'আমাদের কাছে ফ্রেন্ডলি বলে কিছু নেই!' ভারতকে হালকাভাবে নিতে নারাজ অ্যান্সেলোত্তি

কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচকে বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৩ অক্টোবরের মেগা ম্যাচের আগে হুঙ্কার কোচ কার্লো অ্যান্সেলোত্তির।

Sep 23, 2026 - 19:41
0 0

কলকাতায় পা রাখার আগেই হুঙ্কার ছুড়ে দিলেন ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। কাগজে-কলমে নিছক প্রীতি ম্যাচ বা প্রদর্শনী লড়াই হলেও, ভারতকে বিন্দুমাত্র হালকাভাবে নিতে নারাজ সাম্বা ব্রিগেড। ইতালীয় ম্যানেজার স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রাজিলের অভিধানে 'ফ্রেন্ডলি' বলে কোনও শব্দই নেই!

'আমাদের কাছে কোনও ম্যাচই ফ্রেন্ডলি নয়'

র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের সিনিয়র দল এই প্রথম খেলতে আসছে ভারতে। দলে থাকছেন ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বমানের তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে সোজা কলকাতায় এন্ট্রি নেবে সাম্বা ব্রিগেড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্সেলোত্তি সাফ বলেন, 'সারা বিশ্বজুড়েই ব্রাজিলের সমর্থক ছড়িয়ে রয়েছে। ভারতে খেলতে যাওয়া আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে। শুধু সেখানে থাকা ব্রাজিল সমর্থক নয়, সামগ্রিকভাবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্যও বটে!' 

লড়াইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে ৬৭ বছর বয়সি বর্ষীয়ান কোচ যোগ করেন, 'এটা একটা প্রস্তুতি ম্যাচ, প্রীতি ম্যাচ ঠিকই। কিন্তু আমাদের কাছে কোনও ম্যাচ ফ্রেন্ডলি হতে পারে না। আমরা প্রতিটি খেলাকেই সমান গুরুত্ব ও পেশাদারিত্ব দিয়ে দেখি!' 

র‍্যাঙ্কিংয়ের পাহাড়প্রমাণ ব্যবধান, তবু সতর্ক ব্রাজিল

ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ১৩৮ নম্বরে। বিশ্বকাপ খেলা তো দূরস্ত, আন্তর্জাতিক মঞ্চে প্রথম সারির দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও ব্লু টাইগার্সদের নেই।

অন্যদিকে ফুটবলের কুলীন মঞ্চ শাসন করে এসেছে ব্রাজিল। ধারাবাহিকভাবে। এই আকাশ-পাতাল পার্থক্যের কথা মেনে নিয়েও অ্যান্সেলোত্তি কিন্তু প্রতিপক্ষকে খাটো করতে নারাজ। তাঁর কথায়, 'আমাদের নতুন দেশ, নতুন সংস্কৃতির মুখোমুখি হতে হবে। আমরা আলাদা আলাদা ঘরানার দলের বিরুদ্ধে খেলতেই অভ্যস্ত। ভারতের অভিজ্ঞতা হয়তো সে রকম নেই, কিন্তু ওরা কেমন ফুটবল খেলে সেটা আমাদের জানা দরকার!' 

কলকাতা নিয়ে রোমাঞ্চিত কোচ

ফুটবলের ইতিহাসে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী অন্যতম সফল কোচ অ্যান্সেলোত্তি। তবে ফুটবল-পাগল ভারতে তাঁর এর আগে কখনও আসা হয়নি। যুবভারতীর গর্জন আর শহরের ফুটবল উন্মাদনা প্রত্যক্ষ করতে মুখিয়ে রয়েছেন তিনি। কার্লো বলেন, 'আমি আগে কখনও ভারতে আসিনি। কলকাতার মতো ফুটবলপাগল শহরে দল নিয়ে যাওয়ার কথা ভেবে সত্যিই রোমাঞ্চিত!' 

পেলে ১৯৭৭ ও ২০১৫ সালে কলকাতার হৃদয় জিতে নিয়েছিলেন। এবার পূর্ণশক্তির ব্রাজিল নামবে যুবভারতীতে। দীর্ঘ বিশ্বকাপ খরা এবং সাম্প্রতিক টুর্নামেন্টের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সেলেকাওরা। তাই ভারতের মাটি থেকেই নিজেদের নিখুঁত ফুটবল প্রদর্শনী শুরু করতে চান অ্যান্সেলোত্তি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User