় আসা এক ব্যক্তি "প্রধানমন্ত্রী মোদী কোথাও যাবেন না" বলে চিৎকার করলে, তার উত্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বিতর্কিত মন্তব্য করে বসেন। বলেন, "উনি যাবেন না, ওঁর বাবা যাবে!" এই ঘটনার পর থেকেই সারা দেশে বিজেপির বিক্ষোভ চরম আকার ধারণ করে। বিহারের রাজধানী পাটনায় হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক খাড়্গের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল বের করেন এবং তাঁর কুশপুতুল দাহ করেন। একই ছবি ধরা পড়েছে জম্মু ও বেঙ্গালুরুর ফ্রিডম পার্ক সহ দিল্লি, মুম্বই, রাঁচি ও কলকাতাতেও।

কংগ্রেস সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "এই পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই আপত্তিকর মন্তব্য কিন্তু সাধারণ কোনও কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরনো একটি দলের জাতীয় সভাপতি করেছেন। তার চেয়েও বড় কথা, ভুল স্বীকার করে দুঃখপ্রকাশের বদলে কংগ্রেস নেতৃত্ব এই মন্তব্যের সমর্থনে সাফাই গেয়ে সাধারণ মানুষের অনুভূতিতে চরম আঘাত হানছে।"

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, "রাহুল গান্ধীর মানসিক অপরিণতবোধ সম্পর্কে আমাদের জানা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে অসৎ সঙ্গের প্রভাবেই দলের সভাপতিও একই রোগে আক্রান্ত হয়েছেন। কোনও ব্যক্তির প্রয়াত বাবা-মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করাই এখন কংগ্রেসের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।"

তবে বিজেপির এই আগ্রাসী আক্রমণের কড়া জবাব দিয়েছে কংগ্রেস ও বিরোধী 'ইন্ডিয়া' (INDIA)। কর্নাটকের মন্ত্রী তথা খাড়্গের পুত্র প্রিয়াঙ্ক খাড়্গে পাল্টা তোপ দেগে বলেন, "অনর্থক বিষয়কে বড় করে তুলে রাজনৈতিক ইস্যু তৈরি করা বিজেপির পুরনো অভ্যাস। অতীত দিনে নরেন্দ্র মোদী বা অমিত শাহ কী ধরণের ভাষা ব্যবহার করেছেন, তা এই তথাকথিত 'সংস্কৃতিবান' মানুষেরা ভুলে গিয়েছেন। বিজেপির থেকে আমাদের সংস্কৃতি শিখতে হবে না।"

অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (RJD) সাংসদ মনোজ ঝা খাড়্গের ভাষা নিয়ে দ্বিমত না থাকলেও বিজেপির দ্বিচারিতার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "অতীতে যখন সনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে বিজেপি নেতারা কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন তো সংবাদমাধ্যম বা বিজেপি শিবিরের মধ্যে এমন প্রতিবাদ ও ক্ষোভ দেখতে পাওয়া যায়নি। প্রতিবাদ কখনই বেছে বেছে হওয়া উচিত নয়।"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0