কাল লিগ অভিযানে আর্সেনাল, সামনে কভেন্ট্রি সিটি, কামব্যাকের নতুন সংজ্ঞা লিখেছে এই ক্লাব

পঁচিশ বছরের নির্বাসন কাটিয়ে প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি। শুক্রবার প্রথম ম্যাচে সামনে চ্যাম্পিয়ন আর্সেনাল। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনি পড়ুন।

Aug 20, 2026 - 19:17
0 0
কাল লিগ অভিযানে আর্সেনাল, সামনে কভেন্ট্রি সিটি, কামব্যাকের নতুন সংজ্ঞা লিখেছে এই ক্লাব

শুক্রবার শুরু নতুন মরসুম। প্রিমিয়ার লিগে শিরোপারক্ষা করতে নামছে চ্যাম্পিয়ন আর্সেনাল (Arsenal)। প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি।

দীর্ঘ ২৫ বছরের নির্বাসন। তিনটি অবনমন, আর্থিক দেউলিয়া দশা। এমনকী নিজেদের শহর ছেড়ে অন্য মাঠে হোম ম্যাচ খেলার অসহ্য যন্ত্রণা। সব পেরিয়ে ফের ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে কভেন্ট্রি (Coventry City)। ফুটবলের ইতিহাসে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনি।

পতনের শুরু ও যাযাবর জীবন

আটের দশকে ইংল্যান্ডের শীর্ষ লিগে দাপট ছিল কভেন্ট্রির। ১৯৮৭ সালে এফএ কাপ জিতে নেয় তারা। কিন্তু ২০০১ সাল নাগাদ বদলে যায় সবকিছু৷ মে মাসে অ্যাস্টন ভিলার মাঠে অবনমন নিশ্চিত। টানা ৩৪ বছর পর প্রথম ডিভিশন থেকে ছিটকে যায় কভেন্ট্রি। গ্যালারিতে দাঁড়িয়ে জন মুলানি নামের এক সমর্থক প্ল্যাকার্ডে লিখেছিলেন, 'উই উইল বি ব্যাক'।

হয়তো তিনি ভেবেছিলেন এক বছরের ধাক্কা। কিন্তু আখেরে লেগে গেল আড়াই দশক! ২০০৫ সালে দীর্ঘদিনের ঘরের মাঠ হাইফিল্ড রোড ছাড়ে ক্লাব (Premier League)। ঠিকানা রিকো এরিনা। জমতে থাকে পাহাড়প্রমাণ ঋণের বোঝা। ২০০৭ সালে ক্লাবের মালিকানা নেয় সিসু ক্যাপিটাল নামের এক হেজ ফান্ড। স্টেডিয়ামের ভাড়ার চুক্তি নিয়ে আইনি টানাপড়েন।

ফলস্বরূপ ২০১৩ সালে ক্লাব নিজেদের দেউলিয়া ঘোষণা করে। মাঠের অভাবে নর্দাম্পটনের সিক্সফিল্ডস স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে বাধ্য হয় দল। নিজস্ব স্টেডিয়াম ফাঁকা পড়ে থাকে। ৩৫ মাইল দূরে হোম ম্যাচ খেলার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কেউই।

সমর্থকদের প্রতিবাদ ও বয়কট

নর্দাম্পটনে ম্যাচ বয়কট করেন হাজার হাজার সমর্থক। পাহাড়ের চূড়া থেকে খেলা দেখতেন স্কাই ব্লু ট্রাস্টের সদস্যরা। ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান ডেভ আইলসের কথায়, 'পাহাড় থেকে মাঠের অর্ধেকও দেখা যেত না। কিন্তু আমরা বার্তা দিতে চেয়েছিলাম। মালিকপক্ষকে বোঝাতে চেয়েছিলাম, তারা কী মারাত্মক ভুল করেছে।' আরেক প্রাক্তন চেয়ারম্যান মোজ বেকার বলেন, 'আস্তে আস্তে ভিড় কমছিল। আমার তো নর্দাম্পটনে যেতেই প্রবল অনীহা তৈরি হয়। হৃদয় ভেঙে গিয়েছিল।'

এরপর বার্মিংহ্যামেও হোম ম্যাচ খেলেছে দল (English Football League)। সমর্থকদের সঙ্গে মালিকানার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সিসু-র বিরুদ্ধে তুমুল ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। আইলসের দাবি, 'ফুটবল ক্লাব ফ্যানদের সম্পদ, কোনও বিনিয়োগকারীর নয়।'

উত্থান ও নতুন ভোর

২০১৭ সালে লিগ টুতে নেমে যায় কভেন্ট্রি। ম্যাকলসফিল্ড টাউন বা বেরি-র মতো বিলুপ্ত হয়ে যাওয়ার ভ্রুকুটি ছিল। তবে ম্যানেজার মার্ক রবিন্সের হাত ধরে শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। ওয়েম্বলিতে ইএফএল ট্রফি জয়। লিগ টু থেকে প্রোমোশন। ২০২০ সালে চ্যাম্পিয়নশিপে ফেরে দল। ২০২২ সালে অবশেষে সিসু-র হাত থেকে ক্লাব কেনেন ধনকুবের ডগ কিং (Doug King)। গত অগস্টে ২৫ মিলিয়ন পাউন্ডে নিজেদের স্টেডিয়ামের সম্পূর্ণ মালিকানাও বুঝে নেয় কভেন্ট্রি। ২০২৩ সালে প্লে-অফ ফাইনালে লুটন টাউনের কাছে হার। এরপর ২০২৪ সালের নভেম্বরে রবিন্সকে ছাঁটাই করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (Frank Lampard) দায়িত্ব দেয় বোর্ড।

মেগা লড়াইয়ের প্রস্তুতি

ল্যাম্পার্ডের জাদুতে বদলে যায় সবকিছু। গত মরসুমে চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফুটবল। তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হয়। সেই দিন গ্যালারিতে ফের দেখা গিয়েছিল মুলানির সেই বিখ্যাত প্ল্যাকার্ডের রেপ্লিকা। এবার লেখা, 'উই আর ব্যাক'।

ল্যাম্পার্ডের দল শক্তিশালী করতে ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছে ক্লাব। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে সামনে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল। 'উই উইল লিভ অ্যান্ড ডাই ইন দিজ টাউনস'—স্থানীয় ব্যান্ডের এই গানই এখন ক্লাবের অ্যান্থেম। আবেগ আর প্রত্যাবর্তনের নতুন শুরুর অপেক্ষায় প্রহর গুনছে গোটা কভেন্ট্রি শহর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User