World Cup 2026: রোনাল্ডোর অস্তরাগ, ইয়ামালের সূর্যোদয়! আজ ‘ইগো’র যুদ্ধে মুখোমুখি দুই প্রজন্ম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি পর্তুগাল ও স্পেন। ডালাসে ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম ১৮ বছরের লামিন ইয়ামালের ইগোর লড়াইয়ে বাজিমাত করবে কে?

Jul 06, 2026 - 17:14
0 0
World Cup 2026: রোনাল্ডোর অস্তরাগ, ইয়ামালের সূর্যোদয়! আজ ‘ইগো’র যুদ্ধে মুখোমুখি দুই প্রজন্ম

কালো চুলের নিচ দিয়ে উঁকি মারছে কালো রঙের একটি হেডব্যান্ড। ভাল করে লক্ষ করলে দেখা যায়, তাতে লেখা ‘ইগো ইয়ামাল’।

১৮ বছর বয়সি স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল টিকটকে তাঁকে নিয়ে হওয়া কটাক্ষকে এভাবেই আপন করে নিয়েছেন (Spain vs Portugal)। বিশ্বকাপের শেষ ষোলোর মেগা লড়াইয়ে আজ স্পেনের মুখোমুখি পর্তুগাল। যে ম্যাচ আসলে দুই প্রজন্মের, দুই ভিন্ন ‘ইগো’র টক্কর। একদিকে ফুটবল দুনিয়ায় সদ্য মহাতারকা ইয়ামাল, অন্যদিকে বিদায়বেলায় দাঁড়িয়ে থাকা ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

চোট সারিয়ে সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটেই গোল করেছিলেন ইয়ামাল। অস্ট্রিয়াকে হারানোর পর তাঁর হুংকার, ‘বিশ্বকাপ তো এবার শুরু হল। এখন আমি একশো শতাংশ ফিট। আবার নিজের ছন্দে ফিরেছি, দৌড়তে পারছি, ড্রিবল করছি। খুব খুশি।’

পেদ্রির সঙ্গে তুলনা এবং নিন্দুকদের প্রতি বার্তা

ইয়ামালের এই আত্মবিশ্বাসের নেপথ্যে রয়েছে তাঁর নিজস্ব ফুটবল-দর্শন। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক একবার তাঁকে উপদেশ দেন এই বলে, যে পেদ্রির মতো তাঁকেও বিপক্ষ সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাবে, তবে গোল করে তাদের সামনে উল্লাস করা উচিত নয়। এর জবাবে ইয়ামালের উত্তর ছিল, ‘আপনি কি মনে করেন, আমি গোল করে দলের সঙ্গে উল্লাস করলে বিপক্ষ সমর্থকরা আমাকে দুয়ো দেবে না? আমার তো তা মনে হয় না। আমি আর পেদ্রি এক নই। পেদ্রিকে দেখলে আন্দ্রেস ইনিয়েস্তার কথা মনে পড়ে, সবাই ওকে ভালবাসে। কিন্তু আমি আলাদা। অর্ধেক মানুষ আমাকে ভালবাসবে, বাকি অর্ধেক দুয়ো দেবে, আর এতে আমার কোনও সমস্যা নেই!’

ইয়ামাল মনে করেন, ‘এটাই তো ফুটবলের আসল মজা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুয়ো শুনেছে। লিওনেল মেসি দুয়ো শুনেছে। নেইমার, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপে... আমি এটা নিয়েই বাঁচি। আমি চাই না সবাই শুধু হাততালি দিক।’ (World Cup 2026)

প্রস্থানের মুখে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে লাভজনক ইগো’

ইয়ামাল যখন তাঁর কেরিয়ারের মধ্যগগনে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, তখন রোনাল্ডো রয়েছেন অস্তরাগে। ৪১ বছর বয়সে এসে বিলক্ষণ বুঝছেন, আগের মতো শারীরিক ক্ষমতা আর নেই। কিন্তু আত্মবিশ্বাস বা ‘ইগো’? আজও অটুট। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ডিরেক্টর জেনারেল হোর্হে ভালদানো একবার রোনাল্ডোকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে লাভজনক ইগো’ বলে দেগে দেন।

২০১৫ সালে নিজের সেরা ফর্মে থাকার সময় পর্তুগিজ তারকা নিজেই বলেছিলেন, ‘এটাই আমার সাফল্যের অংশ। আমি সেরা হওয়ার জন্যই জন্মেছি। আমি এমনই, আর ফুটবলে সমস্ত অর্জন যদি এর জন্যই হয়, তবে আমি কিছুই বদলাব না। অন্য মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে, সেই অবসেশন নিয়ে বাঁচা যায় না। স্বয়ং ঈশ্বরও সবাইকে খুশি করতে পারেন না।’ (FIFA World Cup 2026)

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গত ম্যাচে ১-১ অবস্থায় তাঁকে তুলে নেওয়া হয়। তবে কোনও ক্ষোভ না দেখিয়ে তিনি বেঞ্চে বসেই গঞ্জালো রামোসের জয়সূচক গোল উদযাপন করেন। ইগোকে ছাপিয়ে যায় পেশাদারিত্বের ওজন৷

ডালাসে মহাযুদ্ধ, কার হাতে উঠবে ব্যাটন?

তবু সবকিছুই কি স্বাভাবিকভাবে মেনে নেন?

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সময় তাঁর চোখেমুখে এক অদ্ভুত শূন্যতা দেখা গিয়েছিল। তিনি হয়তো বুঝতে পারছিলেন, এটাই বিশ্বকাপের মঞ্চে তাঁর শেষ মুহূর্ত হতে পারে। আজ ডালাসে যখন রোনাল্ডো এবং ইয়ামাল মুখোমুখি হবেন, তখন আসলে ফুটবলের দুই প্রজন্মের ইগোরই লড়াই জমে উঠবে (World Cup Knockout Stage)। রোনাল্ডো চাইবেন তরুণ তুর্কিকে তাঁর জায়গা বুঝিয়ে দিতে। অন্যদিকে, স্পেনের এই নতুন পোস্টার বয় মুখিয়ে থাকবেন নিজের সিংহাসন পাকা করতে। যদি স্পেন জিতে যায়, তবে হয়তো বিশ্বফুটবলের সবচেয়ে বড় ‘ইগো’কে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। ব্যাটন হাতবদলের এই চরম নাটকীয় মুহূর্তে গোটা ফুটবলবিশ্বের নজর এখন এই একটি ম্যাচের দিকেই।

ম্যাচ: পর্তুগাল বনাম স্পেন
তারিখ: মঙ্গলবার, ৭ জুলাই
ভারতীয় সময়: রাত ১২:৩০
ভেন্যু: ডালাস স্টেডিয়াম

পর্তুগালের সম্ভাব্য একাদশ:
দিওগো কোস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া; পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেয়াও; ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পেনের সম্ভাব্য একাদশ:
উনাই সিমোন; মার্কোস ইয়োরেন্তে, পাও কুবার্সি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; মিকেল মেরিনো, রদ্রি, পেদ্রি; লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User