Nepal Flood: বিদেশি সাহায্য নিয়ে নেপালের সুর বদল! উদ্ধারকাজের জন্য ভারত-চিনকে পাশে চাইল বালেন সরকার
নেপালে ভোটেকোশী নদীর ভয়াবহ হড়পা বানে ৫৫০ জনেরও বেশি মৃত্যুর পর আন্তর্জাতিক চাপের মুখে সুর বদলালো কাঠমাণ্ডু। টানেল রেসকিউ ও ডিএনএ পরীক্ষার জন্য ভারতসহ ৪ দেশের বিশেষজ্ঞ টিম নামালো নেপাল সরকার।
ভোটেকোশী নদীর (Bhotekoshi flood) ভয়াবহ হড়পা বানে (Nepal flash floods) ভেসে গিয়ে এখনও নিখোঁজ বহু বিদেশি নাগরিক। আর সেই নিখোঁজদের খুঁজতে আন্তর্জাতিক মহলের প্রচণ্ড কূটনৈতিক চাপ তৈরি হতেই অবশেষে নিজেদের একরোখা সিদ্ধান্ত থেকে সরে এল নেপাল সরকার (Nepal Govt)। প্রথমে বিদেশি উদ্ধারকারী দলকে দেশে ঢুকতে বাধা দিলেও (Indian missing in Nepal flood), শুক্রবার কার্যত বাধ্য হয়েই ভারত, চিন, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিশেষজ্ঞ টিমকে আসার অনুমতি (Nepal disaster rescue assistance) দিল কাঠমাণ্ডু।
বুধবারই নেপাল সরকার জানিয়েছিল যে তাদের নিজস্ব উদ্ধারকারী বাহিনীই পরিস্থিতি সামলাতে সক্ষম। কিন্তু বিভিন্ন দেশ থেকে আসা লাগাতার চাপের মুখে পরদিনই সিদ্ধান্ত বদলাতে হয়। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালে জানান, সাধারণ উদ্ধারকাজের জন্য নয়, বরং হাইড্রোপাওয়ার টানেল থেকে মানুষ উদ্ধার, দ্রুত ডিএনএ (DNA) পরীক্ষা এবং ফরেনসিক তদন্তের মতো যেসব বিশেষ কারিগরি ক্ষেত্রে নেপালের দক্ষতা কম, কেবল সেখানেই বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।
পরিস্থিতির ভয়ানক রূপ
মৃত ও নিখোঁজ: নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, ভোটেকোশী ও ত্রিশূলী নদীর এই হড়পা বানে এ পর্যন্ত ৫৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১ হাজার ৯২৪ জন।
বিদেশি নাগরিকদের তালিকা: নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৮ জন ভারতীয়। এছাড়া ১০০ জন চিনা, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিকের কোনও খোঁজ মিলছে না।
আপার ত্রিশূলী-১ প্রকল্পে মহা সংকট
সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ২১৬ মেগাওয়াটের 'আপার ত্রিশূলী-১' জলবিদ্যুৎ কেন্দ্রে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ১ হাজার ৩৫০ জন কর্মী কাজ করছিলেন, যার মধ্যে এখনও পর্যন্ত ৫৭৬ জন শ্রমিকের কোনও হদিস পাওয়া যায়নি। তারা টানেলের ভিতরে আটকে রয়েছেন নাকি ভেসে গেছেন, তা স্পষ্ট নয়। ধস ও বন্যায় রাস্তাঘাট ভেঙে পড়া এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কালঘাম ছুটছে উদ্ধারকারীদের। হেলিকপ্টার নামানোর চেষ্টা করা হলেও অপ্রতুল ল্যান্ডিং স্পেসের কারণে তা অসম্ভব হয়ে পড়ছে।
সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত
সংকটজনক এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার পর দিল্লি থেকে জরুরি সাহায্য পাঠানো হয়েছে। ১০ টন ত্রাণ সামগ্রী ও জেনারেটরের পাশাপাশি এনডিআরএফ (NDRF), ১১ জনের চিকিৎসক দল এবং বিশেষ টানেল উদ্ধারকারী টিম ইতিমধ্যেই নেপালে পৌঁছেছে। একইভাবে দক্ষিণ কোরিয়াও তাদের ৯ জন নিখোঁজ নাগরিকের খোঁজে বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে।
আপাতত রাসিন ও নুয়াকোট অঞ্চলের ১৪টি ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এবং মৃতদেহ দ্রুত শনাক্তকরণের কাজে যুক্ত হচ্ছেন এই বিদেশি বিশেষজ্ঞরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)