রাখিতে সারাদিনই দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টির দাপট, কলকাতাসহ ৯ জেলায় হলুদ সতর্কতা

রাখির দিন থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Aug 28, 2026 - 11:24
0 0
রাখিতে সারাদিনই দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টির দাপট, কলকাতাসহ ৯ জেলায় হলুদ সতর্কতা

বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই আগামীকাল, শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয়ভাবে বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় রবি ও সোমবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যে সময় বৃষ্টি হবে না, সে সময় বজায় থাকবে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের মেজাজ বদলাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় এই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। একই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে।

কলকাতা শহরেও আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে তিলোত্তমায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দু-এক পশলা ভারী বৃষ্টির কারণে জারি থাকবে হলুদ সতর্কতা।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ও কাল হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আগেই কমবে দুর্যোগ; রবিবার থেকেই সেখানে বৃষ্টির দাপট কমে আসার সম্ভাবনা রয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User