World Cup 2026: পেনাল্টি কিক-ই ক্রোয়েশিয়া বক্সে রোনাল্ডোর একমাত্র টাচ! এখন শাক দিয়ে মাছ ঢাকাও দুষ্কর

২০২৬ ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হতশ্রী পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। পর্তুগালের মহাতারকার পরিসংখ্যান নিয়ে বিশেষ বিশ্লেষণ।

Jul 04, 2026 - 15:51
Updated: 8 hours ago
0 0
World Cup 2026: পেনাল্টি কিক-ই ক্রোয়েশিয়া বক্সে রোনাল্ডোর একমাত্র টাচ! এখন শাক দিয়ে মাছ ঢাকাও দুষ্কর

স্কোরশিটে তাঁর নাম জ্বলজ্বল করছে। একই দিনে ব্যক্তিগত ইতিহাসও গড়েছেন। তবু ম্যাচের পর আলোচনার কেন্দ্রে গোল নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামগ্রিক পারফরম্যান্স (Cristiano Ronaldo Performance)। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে (Portugal vs Croatia) পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে (World Cup Knockout Stage) প্রথমবার জালের দেখা পেয়েছেন পর্তুগাল অধিনায়ক। কিন্তু পরিসংখ্যান বলছে, গোটা ম্যাচে আক্রমণে তাঁর প্রভাব ছিল খুবই সীমিত। আর সেই কারণে উঠছে প্রশ্ন, ৪১ বছর বয়সে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত (FIFA World Cup 2026)?

গোল সত্ত্বেও অস্বস্তি

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৮১ মিনিট পর্যন্ত ময়দানে। সেই সময়ের মধ্যে প্রতিপক্ষের বক্সে মাত্র একবারই বল ছোঁয়ার সুযোগ পান রোনাল্ডো। আর সেই টাচ ৬৮ মিনিটের পেনাল্টি (Cristiano Ronaldo Penalty Goal)! যা সফলভাবে কনভার্ট করলেও খামতি ঢাকা মুশকিল। কোনও স্ট্রাইকার এমন পারফরম্যান্স দেখালে অধিকাংশ সময় হাফ টাইমেই বেঞ্চে বসেন। নয়তো বড় জোর ৬০-৬৫ মিনিট সুযোগ পান। রোনাল্ডো রইলেন পাক্কা ৮১ মিনিট!

বিশ্বকাপের নকআউট পর্বে জুটল প্রথম গোল। একই সঙ্গে ৪১ বছর ১৪৭ দিন বয়সে নকআউটে গোল করা সবচেয়ে প্রবীণ ফুটবলারের রেকর্ডও গড়লেন (Ronaldo Oldest Goalscorer)। কিন্তু গোলের বাইরে ম্যাচে তাঁর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। বল ধরে রাখা, জায়গা তৈরি করা বা সতীর্থদের সঙ্গে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও রোনাল্ডো ছন্দহীন (Goncalo Ramos vs Ronaldo)।

বদলির পরই পালটে গেল ম্যাচ

দেরি হল ঠিক। কিন্তু চলতি বিশ্বকাপে প্রথমবার রোনাল্ডোকে ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নিলেন কোচ রবার্তো মার্তিনেজ। ৮১ মিনিটে তাঁর বদলে মাঠে নামেন রুবেন নেভেস। পরিবর্তনের ফলে গনসালো রামোস উঠে যান লোন স্ট্রাইকারের ভূমিকায়। খানিক বাদে তার ফলও মেলে। যোগ করা সময়ে রাফায়েল লেয়াওয়ের ক্রস থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলে নায়ক রামোস। যে কাজ গোটা ম্যাচে রোনাল্ডো করতে ব্যর্থ, পরিবর্ত হিসেবে নেমে সেটাই করে দেখালেন তরুণ স্ট্রাইকার। যে কারণে স্বাভাবিকভাবে পর্তুগালের আক্রমণভাগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সংখ্যাই তুলছে নতুন প্রশ্ন

চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে ৫-০ জয়ের ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর। কিন্তু সেই ম্যাচ বাদ দিলে বাকি প্রতিযোগিতায় তাঁর ছাপ কতটুকু? ডিআর কঙ্গো এবং কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের দুই ড্র ম্যাচেও সিআরসেভেনের পারফরম্যান্স সমালোচিত।

স্পেন ম্যাচের আগে কঠিন সিদ্ধান্ত

শেষ ষোলোয় পর্তুগালের সামনে স্পেন। ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে ছোট ভুলেও বড়সড় মূল্য চোকাতে হতে পারে। তাই মার্তিনেজের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, অভিজ্ঞতার উপর ভরসা করবেন, নাকি বর্তমান ফর্মকে গুরুত্ব দেবেন!

রোনাল্ডো এখন পেনাল্টির মতো স্নায়ুচাপের মুহূর্তে নির্ভরযোগ্য। বড় ম্যাচের অভিজ্ঞতাও হয়তো তাঁর পক্ষে কথা বলে। কিন্তু ওপেন প্লে-র কার্যকারিতা আগের মতো নেই—ক্রোয়েশিয়া ম্যাচের পরিসংখ্যান অন্তত সে দিকেই ইঙ্গিত করছে। অন্যদিকে রামোস মাঠে নেমেই ম্যাচের গতি বদলে দিতে জানেন।

স্পেনের বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব কে দেবেন, সেটাই এখন পর্তুগিজ শিবিরের সবচেয়ে বড় নির্বাচন। আর সেই সিদ্ধান্তই হয়তো ঠিক করে দেবে, বিশ্বকাপে রোনাল্ডোদের পথ কতটা দীর্ঘ হবে।


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User