এশিয়ান প্যারা গেমসে ৩ বার জেতেন সোনা! আত্মঘাতী অ্যাথলিট নীরজ যাদব, কেন এমন সিদ্ধান্ত?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রীড়া জগত থেকে এবার একটি অত্যন্ত দুঃখের খবর সামনে এসেছে। মূলত, ভারতের অন্যতম সফল প্যারা-অ্যাথলিট আত্মহত্যা করেছেন। জানিয়ে রাখি যে, এশিয়ান প্যারা গেমসে ৩ বারের সোনাজয়ী নীরজ যাদবের (Neeraj Yadav) মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, তিনি মঙ্গলবার রাতে নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা (Suicide) করেন। অনুমান করা হচ্ছে, তিনি কোনও বিষাক্ত পদার্থ সেবন করেছিলেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে পদক জেতার পর নীরজ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করেছিলেন। উল্লেখ্য যে, ৪২ বছর বয়সি নীরজ যাদব এফ৫৫ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করতেন। ওই বিভাগটি শুধুমাত্র সিটে বসে খেলা খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ। তিনি বেশ কয়েকটি প্যারালিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তবে, ঠিক কোন কারণে নীরজ যাদবের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

Oct 28, 2026 - 15:33
এশিয়ান প্যারা গেমসে ৩ বার জেতেন সোনা! আত্মঘাতী অ্যাথলিট নীরজ যাদব, কেন এমন সিদ্ধান্ত?

এদিকে, ভারতের চিফ প্যারা-অ্যাথলেটিক্স কোচ এস. সত্যনারায়ণ ইতিমধ্যেই TOI-কে নিশ্চিত করেছেন যে তিনি জানতে পেরেছেন নীরজ যাদব আত্মহত্যা করেছেন। সত্যনারায়ণ বলেন, ‘হ্যাঁ, নীরজ আত্মহত্যা করেছে। আমি এটাই জানতে পেরেছি। আমাকে জানানো হয়েছে যে সে গত রাতে তার ফ্ল্যাটে বিষ পান করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।’ সত্যনারায়ণ অনুমান করছেন, নীরজ হয়তো বিষণ্ণতায় ভুগছিলেন। তিনি জানিয়েছেন, ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞার ফলে আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে খেলতে না পারায় নীরজ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।

উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ যাদব ছিলেন ভারতের অন্যতম প্রখ্যাত প্যারা-অ্যাথলিট। সাত বছর বয়সে পোস্ট পোলিও রেসিডুয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়া সত্ত্বেও, তিনি তাঁর স্বপ্নকে অনুসরণ করে প্যারা-অ্যাথলেটিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। প্যারা-অ্যাথলেটিক্সে প্রবেশের আগে, তিনি ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে প্রায় ৬ বছর হুইলচেয়ার টেনিস খেলেছেন। এরপর তিনি প্যারা-অ্যাথলেটিক্সে যোগ দেন এবং ২০১৫ সালে দিল্লি স্টেট অ্যাথলেটিক্স মিটে শট পুট, জ্যাভলিন ও ডিসকাস ইভেন্টে সোনা জিতে বড় সাফল্য অর্জন করেন। এরপর তিনি বিশ্ব মঞ্চেও নিজের নৈপুণ্য প্রদর্শন অব্যাহত রাখেন।

এদিকে, জাকার্তায় ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে নীরজ পুরুষদের এফ৫৫ জ্যাভলিন থ্রো ইভেন্টে ২৯.৮৪ মিটার দূরত্বে নিক্ষেপ করে এশিয়ান রেকর্ড গড়ে সোনা জয় করেন। এরপর ২০২৩ সালে চিনে সম্পন্ন হওয়া পরবর্তী এশিয়ান প্যারা গেমসে তিনি ২ টি ইভেন্টে সোনা জেতেন। জ্যাভলিনের পাশাপাশি তিনি ডিসকাসেও সোনাজয় করেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে, ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে সোনা জেতার পর নীরজ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় নীরজের ছবিও শেয়ার করেন। ২০২৩ সালেও প্রধানমন্ত্রী মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, কারণ সেই সময় তিনি দু’টি ভিন্ন খেলায় সোনা জেতেন।

তবে, ২০২৩ সালের অক্টোবরের পর নীরজের কেরিয়ার প্রায় শেষ হয়ে যায়। সেই সময়ে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তাঁকে সাসপেন্ড করে। বেঙ্গালুরুতে তাঁর স্যাম্পল টেস্টে অ্যানাবলিক স্টেরয়েড স্ট্যানোজোললের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0