ক্যানসারের ছোবলে ফুরোচ্ছে আয়ু! গ্লাসগোর পুলে নেমে মৃত্যুকে হারিয়ে দিলেন আর্চি

মস্তিষ্কে দুরারোগ্য ক্যানসার। তবুও হার না মানা লড়াই। গ্লাসগো কমনওয়েলথ গেমসের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালে নেমে নয়া ইতিহাস লিখলেন স্কটল্যান্ডের সাঁতারু আর্চি গুডবার্ন।

Jul 29, 2026 - 12:58
0 0
ক্যানসারের ছোবলে ফুরোচ্ছে আয়ু! গ্লাসগোর পুলে নেমে মৃত্যুকে হারিয়ে দিলেন আর্চি

খেলার ময়দানে মাঝেসাঝে ফলাফল, পদকপ্রাপ্তি নেহাতই গৌণ, তুচ্ছ হয়ে ওঠে। সংখ্যাতত্ত্ব বা রেকর্ড তখন অর্থহীন।

সোমবার এমনই বিরল ও বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল গ্লাসগো কমনওয়েলথ গেমস (Glasgow 2026)। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে স্কটল্যান্ডের সাঁতারু আর্চি গুডবার্ন শেষ করলেন সপ্তম স্থানে। পোডিয়ামে উঠলেন না, গলায় মেডেল ঝুলল না। কিন্তু পুল থেকে ওঠার সময় তিনি পদকের চেয়েও দামি কিছু জিতে নিলেন। পেলেন উপস্থিত হাজারো দর্শকের অন্তহীন সম্মান ও ভালোবাসা।

কারণ? তাঁর এই লড়াইটা শুধু জলের যুদ্ধে আটকে ছিল না। ছিল নিজের ক্রমশ ফুরিয়ে আসা জীবনের বিরুদ্ধে একচোট যুঝে নেওয়া। মৃত্যুভয়কে জয় করার অদম্য এক সংঘাত।

মারণরোগ ও পুলের লড়াই

এই ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার স্যাম উইলিয়ামসন। রুপো দক্ষিণ আফ্রিকার মাইকেল হউলি। ব্রোঞ্জ ইংল্যান্ডের অ্যাডাম রামসে-পিটির গলায়। তবে গ্যালারির সবচেয়ে জোরালো হাততালিটুকু বরাদ্দ ছিল শুধু আর্চির জন্য (Archie Goodburn)।

স্কটিশ রেকর্ডধারী। ব্রিটিশ চ্যাম্পিয়নও বটে। কিন্তু সমস্ত স্বপ্ন নিমেষে টাল খায় বছর দুই আগে৷ যখন চিকিৎসকরা জানিয়ে দেন, মস্তিষ্কে বাসা বেঁধেছে তিন-তিনটি টিউমার। এই ক্যানসার (Brain Cancer) সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়। অস্ত্রোপচারও কার্যত অসম্ভব।

এমন খবর যে কোনও চ্যাম্পিয়ন ক্রীড়াবিদের কেরিয়ার মুহূর্তে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আর্চি যে অন্য ধাতুতে গড়া! রোগকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে তিনি পুলে ফেরেন। চিকিৎসা চলে নিয়ম মেনে৷ আর তার মধ্যে চালিয়ে যান কঠোর অনুশীলন। শারীরিক যন্ত্রণাকে হেলায় হারান। মারণরোগের রক্তচক্ষু উপেক্ষা করে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ফাইনালে ওঠাই আর্চির কাছে ছিল এক অকল্পনীয় জয়! মেডেল সেখানে তুচ্ছ।

পদকের চেয়েও বড় স্বপ্ন

রেস শেষ হওয়ার পর তাঁর বলা কথাগুলো খেলার গণ্ডি এক লহমায় মুছে দিয়েছে। ভিজে উঠেছে অনুরাগীদের চোখ৷ আর্চি জানান, 'ফাইনালে ওঠা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তবে পুলের বাইরে আমি এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে ৪০ বছরের কম বয়সিদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ এই মস্তিষ্কের ক্যানসার হবে না। এই বদল আনতে ব্রিটিশ সরকার অবিলম্বে একটি ন্যাশনাল ব্রেন ক্যানসার লিগ (National Brain Cancer League) তৈরি করুক।'

এরপরই নিজের ব্যক্তিগত লড়াইকে বৃহত্তর প্রেক্ষাপটে ফেলেন এই স্কটিশ তারকা (Scottish Swimmer)। তাঁর কথায়, 'পুলের ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমি ওই স্বপ্নটাই আগে পূরণ হতে দেখতে চাই। সাধারণ পরিবার এবং তরুণরা এই রোগের জন্য যে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যায়, তা বেশিরভাগ মানুষের কল্পনার অতীত। বিশ্বমানের অ্যাথলিট হিসেবে আমি যা সহ্য করেছি, তার চেয়ে এই যন্ত্রণা অনেক বেশি।'

অদম্য সাহসের নতুন প্রতীক

চলতি আসরেই এলিট সাঁতারু থেকে ক্যানসার যোদ্ধাদের প্রবল কণ্ঠস্বর হয়ে উঠেছেন আর্চি। সচেতনতা, তহবিল ও গবেষণার দাবিতে তাঁর প্রচার এখন যে কোনও সোনা বা রুপোর পদকের চেয়েও দামি। ইউরোপিয়ান ও বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই তরুণ (Swimming News) নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে মারণরোগের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন। 

গ্লাসগোর পুলে তাঁর এই সপ্তম স্থান স্টপওয়াচের সেকেন্ডের হিসেবে হয়তো মনে রাখা হবে না। কিন্তু ইতিহাসের পাতায় চিরকাল আশাবাদের এক উজ্জ্বল প্রতীক আর্চি গুডবার্ন। শুধুই একটা পদক জেতার নাম যে সাফল্য নয়, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। পদকের ইঁদুরদৌড়ের জমানায় প্রমাণ করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানাই হল চূড়ান্ত জিত। যিনি লড়ে যান, তিনিই জীবনযুদ্ধের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User