Ranji Trophy: মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৩ রানে ৯ উইকেট, বিদর্ভের হয়ে রেকর্ড হর্ষ দুবের

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৩ রান দিয়ে একাই ৯টি উইকেট নিলেন বিদর্ভের স্পিনার হর্ষ দুবে। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০৯ রানে শেষ মধ্যপ্রদেশের প্রথম ইনিংস।

Nov 02, 2026 - 18:08
Ranji Trophy: মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৩ রানে ৯ উইকেট, বিদর্ভের হয়ে রেকর্ড হর্ষ দুবের

নাগপুরে স্পিনের ভেলকি। বাইশ গজে কার্যত একাই ধ্বংসলীলা চালালেন বিদর্ভের তরুণ বাঁ-হাতি স্পিনার হর্ষ দুবে। তাঁর বিষাক্ত ঘূর্ণির মায়াজালে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাত্র ২০৯ রানে গুটিয়ে গেল মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে বিপক্ষের ১০ উইকেটের মধ্যে একাই ৯টি তুলে নিয়ে নজর কাড়লেন ২৩ বছরের এই প্রতিভাবান অলরাউন্ডার।

কেরিয়ারের সেরা বোলিং

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন মধ্যপ্রদেশের ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি হর্ষ। ২৩.১ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ঝুলিতে ৯ শিকার। ৪টি মেডেন-সহ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তাঁর সেরা স্পেল। পাশাপাশি রঞ্জির (Indian Domestic Cricket) ইতিহাসে বিদর্ভের কোনও বোলারেরও সেরা পারফরম্যান্স।

শুরুতেই সক্ষম পুরোহিত (২১) ও চঞ্চল রাঠোরকে (১৩) ফিরিয়ে ধাক্কা দেন তিনি। এরপর অধিনায়ক রজত পাটিদার মাত্র ২ রান করে হর্ষের শিকার হন। মধ্যপ্রদেশের হয়ে একদিক ধরে লড়েছেন কেবল অথর্ব মহাজন। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ৮৫ রান হাঁকান। সারানশ জৈনের সংগ্রহ ৩৪। আরশদ খান (১২) এবং কুমার কার্তিকেয়কেও (৭) প্যাভিলিয়নে ফেরান হর্ষ। শেষমেশ ৬৬.১ ওভারে ২০৯ রানে শেষ মধ্যপ্রদেশ (Vidarbha vs Madhya Pradesh)। বাকি একটি উইকেট নচিকেত ভুতের।

রেকর্ড গড়া মরশুম ও জাতীয় দল

ঘরোয়া ক্রিকেটে হর্ষের এই আগুনে ফর্ম অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মরশুমে রঞ্জিতে রেকর্ড গড়েছিলেন। বল হাতে ৬৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৭৬ রান। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই চলতি বছরের মে মাসে প্রথমবার জাতীয় দলে (Team India) ডাক পান। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজে সুযোগ মিলেছিল তাঁর। এরপর ১৩ জুন ওয়ানডে ক্রিকেটে অভিষেক। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলেও রয়েছেন এই তরুণ প্রতিভা।

বল হাতে একার দক্ষতায় বিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে আরও একবার জাতীয় দলের নির্বাচকদের দরজায় কড়া নাড়লেন হর্ষ। বুঝিয়ে দিলেন, লাল বলের ক্রিকেটে ভারতের স্পিন-বিভাগে বড়সড় ভরসা হতে তিনি সম্পূর্ণ প্রস্তুত।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0