বাদ পড়া ভোটারদের বাড়ি গিয়ে নথি খতিয়ে দেখছে পুলিশ, অভিযোগ সেলিমের! কার নির্দেশে, স্পষ্ট করার দাবি

ভোটার তালিকা থেকে নাম বাদ ও ট্রাইব্যুনাল শুনানির মাঝে বাড়ি বাড়ি গিয়ে পুলিশি নথি যাচাইয়ের অভিযোগ। সাধারণ মানুষকে আসল নথি জমা না দেওয়ার পরামর্শ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

Nov 26, 2026 - 13:42
বাদ পড়া ভোটারদের বাড়ি গিয়ে নথি খতিয়ে দেখছে পুলিশ, অভিযোগ সেলিমের! কার নির্দেশে, স্পষ্ট করার দাবি

ভোটার তালিকা সংশোধন (Voter List Row) এবং নাম বাদ পড়াকে কেন্দ্র করে এবার সরাসরি পুলিশ ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। তাঁর অভিযোগ, ম্যাপিং এবং ভোট দেওয়ার পরেও অসংখ্য মানুষের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। এর নেপথ্যে নির্বাচন কমিশন, সিইও (CEO) দফতর থেকে শুরু করে এইআরও (AERO) এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, ট্রাইব্যুনালের শুনানিতে যাঁদের নাম আটকে রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে পুলিশের নথি যাচাই (Police Verification) করার ঘটনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা সেলিমের।

সেলিম বলেন, ''বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল, সেখানে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এত অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করা যেমন সম্ভব নয়, তেমনই ট্রাইব্যুনালের বিচারকদের পক্ষেও তা সামাল দেওয়া কঠিন। ঠিক এই পরিস্থিতির মাঝেই এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে, স্থানীয় থানা থেকে পুলিশকর্মীরা সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছেন।'' সিপিএমের রাজ্য সম্পাদকের অভিযোগ, ট্রাইব্যুনালের হিয়ারিং-এ যাঁদের নাম আটকে ছিল, তাঁদের কাছ থেকে পরিচয়পত্র ও অন্যান্য নথি দেখতে চাইছে পুলিশ।

পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে পুলিশের কোনও আইনি এক্তিয়ারই নেই। কে ভোটার হবেন আর কে হবেন না, তা নির্ধারণ করা পুলিশের কাজ নয়। রাজ্য প্রশাসনকে বিঁধে সেলিমের কটাক্ষ, ''বর্তমান সরকার হোক বা পূর্বতন সরকার—পুলিশ ছাড়া এদের যেন আর কোনও দফতরই নেই। যখনই সরকার কোনও বিপদে পড়ে, তখনই পুলিশকে সামনে এগিয়ে দেয়।''

পুলিশের নথি দেখতে চাওয়ার প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। সেলিমের বক্তব্য, পুলিশ কোন ক্ষমতাবলে বা কোন কর্তৃপক্ষের নির্দেশে এই নথি দেখতে চাইছে, তা আগে স্পষ্ট করতে হবে। যদি ট্রাইব্যুনালের বিচারককে সাহায্য করার নাম করে নথি যাচাই করা হয়, তবে সেই সমস্ত নথিপত্র তো ইতিমধ্যেই জমা দেওয়া রয়েছে। সাধারণ মানুষ আর কতবার তা জমা দেবেন? কোনও আইনেই পুলিশের এই নথি নেওয়া বা দেখার অধিকার নেই।''

শুধু তাই নয়, পুলিশের এই নথি দেখতে চাওয়ার বিষয়টি নিয়ে আরও একটি স্পষ্ট করে তিনি বলেন, ''নথি চাইলে তা লিখিতভাবে জানাতে হবে পুলিশকে। ঠিক যেমনভাবে সরকারি নোটিস জারি করা হয়, তেমনই লিখিত নির্দেশনামা দিতে হবে।'' জেলার পুলিশ সুপারদের উদ্দেশে তাঁর সরাসরি প্রশ্ন, কার নির্দেশে থানা থেকে পুলিশ বা সিভিক ভলান্টিয়াররা বাড়ি বাড়ি ঘুরছেন?

সাধারণ মানুষের উদ্দেশে সেলিমের সুনির্দিষ্ট পরামর্শ, পুলিশ নথি দেখতে চাইলে তাতে আপত্তি করার কিছু নেই, প্রয়োজনে তা দেখিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এও সতর্ক করেছেন তিনি যে, কোনও অবস্থাতেই কোনও নথিপত্র পুলিশের হাতে জমা দেওয়া চলবে না, বিশেষ করে কোনও ‘অরিজিনাল’ বা আসল নথি তো একেবারেই নয়। কারণ হিসেবে তাঁর সোজাসাপ্টা মন্তব্য, পুলিশের উপরে মানুষের কোনও বিশ্বাস নেই।

একইসঙ্গে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে সেলিম জানান, এই প্রক্রিয়ায় কারও কোনো অসুবিধা হলে প্রতিটি বুথ এবং এলাকায় থাকা বাম কর্মী-সমর্থকদের (পার্টি কমরেডদের) সঙ্গে যোগাযোগ করতে হবে। দলের আইনজীবীরাও প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই লড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0