‘হয় ফিরুন নয় ছাড়ুন!’ ভিসায় দাঁড়ি টানল আইবিএম, ৩১ ডিসেম্বরের ডেডলাইনে দোটানায় ভারতীয় কর্মীরা
সংস্থার এই পদক্ষেপে আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর ভবিষ্যৎ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রভাবিত কর্মীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য কোনও দেশে বদলি হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা সংস্থা ছাড়ার বিকল্প দেওয়া হয়েছে।
কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে আমেরিকার (America) ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড (Visa Green Card) স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিল তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)। বিশ্বজুড়ে দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছে এই বিভাগে। সংস্থার এই পদক্ষেপে আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর ভবিষ্যৎ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রভাবিত কর্মীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য কোনও দেশে বদলি হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা সংস্থা ছাড়ার বিকল্প দেওয়া হয়েছে।
কী সিদ্ধান্ত ও কতটা সময়সীমা?
আইবিএমের সবচেয়ে বড় শাখা ‘আইবিএম কনসাল্টিং’-এর অধিকাংশ পদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঠিক কত জন কর্মী এতে ক্ষতিগ্রস্ত হবেন বা কত জন আমেরিকায় কর্মরত, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এইচ-১বি ভিসাধারী এবং যাঁরা গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ওপর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশে স্থানান্তরিত হতে চান কি না, তা ঠিক করার জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যাঁরা দেশের বাইরে পদান্তর গ্রহণ করবেন না, তাঁদের তিন মাসের সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে এবং আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ হবে তাঁদের শেষ কর্মদিবস।
কেন ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম?
ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর সহজলভ্যতাকেই এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখিয়েছে আইবিএম। সংস্থার এক মুখপাত্র জানান, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে তাঁরা এত দিন আমেরিকার উচ্চ-দক্ষতা সম্পন্ন ভিসা কর্মসূচি ব্যবহার করতেন। কিন্তু বেশ কয়েক বছর ধরেই সেই অংশগ্রহণ কমছিল। মুখপাত্রের কথায়, “দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং-এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে সংস্থার সব শাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়। মূলত কনসাল্টিং বিভাগের ক্ষেত্রেই তা কার্যকর হচ্ছে।
পাশাপাশি, কনসাল্টিং ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখা নিয়েও চাপে রয়েছে আইবিএম। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্ট-এর মতো সংস্থাকে অধিগ্রহণ করে নিজেদের সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হিসেবে ঢেলে সাজানোর মাঝে ২০২৪ সাল থেকেই কনসাল্টিং শাখার পারফরম্যান্স অনেকটাই স্থিতিশীল বা ফ্ল্যাট রয়েছে।
ভারত হতে পারে বড় গন্তব্য, তবে জটিলতাও রয়েছে
সংস্থায় থাকতে চাইলে অন্য দেশে যাওয়ার পথ খোলা রয়েছে কর্মীদের সামনে। সে ক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ‘রেস্ট অফ ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইবিএমের কেরিয়ার পোর্টালে আমেরিকার বাইরে কনসাল্টিং বিভাগে ১,২৭৮টি শূন্যপদ ছিল, যার মধ্যে ১,১২৫টিই ভারতে। এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং ব্রিটেনে ১৮টি পদ ছিল, আর আমেরিকায় তালিকাভুক্ত ছিল ৮৯টি শূন্যপদ।
তবে কত জনকে বিদেশে কাজের সুযোগ দেওয়া হবে এবং সেই পদগুলির বেতন ও কাজের ধরন বর্তমানের সমান হবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। আমেরিকায় বহু বছর ধরে সংসার ও জীবন গড়ে তোলা কর্মীদের কাছে স্থানান্তরের অর্থ বেতন, জীবনযাত্রা ও পারিবারিক দায়বদ্ধতায় রদবদল।
মার্কিন ভিসা নীতি ও কড়াকড়ির আবহ
এমন এক সময়ে আইবিএম এই সিদ্ধান্ত নিল, যখন কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর কড়া নজরদারি বাড়িয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ বিশেষ কাজের জন্য বিদেশি পেশাদার নিয়োগের এইচ-১বি ভিসা ব্যবস্থার অন্যতম প্রধান সুবিধাভোগী ভারতীয় প্রযুক্তি কর্মীরা। কিন্তু ট্রাম্প প্রশাসন এই ব্যবস্থাকে আরও কড়া করার পথে হেঁটেছে। যার মধ্যে নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনে ১ লক্ষ ডলার ফি-র প্রস্তাব এবং বেশি বেতনের পদগুলিকে ভিসা নির্বাচনে বাড়তি গুরুত্ব দেওয়ার মতো বিষয় রয়েছে। এ ছাড়া কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগেও সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানো হয়েছে।
গত মাসেই মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজেন্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-সহ একাধিক আউটসোর্সিং সংস্থাকে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে হয়েছে।
ভারতীয় পেশাদারদের জন্য কী বার্তা?
আইবিএমের এই পদক্ষেপ আমেরিকায় কর্মরত ভারতীয় পেশাদারদের সংস্থার ভিসা-নির্ভরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ‘ইনক্রুটার’-এর প্রতিষ্ঠাতা ও সিইও অনিল আগরওয়াল এনডিটিভিকে বলেন, আইবিএমের এই সিদ্ধান্ত প্রযুক্তি শিল্পের বৃহত্তর পরিবর্তনেরই ইঙ্গিতবাহী। গ্রাহকের চাহিদা, শ্রমবাজার ও সংস্থার লক্ষ্য অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় বদল আনা হচ্ছে— যা সংস্থার ভিসার ওপর নির্ভরশীল ভারতীয়দের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তাঁর মতে, বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মেলাতে পেশাদারদের এমন দক্ষতা তৈরি করতে হবে যা সব সময় প্রাসঙ্গিক থাকে। এআই এবং অটোমেশনের যুগে নতুন প্রযুক্তি, বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের ক্ষমতা এবং ব্যবসায়িক প্রভাব তৈরির মতো দক্ষতার গুরুত্ব আরও বাড়বে। যদিও নিয়োগের ভৌগোলিক কেন্দ্র বদলালেও বিশ্বজুড়ে উচ্চমানের দক্ষ পেশাদারদের চাহিদা কমবে না বলেই মনে করেন অনিল আগরওয়াল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0