শান্তিরক্ষা বন্ডে সই নয় কেন? সংবিধান দিবসেই ওয়াংচুককে শো-কজ নোটিস লেহ প্রশাসনের, পাল্টা সোনম

পিস বন্ড বা শান্তি বজায় রাখতে বন্ড (peace bond) কেন স্বাক্ষর করবেন না তিনি, তা জানাতে তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তলব পাওয়ার পরই 'এক্স'-এ একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্ষুব্ধ ওয়াংচুক।

Nov 26, 2026 - 17:37
শান্তিরক্ষা বন্ডে সই নয় কেন? সংবিধান দিবসেই ওয়াংচুককে শো-কজ নোটিস লেহ প্রশাসনের, পাল্টা সোনম

লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের তরফে শো-কজ নোটিস পেলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk show cause)। পিস বন্ড বা শান্তি বজায় রাখতে বন্ড (peace bond) কেন স্বাক্ষর করবেন না তিনি, তা জানাতে তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তলব পাওয়ার পরই  'এক্স'-এ একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্ষুব্ধ ওয়াংচুক।

প্রসঙ্গত, আজই ভারতের সংবিধান দিবস। সেই দিনেই এই নোটিস পাওয়ায় কটাক্ষ করে 'সংবিধান দিবসে'র শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের পোস্টে সোনম লিখেছেন, "এই পবিত্র দিনে আজ সকালে কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের কাছ থেকে এই সমন পেলাম। শান্তি বন্ডে সই করতে হবে না কেন, তা ব্যাখ্যা করার জন্য আজ আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে বলা হয়েছে।"

প্রশাসনের তরফে কী কী অভিযোগ রয়েছে সোনমের বিরুদ্ধে?

লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ নির্বাচন ঘোষিত হয়েছে, আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। ইলেকশন রুলস, ২০২৬ বলছে, ফলাফল ঘোষণার আগে পর্যন্ত নির্বাচন আধিকারিক ও নির্ধারিত পুলিশ আধিকারিকরা কমিশনের ডেপুটেশনে আছেন বলে গণ্য হবেন। এই তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে, নির্বাচনের সময় লেহ জেলায় শান্তিভঙ্গ বা জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ নম্বর ধারায় পদক্ষেপ করার যথেষ্ট কারণ রয়েছে।

নোটিসে উল্লিখিত অভিযোগের মূল বিষয়গুলি হল - সোনমের ডাকা জমায়েতে সরকারি কর্মচারীদের নির্বাচনের সময় গণছুটিতে যাওয়ার আবেদন জানানো হয়েছিল, যাতে "কেউ উপস্থিত না থাকেন"। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে এও অভিযোগ এসেছে যে, শীতকালে নির্বাচন পরিচালনার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছিল এবং যাঁদের "লুকোনোর বা ভয় পাওয়ার কিছু রয়েছে", তাঁদের সাময়িকভাবে লাদাখ ছেড়ে যাওয়ার মন্তব্য করা হয়েছিল।

প্রশাসনের পাঠানো নোটিস বলছে, ২৬ নভেম্বরে জনগণকে জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়েছিল এবং ভোটের দিন ৪ ডিসেম্বরের আগে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনশনের আবেদন জানানো হয়েছিল।

সোনমের যুক্তি

পাল্টা প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে সোনম জানিয়েছেন, বরাবর শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই তিনি দাঁড়িয়েছেন। নিজের এই অবস্থানের ব্যাখ্যা দিয়ে ওয়াংচুক লেখেন, "মাইনাস ১৫ ডিগ্রি শীতের রাতেও আমি সব সময় এবং কেবল ধর্না ও অনশনের মতো শান্তিপূর্ণ প্রতিবাদের উপায়েরই আবেদন জানিয়েছি, যাতে অন্য কারও নয়, কেবল নিজেদেরই কষ্ট হয়।''

লেহ-র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নোটিসে কী বলা হয়েছে?

'জেনারেল ইলেকশন টু এলএএইচডিসি (LAHDC), লেহ, ২০২৬'-এর সঙ্গে যুক্ত শান্তি বজায় রাখার বন্ড কার্যকর করার বিষয়ে কেন সোনমকে নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শর্ত দেওয়া হয়েছে, বন্ডের মেয়াদকালে শান্তি বজায় রাখতে হবে, জনশান্তি বিঘ্নিত করা যাবে না, নির্বাচনের দায়িত্বে থাকা কাউকে দায়িত্ব পালনে বিরত থাকার প্ররোচনা দেওয়া যাবে না এবং কোনও ভোটার, প্রার্থী বা নির্বাচন কর্মীকে বাধা, হুমকি বা বলপ্রয়োগ করা যাবে না।

পরিস্থিতি সাপেক্ষে তাঁর কথা আগেও বিকৃত করা হয়েছে, সরাসরি এমন অভিযোগ তুলেছেন ওয়াংচুক। তাঁর সাফ বক্তব্য, ''যাঁরা যা শুনতে চান, সেই স্বার্থে আমার কথাগুলো প্রায়শই বিকৃত করা হয়। ভাগ্যিস এবার যথেষ্ট নথিগত প্রমাণ রয়েছে, যেমনটা গত বছর এনএসএ (NSA) মামলার ঘটনায় ছিল।'' তবে প্রশাসনেরত নির্দেশমতো তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দেবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন বলেও স্পষ্ট জানিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0