দিঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, মমতাকে দুষে শুভেন্দুকে ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর

গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিঘার জগন্নাথ মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে গোটা কমপ্লেক্সটি ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ এবং ভেতরের মন্দিরটি ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির’ নামে পরিচিত হবে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

Nov 26, 2026 - 17:34
দিঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, মমতাকে দুষে শুভেন্দুকে ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর

দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই পদক্ষেপের জন্য বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (Mohan Charan Manjhi)। সেইসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী দুষেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন শুভেন্দু। চিঠিতে তিনি জানান, ওড়িশাবাসী এবং জগন্নাথ ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগের কথা মাথায় রেখেই দিঘার ওই কমপ্লেক্সের নাম বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এখন থেকে গোটা কমপ্লেক্সটি ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ নামে পরিচিত হবে এবং এর ভেতরে থাকা মন্দিরটির নাম হবে ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির’। শুভেন্দুর মতে, এই নতুন নামকরণ মন্দিরের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি গোটা প্রকল্পের বৃহত্তর সাংস্কৃতিক চরিত্রকে যথাযথভাবে তুলে ধরবে। এর ফলে দুই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধা আরও সুদৃঢ় হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার শুভেন্দুর সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘মহাপ্রভু শ্রীজগন্নাথ বিশ্বের আধ্যাত্মিক আত্মা এবং আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পূর্বতন পশ্চিমবঙ্গ সরকার শ্রীক্ষেত্রের অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে পবিত্র ‘জগন্নাথ ধাম’ নামটি ব্যবহার করায় কোটি কোটি ভক্তের ভাবাবেগে গভীর আঘাত লেগেছিল।’

এরপরই বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোহন লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, তাঁর পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দিঘার মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সরকারি নিশ্চয়তা দিয়েছেন। তাঁর এই সংবেদনশীলতা ও দ্রুত পদক্ষেপের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ ওড়িশা ও পশ্চিমবঙ্গের দুই বিজেপি-চালিত সরকারের পারস্পরিক সহযোগিতা এবং সনাতন ঐতিহ্যের প্রতি সম্মানের কারণেই এই ইতিবাচক সমাধান সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ওড়িশাবাসীর তরফে কৃতজ্ঞতা জানিয়ে মাঝি স্পষ্ট করেন, তাঁর সরকার ওড়িয়া অস্মিতা এবং মহাপ্রভুর মহিমা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর গত জুন মাসেই এই বিষয়ে প্রথম পদক্ষেপ করেছিলেন শুভেন্দু। ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তির চিঠি নিয়ে নবান্নে এসেছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তাঁর উপস্থিতিতেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

সেই সময়ে দিঘার মন্দিরকে ‘ধাম’ বলা নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছিল। শাস্ত্র এবং অভিধানের ব্যাখ্যা তুলে ধরে শুভেন্দু স্পষ্ট করেন, শাস্ত্র বা অভিধান, কোনও নিয়মেই দিঘার নবনির্মিত মন্দিরকে ‘ধাম’ বলা যায় না। সেই ঘোষণার পর এবার সরকারিভাবে চিঠি দিয়ে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে আগের সরকারের আমলের বিতর্কে ইতি টানল রাজ্য সরকার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0